স্কুল ক্যাফেটেরিয়ার খাবারে ইঁদুর ও আরশোলা!

কোনো রেস্তোরাঁয় খেতে বসেছেন। আর অমনি টেবিলের পাশ দিয়ে দৌড় দিল একটি ইঁদুর। আরশোলার ডানার অস্তিত্বও যদি পাওয়া যায় সুসজ্জিত ডিশের পাশে—কেমন লাগবে? এর চেয়েও বড় প্রশ্ন হলো, পুরো রেস্তোরাঁর সব খাবারের স্বাস্থ্যগত দিক নিয়ে তখন কি আর নিশ্চিত হওয়ার কোনো উপায় থাকে? এক কথায় উত্তর না। আর এই অবস্থা যদি কোনো স্কুল ক্যাফেটেরিয়ায় হয়, তাহলে তো পরিস্থিতি আরও ভয়াবহ। আর ভয়াবহ এই ঘটনাই ঘটছে নিউইয়র্ক নগরের স্কুল ক্যাফেটেরিয়ায়।
নিউইয়র্কে অর্ধেকের বেশি স্কুল ক্যাফেটেরিয়ায় ভয়াবহ স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। এসব ক্যাফেটেরিয়ায় পাওয়া গেছে ইঁদুর, আরশোলাসহ বিভিন্ন পতঙ্গের অস্তিত্ব। নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগের সাম্প্রতিক এক বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।
সম্প্রতি এ বিষয়ে গবেষণাটি করেছেন নিউইয়র্কের সিটি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব জার্নালিজমের শিক্ষার্থীরা। এতে নিউইয়র্ক নগরের ৬৯৫টি স্কুল ক্যাফেটেরিয়ায় ১ হাজার ১৫০ রকমের গুরুতর স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে, যা ভয়াবহ রোগের জন্ম দিতে পারে। এসব স্কুলের মধ্যে ৬১৭ টিতে পাওয়া গেছে বিভিন্ন ধরনের পতঙ্গ ও ইঁদুরের অবশেষ। এ সম্পর্কিত প্রতিবেদনটি গত ৩১ জানুয়ারি প্রকাশ হয়েছে।
গবেষক দলের প্রধান পলিনা সিনিওয়ার বলেন, ‘এটা বিরাট স্বাস্থ্যঝুঁকি। এ থেকে শিশুরা অসুস্থ হয়ে পড়তে পারে। এ বিষয়ে কর্তৃপক্ষের অতিসত্বর ব্যবস্থা নেওয়া উচিত।’
ক্যাফেটেরিয়ার পরিস্থিতি বিবেচনায় সবচেয়ে বাজে অবস্থানে রয়েছে কুইন্সের ওজন পার্কের মিডল স্কুল ১৩৭। গত ১২ জুলাই ওই স্কুলটিতে পরিদর্শনের সময় প্রায় দেড় হাজার পতঙ্গ পাওয়া গেছে।
সলোমন রামদাস নামের একজন অভিভাবক নিউইয়র্ক ডেইলিকে বলেন, ‘আমার ১৪ বছর বয়সী ছেলের কাছ থেকে মাঝে মাঝেই আমি ক্যাফেটেরিয়ায় আরশোলা পাওয়ার মতো ভৌতিক গল্প শুনেছি। আর এখন এই একই গল্প শুনতে হয় আমার ১১ বছর বয়সী মেয়ে স্যারিনের কাছ থেকে। সে কিছুদিন আগে স্কুলে ভর্তি হয়েছে। এই অবস্থার পরিবর্তন হওয়া উচিত। আমার মেয়ে স্কুল ক্যাফেটেরিয়ায় খেতে পারে না। শিশুরা সেখানে অসুস্থ বোধ করে।’
গবেষণাটির মূল ভিত্তি ছিল সরকারি কর্তৃপক্ষের চালানো পরিদর্শন কার্যক্রমের প্রতিবেদন, যা তথ্য অধিকার আইনের মাধ্যমে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা পেয়েছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে তাঁদের নিজেদের পরিচালিত পরিদর্শনের মাধ্যমে প্রাপ্ত তথ্য। কিন্তু সরকারি কর্তৃপক্ষ স্কুল ক্যাফেটেরিয়ার এই অবস্থার কথা গোপন করে গেছে। ব্রুকলিনের পাবলিক স্কুল ৭৭০-এর শিক্ষার্থীদের অভিভাবকেরা অভিযোগ করেন, গত বছরের ২০ মার্চ স্কুলটিতে পরিদর্শন হলেও সে সম্পর্কে কোনো তথ্য তাঁদের জানানো হয়নি।
এমন গুরুতর একটি অভিযোগ প্রায় অস্বীকার করেছেন নিউইয়র্ক নগরের শিক্ষা বিভাগের মুখপাত্র মাইকেল অ্যাসিম্যান। তিনি বলেন, ‘২০১৭ সালের পরিদর্শনে নিউইয়র্ক নগরের ৯৮ শতাংশ স্কুলের ক্যাফেটেরিয়াই পাস করেছে। শিক্ষার্থী ও শিক্ষা বিভাগের কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরও বিষয়টি নিয়ে আমরা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কাজ করব।’