স্কাউট জাম্বুরিতে বক্তব্য দিয়ে তোপের মুখে ট্রাম্প
মার্কিন বয় স্কাউটদের জাম্বুরিতে রাজনৈতিক বক্তব্য দিয়ে অভিভাবকদের তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৩৫ হাজার স্কাউটের সামনে ‘রাজনীতি নিয়ে কে কথা বলতে চায়?’ বলে নিজের বক্তব্য শুরু করলেও ৩৫ মিনিট ধরে পুরোদস্তুর রাজনৈতিক বক্তব্যই রেখেছেন তিনি। এতে হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা কিংবা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যর্থতা কোনো কিছুই বাদ পড়েনি।
ওয়েস্ট ভার্জিনিয়ার বিভারে ২৪ জুলাই স্কাউটদের এ সম্মিলন বা জাম্বুরি অনুষ্ঠিত হয়। রীতি অনুযায়ী এতে আমন্ত্রণ জানানো হয় প্রেসিডেন্ট ট্রাম্পকে। এতে উপস্থিত হয়ে ট্রাম্প শুরুতে ‘রাজনীতি নিয়ে কথা বলতে চান না’ এমন ইঙ্গিত দিলেও তাঁর পুরো বক্তব্যটিই ছিল রাজনৈতিক। এতে তিনি বারাক ওবামা ও হিলারি ক্লিনটনের তীব্র সমালোচনা করেন। বাদ যায়নি চিরাচরিত রাজনৈতিক কাদা-ছোড়াছুড়ি মানসিকতাও। আর এতেই স্কাউটদের অভিভাবকেরা চটেছেন বলে জানিয়েছে বিবিসি।
এক অভিভাবক টুইটার পোস্টে এর তীব্র সমালোচনা করে লেখেন, ‘একজন দাম্ভিক ও মিথ্যাবাদীর কথা শুনতে আমার সন্তান সেখানে যায়নি।’ একই রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন লায়লা রাইস নামের আরেক অভিভাবক। এক টুইটার পোস্টে তিনি লেখেন, ‘ট্রাম্পের বক্তব্য তাঁর নীতিরই বিরুদ্ধে যায়। আমার ছেলে কোনো প্রেসিডেন্টের রাজনৈতিক ক্রীড়নক হতে ওই সম্মিলনে যোগ দেয়নি।’
আরেক সাবেক স্কাউট ও অভিভাবক আশা রাঙ্গাপ্পা লেখেন, ‘স্কাউট পরিবারের সদস্য হিসেবে এটা আমার কাছে অনেক ভয়াবহ মনে হয়েছে। আমার সন্তানও একজন স্কাউট। তবে আমি খুশি যে, সে এ সময় জাম্বুরির বদলে একটি ক্যাম্পে ছিল। এটি চূড়ান্ত হতাশাজনক।’
আমেরিকায় প্রতি চার বছর পরপর বয় স্কাউট জাম্বুরি হয়ে থাকে। এতে ১২ থেকে ১৮ বছর বয়সী ৩০ থেকে ৩৫ হাজার স্কাউট যোগ দেয়। রীতি অনুযায়ী বিশেষ এ সম্মিলনে আমন্ত্রিত হন মার্কিন প্রেসিডেন্ট। সাধারণত এ ধরনের আয়োজনে রাজনীতি এড়িয়ে সাম্য ও ঐক্যের আহ্বান জানান প্রেসিডেন্ট। কিন্তু এবার এর ব্যত্যয় হয়েছে। ট্রাম্প শুধু রাজনৈতিক বক্তব্যই দেননি, তাঁর এ বক্তব্য তরুণদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী মনোভাব উসকে দেবে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে এরই মধ্যে জাম্বুরি থেকেও একটি সতর্কতা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘দেয়াল তোলো’, ‘তাকে (হিলারিকে) গ্রেপ্তার করো’ ধরনের অনেক স্লোগান উচ্চারিত হয়েছে। এসবই বিভেদমূলক, যা অহেতুক সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক আচরণ করার আহ্বান জানানো হচ্ছে।