সোয়েটারে কোকেনের বিজ্ঞাপন ক্ষমা চেয়েছে ওয়ালমার্ট

বিখ্যাত সুপার স্টোর ওয়ালমার্টের কানাডার ওয়েবসাইটে ক্রিসমাসের সোয়েটার বিক্রি করেছিল। এ পর্যন্ত কোনো সমস্যা ছিল না। কিন্তু বিপত্তি বাঁধাল প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি ওই সোয়েটারে থাকা কোকেনের বিজ্ঞাপন। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। এ অবস্থায় সবার কাছে ক্ষমা চেয়েছে ওয়ালমার্ট।
৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। শালীনতাবোধকে আহত করে এমন কয়েকটি মৌসুমি সোয়েটারের সঙ্গে সান্তা ও কোকেনের ছবি দিয়ে করা সোয়েটারটি সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। এ অবস্থায় ওয়ালমার্ট তাদের দোকান থেকে সোয়েটারটি প্রত্যাহার করে।
ওয়ালমার্ট আউটলেট স্টোরের এক মুখপাত্র জানান, সোয়েটারগুলো ওয়ালমার্ট, কানাডায় তৃতীয় পক্ষের বিক্রয়কারীরা বিক্রি করেছিলেন, যা ওয়ালমার্টের মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না। ওয়ালমার্টের ওয়েবসাইটে এর কোনো স্থান নেই। তিনি বলেন, ‘আমরা বাজার থেকে এই পণ্যগুলো সরিয়ে নিয়েছি। এটি একটি অনিচ্ছাকৃত অপরাধ। এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’