সোনালীর মাধ্যমে ৬ মাসে ৪৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স
রেমিট্যান্স কোম্পানিগুলোর সঙ্গে পাল্লা দিয়ে নিউইয়র্কের সোনালী এক্সচেঞ্জ প্রবাসীদের অর্থ পাঠানোর দিক থেকে এখন শীর্ষে উঠে এসেছে। নানা সুযোগ-সুবিধার টোপ দিয়েও বেসরকারি রেমিট্যান্স কোম্পানিগুলো প্রবাসীদের সেভাবে আকৃষ্ট করতে করতে পারছে না। অন্যদিকে কোন কোন কোম্পানির অসদাচরণের ফলে ক্ষোভের মাত্রা বাড়ায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়া রেমিট্যান্স কোম্পানিগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সোনালী এক্সচেঞ্জ ইনক সোনালী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান। এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, ২৪ জুন পর্যন্ত ৬ মাস পরিসরে সোনালী এক্সচেঞ্জের ১০টি শাখার মাধ্যমে ৬৫ হাজার ২৭১ জন প্রবাসী প্রায় ৪৭ মিলিয়ন ডলার বাংলাদেশে পাঠিয়েছেন। আগের বছর একই সময়ে ৬২ হাজার ৯৭৪ জন পাঠিয়েছিলেন ৪৫ দশমিক ৬২ মিলিয়ন ডলার। অর্থাৎ রেমিট্যান্স পাঠানো প্রবাসীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি পাঠানো অর্থের পরিমাণও এবার বেড়েছে। এটি সম্ভব হয়েছে সোনালী এক্সচেঞ্জ প্রশাসনের জনসংযোগে অধিকতর মনোযোগী হওয়ার কারণে।
হুন্ডির মাধ্যমে কষ্টার্জিত অর্থ স্বজনের কাছে পাঠানোর মধ্যে সাময়িক কিছু লাভ থাকলেও দীর্ঘমেয়াদি বিবেচনায় এটি লাভজনক নয়। হুন্ডিতে দেশে অর্থ পাঠিয়ে প্রেরকেরা যে ক্রমাগত অপরাধ করে চলেছেন, তা সাধারণ প্রবাসীদের বোঝাতে সক্ষম হয়েছেন সোনালী এক্সচেঞ্জের কর্মকর্তারা। শুধু তাই নয়, দ্রুততম সময়ে গন্তব্যে অর্থ পাঠাতেও শতভাগ কৃতিত্ব সোনালী এক্সচেঞ্জ সাম্প্রতিক সময়ে অর্জন করেছে বলে অনেকেই মত প্রকাশ করেছেন। রেমিট্যান্সের সুফল তারই সুফল।
২০১৭ সালের জানুয়ারি থেকে ২৪ জুন পর্যন্ত ৫৭ হাজার ৪৭ প্রবাসী পাঠিয়েছিলেন প্রায় ৩৯ মিলিয়ন ডলার। সে সময়ে সিইও ছিলেন মো. আতাউর রহমান। ২০১৮ সালের জানুয়ারি থেকে সিইওর বদলির পর সে দায়িত্ব পালন করছেন জ্যাকসন হাইটস শাখার ম্যানেজার মো. জহুরুল ইসলাম।
অনুসন্ধানে জানা গেছে, নিউইয়র্ক অঞ্চলের কয়েকটি রেমিট্যান্স কোম্পানি থেকে একবার কেউ স্বজনের কাছে টাকা পাঠালে পরে তার নাম-ঠিকানা ব্যবহার করে বিপুল অর্থ বাংলাদেশে পাঠানো হয়। প্রেরকের অগোচরে এমন অনৈতিক কাজ করা হচ্ছে বলে জানা গেছে। এ নিয়ে দেন-দরবারও হয়েছে কয়েক দফা। কিন্তু তাতেও কাজ না হওয়ায় প্রবাসীরা সোনালী এক্সচেঞ্জকেই নির্ভরযোগ্য মনে করছেন। কারণ, সামান্য কিছু টাকার জন্য কেউই বিপদ ডেকে আনতে চান না বলে সংশ্লিষ্ট প্রবাসীরা জানিয়েছেন। এ বছর বাজেটে অর্থ গন্তব্যে পৌঁছার পর বাংলাদেশ সরকার কর্তৃক বোনাস প্রদানের ঘোষণায় সোনালী এক্সচেঞ্জের প্রতি প্রবাসীরা ঝুঁকবে বলেই মনে করা হচ্ছে।