সৌদিকে নিয়ে গোপন করা প্রতিবেদন প্রকাশ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণে বেঁচে যাওয়া লোকজন সৌদি আরবকে নিয়ে যুক্তরাজ্য সরকারের গোপন করা একটি প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের প্রতি অনুরোধ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী থেরেসা মের কাছে এক চিঠি লিখে এ অনুরোধ জানিয়েছেন বেঁচে যাওয়া এই ব্যক্তিরা। যুক্তরাজ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডে সৌদি আরবের কথিত অর্থায়নের প্রসঙ্গে প্রতিবেদন রয়েছে বলে এর আগে প্রকাশিত গণমাধ্যমের খবরে দাবি করা হয়।

সিরিয়ায় যুক্তরাজ্যের বিমান হামলা চালানোর বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটিতে সমর্থন আদায়ের লক্ষ্যে একটি চুক্তির অধীন এ প্রতিবেদন তৈরির উদ্যোগ নেয় থেরেসা মের পূর্বসূরি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সরকার। ব্রিটেনে সন্ত্রাসী কর্মকাণ্ডে সৌদি আরবসহ কয়েকটি দেশের অর্থায়নের তাৎপর্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

গত সপ্তাহে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী আমবার রুড বলেছেন, ব্যক্তিগত তথ্য সন্নিবেশিত থাকায় ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এই প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না। এর প্রতিক্রিয়ায় গ্রিন পার্টির নেতা ক্যারোলাইন লুকাস এমন ইঙ্গিত দিয়ে বলেন, সৌদি আরবের বিরুদ্ধে সমালোচনার অনীহাই প্রতিবেদনটি প্রকাশে অনিচ্ছার কারণ। দেশটির সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘদিনের কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।

এ অবস্থায় ৯/১১ হামলায় বেঁচে যাওয়া ব্যক্তি ও নিহত প্রায় ৩ হাজার মানুষের কারও কারও স্বজনের প্রতিনিধিত্বকারী একটি গ্রুপ থেরেসা মের প্রতি প্রতিবেদনটি প্রকাশ করার অনুরোধ জানিয়ে ওই চিঠি দিয়েছে। ১৫ জনের সই করা চিঠিতে বলা হয়, সন্ত্রাসবাদে অর্থায়ন নিয়ে ওই প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলায় প্রাণহানি বন্ধে এখন এক অনন্য সুযোগ রয়েছে দেশটির। চিঠিতে দাবি করা হয়, ‘সৌদি আরবকে নিয়ে জটিলতা যত দিন আড়াল করে রাখা হবে, তত দিন সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকবে। তাদের অবশ্যই থামাতে হবে।’ এতে আরও বলা হয়, ‘সম্পূর্ণ বা অসম্পূর্ণ যে অবস্থায়ই প্রতিবেদন থাকুক, আমরা তা প্রকাশের অনুরোধ জানাই।’