সোশ্যাল সিকিউরিটি বেনিফিট কমিয়ে দেওয়ার নতুন প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন একটি দিন খুব কমই যায় যেদিন ট্রাম্প প্রশাসন নতুন কোনো নীতি কার্যকর করতে প্রস্তাব না রাখে। কিছু না কিছু নীতি পরিবর্তন, নতুন নীতি যোগ করা ট্রাম্প প্রশাসনের প্রতিদিনকার কাজ। তবে তাদের সর্বশেষ প্রস্তাব ১০ বছরের মধ্যে সোশ্যাল সিকিউরিটি ডিজঅ্যাবিলিটি বেনিফিটের ২.৬ বিলিয়ন ডলার হ্রাস করবে বলে ধারণা করা হচ্ছে।

এই কার্যক্রমের লাখ লাখ সুবিধাভোগী তাদের অক্ষমতাটিকে পুনরায় প্রমাণ করার জন্য প্রতি দুই বছরে প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে হবে। ধারণা করা হচ্ছে, এ কারণে কয়েক হাজার মানুষ তাদের সুবিধা হারাতে পারেন।

এমন নাটকীয় সিদ্ধান্ত আগেও দেখা গেছে। এর আগে ডোনাল্ড রিগ্যান প্রশাসন একই নীতি প্রয়োগ করেছিল। ডাউন সিনড্রোম, সেরিব্রালপালসী, গুরুতর মানসিক অসুস্থতা এমনকি টার্মিনাল ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের বলা হয়েছিল যে, তারা আর অক্ষম নন এবং তাদের সব সুবিধা বন্ধ করা হয়েছিল। সে সময় ৫০ লাখ লোক সুবিধা হারায়। এতে অনেক মানুষ মারা যায়, অনেকে আত্মহত্যা করে। ১৮টি স্টেটে বিদ্রোহের সূত্রপাত ঘটেছিল, যারা এই নীতি কার্যকর করতে অস্বীকার করেছিল। শেষ পর্যন্ত কংগ্রেসের একটি বিরল সর্বসম্মত ভোটের মাধ্যমে ১৯৮৪ সালে দুঃস্বপ্নের এই নীতির অবসান ঘটে।

নতুন নিয়মের কারণে বেনিফিটগুলোর জন্য যোগ্যতা প্রমাণ করা একটি কঠিন প্রক্রিয়া, যা কয়েক বছর না হলেও কয়েক মাস সময় নিতে পারে। শত শত এমনকি হাজার হাজার পৃষ্ঠা ভর্তি চিকিৎসার প্রমাণ থাকতে হবে। সাম্প্রতিক সময়ে ৬০ শতাংশেরও বেশি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

বর্তমানে সুবিধাভোগীদের জন্য সোশ্যাল সিকিউরিটি বেনিফিট প্রতি মাসে গড়ে ১,২০০ ডলার এবং পরিপূরক সুরক্ষা (ফুড্ট্যাম্প/ক্যাশ অ্যাসিস্ট্যান্ট) ৫৩৬ ডলার। ট্রাম্প প্রশাসনের এই নতুন প্রস্তাব কার্যকর হলে এই সব সুবিধা বন্ধ হয়ে যাবে এবং এটি সুবিধাভোগীদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াবে।

ট্রাম্প প্রশাসনও রিগ্যানের আমলের মতো দাবি করেছে, প্রস্তাবটি দক্ষতার সঙ্গে করা হয়েছে। নতুন নীতিটি পরিচালনার জন্য ১০ বছরে প্রায় ১.৮ বিলিয়ন ডলার ব্যয় হবে। সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের সিনিয়র ফেলো রেবেকা ভালাস বলেছেন, ট্রাম্পের বাকি নিরাপত্তা সুবিধা বাতিলের মতোই এই নীতিটিও নিষ্ঠুরতার একটি বিষয় বলে মনে করা হচ্ছে।