স্কুল থেকে
স্কুলের সামনে মাঠের কোনায় বসে একটা নিরীহদর্শন ক্ষিরাওয়ালা ক্ষিরা-শসা কেটে কেটে বেচতো লবণ-মরিচ সহযোগে। মৌসুমে বেচতো আমড়া, কাঁচা আম ইত্যাদি। বেশির ভাগ সময়ই হাতে টাকা থাকত না বলে কিনে খেতে পারতাম না। সান্ত্বনা খুঁজতাম এই ভেবে যে ক্লাসের ভালো ছাত্ররা কোনো দিন রাস্তার পাশের এসব খাবার কিনে খায় না। ওরা টিফিনের সময় ক্লাসে বসে বসে বইয়ে মুখ গুঁজে থাকে বা খাতায় কী যেন লেখে।
আমি ভালো ছাত্র নই, তাই এক-দুই টাকা হাতে থাকলেই টিফিনের সময় ক্ষিরাওয়ালার কাছে দৌড় দিতাম। লবণ-মরিচ দেওয়া ক্ষিরার নেশা ছিল এক অমোঘ নেশা, উপেক্ষা করা কঠিন। যখন টাকা থাকত না ক্ষিরাওয়ালার আশপাশে ঘুরঘুর করতাম, কিন্তু কোনো দিন হাত পাতিনি। তখন বাংলা সিনেমা থেকে শিক্ষা নিয়ে “চৌধুরী বাড়ির মান-সম্মান ধুলায় লুটিয়ে...” না দিতে সচেষ্ট থাকতাম।
ছাত্র-ছাত্রীদের ভিড় লেগেই থাকত ক্ষিরাওয়ালা, আইসক্রিমওয়ালা, আচারওয়ালা, আমড়াওয়ালা—ইত্যাদি “ওয়ালাদের” ঘিরে। আবার স্কুলের কাছাকাছি এমন জটলা দেখলে শিক্ষকেরা হই-হই করে দৌড়ে আসত ওদের তাড়িয়ে দিতে। অবশ্য টিফিনের পর ক্লাস শুরুর ঘণ্টা বাজলে এমনিতেই সব ফাঁকা হয়ে যেত। মাঠের কোনায় ক্রেতাহীন অলস বসে থাকত ওরা।
ওপরের ক্লাসে মোটা একটা ছেলে পড়ত। পড়াশোনায় ভালো না, কেউ খেলায়ও নেয় না এমন কিছু ছেলে থাকে না? ওরকম আরকি। হেলেদুলে হাঁটে, মাতবরি ফলানোর চেষ্টা করে কিন্তু কেউ তাকে বিশেষ একটা পাত্তা দেয় না। সে ওপরের ক্লাসে পড়লেও ওকে ভাই-টাই কিছু ডাকতাম না। একদিন হাত প্রায় খালি, কিন্তু ক্ষিরা খাওয়ার নেশা চেপেছে। ক্লাসের স্যার ছুটিতে তাই মাঠের কোনায় ক্ষিরাওয়ালার ওখানে গেলাম। দেখি ক্ষিরাওয়ালার পাশে বসে আছে ওই মোটা ছেলেটা। সে ক্ষিরাওয়ালার ঝাঁপি থেকে ক্ষিরা নিয়ে কেটে কেটে লবণ লাগিয়ে লাগিয়ে খাচ্ছে। আশপাশে আর কোনো ছেলেপেলে ক্রেতা নেই। আমাকে দেখে খুশিই হলো।
আমি পকেট ঝেড়ে-টেরে আট আনা পয়সা বের করে দিলাম। বিনিময়ে ক্ষিরাওয়ালা আমাকে একটা ছোট্ট ক্ষিরা দিল। সঙ্গে এ-ও বলে দিল, “এত কমে বেচি না। তুমি বইলাই দিলাম।” যদিও সে আমাকে আলাদা করে চেনে বলে কখনো মনে হয়নি।
ছোট্ট ক্ষিরাটা পেটে চালান করে দিতে আমার পাঁচ সেকেন্ডও লাগেনি। এতে ক্ষিরা খাওয়ার শখ মেটেনি বরং আরও মাথাচাড়া দিল। কিন্তু পকেটে আর পয়সা নেই। ওদিকে ওই মোটা ছেলেটা দিব্যি একটার পর একটা ক্ষিরা খেয়েই চলেছে আর ক্ষিরাওয়ালার সঙ্গে গল্প করছে। আলোচনার ধরন এমন:
মোটা ছেলে: “এইবার কি রুস্তম আলী চেরমেন ইলেকশনে জিতব? আপনের কী মনে হয়?” বলেই আরেকটা ক্ষিরা হাতে তুলে নিল। আমার উপস্থিতিতে এটি তৃতীয় বা চতুর্থ নম্বর ক্ষিরা হবে। আমি দেখি আর জিভ দিয়ে ঠোঁট চাটি।
ক্ষিরাওয়ালা সরল মনে হ্যাঁ, হুঁ উত্তর দিয়ে যাচ্ছে।
মোটা ছেলে: “গতবার হেরে পাস করাইছিলাম কিন্তু হে এলাকায় উন্নয়ন কাজ তো কিছু করে নাই। আপনের কী মনে হয়?” বলেই আবার আরেকটা ক্ষিরা তুলে নিল।
ওই মোটা ছেলেটাও হাফপ্যান্ট পড়ে, আমি তো পড়িই। আমার রাগ হলো। “বললাম, তুমি কেমনে পাস করাইলা? তোমার কি ভোট হইছে?”
আমার প্রশ্নটা সে উপেক্ষা করল। অথবা, শুনল বলে মনে হলো না। এতে আমার কিছু যায় আসে না কিন্তু ওর ক্ষিরা খাওয়াটা আমার আর সহ্য হচ্ছে না। আমি আবার বললাম, “তোমাগো ক্লাস শুরু হয়ে গেছে? ক্লাসে যাইবা না?”
সে আমার দিকে তাকিয়ে ক্ষিরাতে আয়েস করে লবণ-মরিচ লাগায়। কচকচিয়ে কামড় বসায়। তারপর বলে, “আজকা সোহরাব স্যারের ক্লাস আছে। পড়া শিখি নাই। ক্লাসে গেলে স্যারের কাছে মাইর খামু। ক্লাসে যাইতাম না।” বলেই আবার ক্ষিরা খায় আর ক্ষিরাওয়ালার সঙ্গে আলাপ করে, “ব্রিজের লগের রাস্তাটা তাড়াতাড়ি হওন জরুরি, আপনের কী মনে হয়?”
আমি আর থাকতে না পেরে ক্ষিরাওয়ালাকে বললাম, “ভাই, সে যে একটার পর একটা ক্ষিরা খাইতেই আছে ওর কাছ থিকা টাকা নিতাসেন না কেন?”
ক্ষিরাওয়ালা কিছু বলার আগেই মোটা ছেলেটা বলল, “আমার টাকা লাগে না। আমরা এক গেরামের।”
ক্ষিরাওয়ালা ওর কথায় সম্মতি দিল কি দিল না, বোঝা গেল না।
আমার খুব রাগ আর হিংসা হলো। ইশ্ আমার বাড়িও কেন ক্ষিরাওয়ালার গ্রামে হলো না! কিন্তু তা তো আর সম্ভব না।
দু’দিন পরে স্কুলের অন্য ছেলেরা আমাকেও ক্ষিরাওয়ালার ক্ষিরার ঝাঁপিতে বিনা পয়সার হাত চালাতে দেখল। ওদের কেউ কেউ অবাক এবং ঈর্ষান্বিত হলো।
গত দু’দিনে মোটা ছেলেটাকে আমি ভাই ডাকা শুরু করেছি। আপনি সম্বোধন করি, ওর সঙ্গেই ঘুরি ফিরি। ও আমাকে তুই তুই করে ডাকে। এভাবে ফ্রি খাওয়ার কৌশলটা একটু একটু করে রপ্ত করে ফেলেছি। শুধু ওর রাজনৈতিক ঢঙের আলাপগুলোই আমার শিখতে বাকি। বলেছে, “ক’দিন পরে হিগাইয়া দিমু নে। আপাততঃ আমার লগে থাইকা ফ্রি ক্ষিরা খাইতে থাক্।”