স্কালিয়ার শূন্য স্থান পূরণ নিয়ে হুলুস্থুল
মার্কিন সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি আন্তোনিন স্কালিয়ার তিরোধানে সর্বোচ্চ আদালতে যে আটজন বিচারপতি থাকলেন, তাঁদের চারজন রক্ষণশীল, বাকি চারজন উদারনৈতিক হিসেবে পরিচিত। স্কালিয়ার কারণে এত দিন আদালতের অনেক সিদ্ধান্তই রক্ষণশীলদের পক্ষে গেছে। এখন প্রেসিডেন্ট বারাক ওবামার সামনে সুযোগ একজন উদারনৈতিক বা মধ্যপন্থীকে বিচারপতি মনোনয়ন দেওয়ার।
মার্কিন সংবিধান অনুসারে বিচারপতি মনোনয়নের দায়িত্ব প্রেসিডেন্টের, তবে সিনেটের সম্মতি সাপেক্ষেই কেবল তিনি দায়িত্ব গ্রহণে সক্ষম হবেন। সিনেটের রিপাবলিকান নেতা সিনেটর মিচ ম্যাককনেল স্কালিয়ার মৃত্যুর খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষমতার শেষ বছরে কাউকে মনোনয়ন না দিতে ওবামাকে সাবধান করে দেন। রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লড়াইয়ে থাকা ছয় নেতাও বলেছেন, ওবামার উচিত নতুন প্রেসিডেন্টের হাতে বিষয়টি ছেড়ে দেওয়া।
স্কালিয়ার উত্তরসূরি যিনিই হোন না কেন, তাঁর হাতেই সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এর মধ্যে রয়েছে: গর্ভপাত, শ্রমিক ইউনিয়নে বাধ্যতামূলক চাঁদা, অভিবাসন প্রশ্নে ওবামার নির্বাহী আদেশ ও সর্বোপরি ‘ওবামাকেয়ার’ নামে পরিচিত স্বাস্থ্যবিমা আইন।
ওবামা সম্ভবত নিম্ন আদালতে এর আগে সিনেট কর্তৃক গৃহীত হয়েছেন, এমন কাউকে মনোনয়ন দিতে পারেন। এঁদের মধ্যে সর্বাগ্রে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রী শ্রীনিবাসন। ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার আপিল কোর্টের এই বিচারক তিন বছর আগে সিনেট কর্তৃক ৯৭-০ ভোটে বিচারকের দায়িত্ব পেয়েছিলেন। আরও যাঁদের নাম শোনা গেছে তাঁদের মধ্যে রয়েছেন বিচারপতি পল ওয়াটফোর্ট এবং অ্যাটর্নি জেনারেল লোরেটা লিঞ্চ। উভয়েই কৃষ্ণাঙ্গ।