সোনার বাংলাকে হারিয়ে ব্রঙ্কস ইউনাইটেড চ্যাম্পিয়ন

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি এক্সিট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ব্রঙ্কস ইউনাইটেড। গত ১৭ সেপ্টেম্বর বিকেলে সিটির এলমহার্স্টস্থ নিউটাউন অ্যাথলেটিক মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ২-১ গোলে সোনার বাংলাকে হারিয়েছে।
অপরদিকে এক্সিট ফুটবল লিগের খেলায় পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ১৭ পয়েন্ট নিয়ে সোনার বাংলা চ্যাম্পিয়ন আর ১৬ পয়েন্ট নিয়ে ব্রঙ্কস ইউনাইটেড রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে এবারের লিগ ও টুর্নামেন্ট চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলসহ বিভিন্ন পর্যায়ে কৃতি খেলোয়াড় ও দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জাতিসংঘের বাংলাদেশ মিশনে নিযুক্ত সাবেক স্থায়ী প্রতিনিধি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এ কে আবদুল মোমেন।
এক্সিট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আক্রমণ পাল্টা-আক্রমণের মধ্য দিয়ে খেলা এগিয়ে চলে। প্রথমার্ধের ৩ মিনিটের সময় সোনার বাংলা’র অনিক কর্নার কিক থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এরপর ৩৫ মিনিটে ব্রঙ্কস ইউনাইটেডের মারুফ ফ্রি কিক থেকে গোল করে খেলায় সমতা ফেরান। শেষ পর্যন্ত ১-১ গোলে খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পর অতিরিক্ত আরও ২০ মিনিট খেলার সিদ্ধান্ত হয়। এই সময়ে প্রথমার্ধের ১০ মিনিট খেলা গোল শূন্য ড্র থাকে। পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রঙ্কস ইউনাইটেডের সামি জয়সূচক গোলটি করেন।
খেলা শুরু হওয়ার আগে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন।
খেলা শেষে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন আবদুল মোমেন। স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পর্ব পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল বাসিত খান বুলবুল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন, অ্যাটর্নি মঈন চৌধুরী, লীগ ও টুর্নামেন্টের গ্র্যান্ড স্পনসর এক্সিট কার অ্যান্ড লিমো সার্ভিস-এর স্বত্বাধিকারী শমসের আলী। এ ছাড়াও স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ, কামাল আহমেদ, ছদরুন নূর, আব্দুর রহীম বাদশা, শামছুল আবেদিন, আতাউর রহমান সেলিম, আজম চৌধুরী, জুনেদ আহমেদ চৌধুরী, মো. আব্দুর নূর ভূঁইয়াসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা; সহ সভাপতি আবদুল হাসিম হাসন, মেজবা আবেদিন, সহ সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, দপ্তর সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, ফখরুল ইসলাম দেলয়ার, জহির উদ্দিন জুয়েল, সৈয়দ এনায়েত আলী, তোফায়েল ইসলাম, আবু তাহের আছাদ, মফিজুল ই, মো. সাদী মিন্টু, জে মোল্লা সানি, আবদুল কাদির লিপু, মো. রশিদ রানা, রফিকুল ইসলাম ডালিম ও পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এক্সিট লিগ চ্যাম্পিয়ন সোনার বাংলা (সৌজন্যে মফিজুল ইসলাম রুমি) ও রানার্সআপ ব্রঙ্কস ইউনাইটেড (সৌজন্যে শাহদাত হোসেন ও ইফতেখার উজ জামান) এবং টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ব্রঙ্কস ইউনাইটেড (সৌজন্যে আহমেদ এ হাকিম) ও রানার্সআপ দল সোনার বাংলা (সৌজন্যে ফহমা, ফাহাদ সোলেমান যুগ্ন সম্পাদক জেবিবিএ) সহ লিগের এমভিপি সিদ্দিক (ব্রঙ্কস ইউনাইটেড), বেষ্ট ডিফেন্ডার অনিক (সোনার বাংলা), হাই স্কোরার রকি (ব্রঙ্কস স্টার, ৫ গোল), ইয়ং রাইজিং স্টার দেলোয়ার (ব্রাদার্স অ্যালায়েন্স), ফেয়ার প্লে দল ব্রঙ্কস স্টার এবং বেস্ট গোল কিপার হিসেবে রাহুল (ওজন পার্ক এফসি)-এর হাতে ট্রফি তুলে দেওয়া হয়। অপরদিকে এক্সিট টুর্নামেন্টে এমভিপি হওয়ার গৌরব অর্জন করেন ব্রঙ্কস ইউনাইটেডের সামি।
প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ১৯৯৫ সাল থেকে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা নিউইয়র্কে ফুটবল লিগ আয়োজন করে আসছে। এর আগে অনুষ্ঠিত লিগগুলো ছিল শীর্ষ স্পনসরদের নামে ‘ঠিকানা ফুটবল লিগ’, ‘সোনালি এক্সচেঞ্জ ফুটবল লিগ’, ‘এটিএন বাংলা ফুটবল লিগ’, ‘পরিচয় ফুটবল লিগ’। এবার অনুষ্ঠিত হলো ‘এক্সিট ফুটবল লিগ’ নামে।