সোভিয়েত-উত্তর সবচেয়ে বড় মার্কিন সেনা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব ইউরোপ, বিশেষ করে বাল্টিক অঞ্চলে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন ঠেকানোর প্রস্তুতির অংশ হিসেবে জার্মানিতে বাড়তি সেনা ও সমরাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে সেখানে এ পর্যন্ত সবচেয়ে বড় মার্কিন সমরাস্ত্র ও সেনার চালান এটি।

জার্মানির উত্তরাঞ্চলের ব্রেমারহ্যাভেন বন্দরে গতকাল শুক্রবার পুরো চালানের প্রথম অংশটি খালাস করা হয়। কয়েক ধাপে সেখানে মোট ৮৭টি ট্যাংক ও নানা ধরনের ১৪৪টি সামরিক যান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এসব সামরিক সরঞ্জাম ছাড়াও সাড়ে তিন হাজার মার্কিন সেনা ন্যাটো অঞ্চলের পূর্ব সীমান্তে মোতায়েন করা হবে।

মনে করা হচ্ছে, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির বিষয়টি রাশিয়ার সঙ্গে তার উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

আগামী দুই সপ্তাহ ধরে জার্মানির ব্রাডেনবুর্গ রাজ্যের মধ্য দিয়ে মার্কিন ব্রিগেডগুলো নেওয়া হবে। এগুলো প্রথমে পোল্যান্ডে জড়ো করা হবে। সেখান থেকে ওই অঞ্চলের সাতটি দেশে, এস্তোনিয়া থেকে বুলগেরিয়ায় পালাক্রমে মোতায়েন হতে থাকবে। তবে এর সদর দপ্তর থাকবে জার্মানিতে।

জার্মানির ব্রাডেনবুর্গ রাজ্যের বামপন্থী সরকারের নেতারা বিষয়টি নিয়ে আবারও রাশিয়ার সঙ্গে আলাপ-আলোচনা করার তাগিদ দিয়েছেন।

ইউরোপে নতুন এই ব্রিগেড পাঠানোকে ‘অপারেশন আটলান্টিক রিজলভ’ শীর্ষক মার্কিন অভিযানের নতুন ধাপের সূচনা হিসেবে দেখা হচ্ছে। ওই অভিযানের অংশ হিসেবে পালা করে আগামী নয় মাস ইউরোপে মার্কিন সশস্ত্র ব্রিগেডের অভিযান পরিচালনাকারী দলের উপস্থিতি থাকবে।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ন্যাটোভুক্ত অন্য দেশগুলোও পূর্ব ইউরোপে সেনা উপস্থিতি বাড়াচ্ছে। যুক্তরাজ্য কৃষ্ণসাগর এলাকায় যুদ্ধবিমান জড়ো করছে। ফ্রান্স ও ডেনমার্কও এস্তোনিয়ায় সেনা মোতায়েন করতে যাচ্ছে। জার্মানি লিথুয়ানিয়ায় সেনা ও ট্যাংক পাঠানোর পরিকল্পনা করছে। সম্প্রতি বাল্টিক অঞ্চলের এসব ছোট দেশ উদ্বেগ প্রকাশ করে বলেছে, রাশিয়া তাদের ভূখণ্ডে যেকোনো সময় হানা দিয়ে বসতে পারে।