সোনার দাম বাড়লেও দোকানে ক্রেতার ভিড়

নিউইয়র্ক নগরের জ্যাকসন হাইটস এলাকার জুয়েলারি দোকানগুলোতে হঠাৎ করে স্বর্ণালংকার বিক্রি বেড়ে গেছে। প্রতিদিন সোনার দোকানগুলোতে বিপুলসংখ্যক গ্রাহক ভিড় জমাচ্ছেন। সোনার গ্রাম উচ্চ মূল্য হলেও কোন প্রকার তোয়াক্কা করছে না গ্রাহকেরা। বিশেষ করে বেশির ভাগ ক্ষেত্রে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি গ্রাহকেরা সোনা কিনছেন বলে জানা গেছে। হঠাৎ করে বাড়তি মূল্য দিয়ে কেন সোনা কিনছেন, এমন প্রশ্নে একেকজন একেক কথা বলছেন।
কোভিড–১৯–এ অর্থনৈতিক মন্দা চলছে সব জায়গায়। ব্যবসা-বাণিজ্য ও চাকরির বাজার সংকুচিত হয়ে এসেছে। নিউইয়র্কে কয়েক লাখ মানুষ চাকরি হারিয়েছেন। নেতিবাচক পরিস্থিতির মধ্যে সোনার বাজারে ভিড় অনেকের কাছে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
করোনাভাইরাসের আগে ছোট–বড় ওজনের সোনার মূল্য প্রতি গ্রাম ৫০/৫৫ ডলার ছিল। গত কয়েক দিনে একই সোনার মূল্য প্রতি গ্রাম ৬৪ থেকে ৬৮ ডলারে উঠে গেছে। সোনার দাম বাড়তি হলেও গ্রাহকেরা তোয়াক্কা করছে না। বেশ উৎসাহ নিয়ে সোনা কিনছেন।
সোনার বাজারে বাড়তি মূল্য সম্পর্কে কুনদন জুয়েলার্সের সিইও ভিপন কুমার বলেন, বর্তমানে বেচা বিক্রি মোটামুটি ভালো। তবে সোনার দাম কেন বাড়তি, তিনিও তা জানেন না। তারা সোনার মূল্য প্রতি গ্রামে ৬৪/৬৫ ডলার চার্জ করেন।
মিতা জুয়েলার্সের নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী সেল পারসন বলেন, ইতিমধ্যে আমাদের সোনা বিক্রি বেড়ে গেছে। দাম বেড়ে যাওয়ার কথাও স্বীকার করেন। তবে এর কারণ তিনিও জানেন না।
সোনা জুয়েলার্স অব লন্ডনের ম্যানেজারের সঙ্গে আলাপকালে তিনি বলেন, করোনার প্রাদুর্ভাবের পর থেকে ব্যবসার অবস্থা ভালো নয়।
সোনা কিনতে আসা ক্রেতা তাসফিয়া আক্তার বলেন, ‘আমাদের পারিবারিক অনুষ্ঠান আছে, সে জন্য সোনা কিনতে এসেছি। দাম বেশি হলেও আমাদের সোনা কিনতেই হবে।’ অপর ক্রেতা আফিফা বেগম জানান, সরকার থেকে স্টিমুলাস ও বেকার ভাতা পেয়েছি। তাই নিজের ব্যবহারের জন্য কিছু সোনা কিনতে এসেছি।