সৌদি আরবে আহবাব চৌধুরীকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াদে বিভিন্ন বাংলাদেশি সংগঠন ও কমিউনিটি নেতৃবৃন্দ আহবাব চৌধুরীকে সংবর্ধনা জানায়।
রিয়াদে বিভিন্ন বাংলাদেশি সংগঠন ও কমিউনিটি নেতৃবৃন্দ আহবাব চৌধুরীকে সংবর্ধনা জানায়।

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সহসভাপতি ও বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আহবাব চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে সৌদি আরবের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠন ও নেতৃবৃন্দ। ওমরা পালন শেষে ২০ ফেব্রুয়ারি দুপুরে রিয়াদ পৌঁছালে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
আহবাব চৌধুরী ওমরাহ পালন শেষে রিয়াদ যান। সেখানে বিভিন্ন বাংলাদেশি সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভ্যর্থনা জানান। পরে গ্রিন ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও সিলেট বিভাগ পরিষদের সাবেক সভাপতি আব্দুল আজিজ মাসুক আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেন তিনি। এ সময় কমিউনিটির অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই দিন সন্ধ্যায় জালালাবাদ অ্যাসোসিয়েশন অব রিয়াদ স্থানীয় এক রেস্তোরাঁয় মতবিনিময় সভার আয়োজন করে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রুকন ইবনে ফয়েজী, সাবেক সভাপতি ও উপদেষ্টা আব্দুর রহমান চৌধুরী, সহসাধারণ সম্পাদক মোক্তাদির হোসেন ও কুলাউড়া প্রবাসী পরিষদের সভাপতি খালেদ শাহাবুদ্দীন। সভায় সারা বিশ্বের সব জালালাবাদ অ্যাসোসিয়েশনের মধ্যে সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরদিন ২১ ফেব্রুয়ারি আহবাব চৌধুরী সিলেট বিভাগ প্রবাসী পরিষদ আয়োজিত পিঠা উৎসব ও বনভোজনে যোগ দেন। সংগঠনের সভাপতি মামুনুর রসীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একলাসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সহসভাপতি আহবাব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল খায়ের, উপদেষ্টা ও সাবেক সভাপতি আব্দুল আজিজ মাসুক, উপদেষ্টা সৈয়দ মাহমুদ আলী শাহ, আলীম উদ্দিন মাহমুদ ও এরশাদ আলী। বক্তব্য রাখেন সহসভাপতি ইব্রাহিম আলী ও নাজিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক মিসবাহ তরফদার, সাংগঠনিক সম্পাদক এম খালেদ শাহাবুদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে আহবাব চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট ও একুশের আলপনা আঁকা পাঞ্জাবিসহ বিভিন্ন উপহার দেওয়া হয়।
একই দিন বিকেলে রিয়াদ বাংলাদেশ থিয়েটার আয়োজিত একুশের কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আহবাব। কবি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্রিসেন্ট সোসাইটি সভাপতি আব্দুল আজিজ মাসুক, সিলেট বিভাগ পরিষদের সভাপতি মামুনুর রসিদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।
রাতে আহবাব চৌধুরীর সম্মানে নগরীর নায়াগ্রা হোটেলে প্রবাসী কুলাউড়া পরিষদ এক সংবর্ধনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি শাহাবুদ্দীন খালেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনফর আলী ও সহসাধারণ সম্পাদক শাকিল রশিদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শাহ মাহমুদ আলী, উপদেষ্টা রুকন ইবনে ফয়েজি, ধলা মিয়া ও ইমাদ উদ্দিন হেলাল। বক্তব্য রাখেন আবুল কালাম, ফারুক রসীদ চৌধুরী, তৌহিদুর রহমান চৌধুরী ও মাসুদ বস্ক। নৈশভোজর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।