স্কুল শিক্ষার্থীদের অসদাচরণ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের একটি স্কুলের শ্রেণিকক্ষ
নিউইয়র্কের একটি স্কুলের শ্রেণিকক্ষ

নিউইয়র্কের স্কুলগুলোয় শিক্ষার্থীদের অসদাচরণের শিকার হচ্ছেন স্কুলের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে শিক্ষকেরা। এমনকি অধ্যক্ষও পার পাচ্ছেন না। এই অসদাচরণের মধ্যে হুমকি থেকে শুরু করে শারীরিক নিগ্রহও রয়েছে। গত বছর নিউইয়র্কের বিভিন্ন স্কুলের অন্তত ১০ হাজার কর্মী শিক্ষার্থীদের অসদাচরণের শিকার হয়েছেন। এর মধ্যে প্রায় অর্ধেকই শিক্ষক। নিউইয়র্ক পোস্ট-এর অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে।
শিক্ষার্থীদের অসদাচরণের বিপরীতে করা অভিযোগের সংখ্যা পর্যালোচনা করে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে নিউইয়র্কের স্কুলগুলোর ১০ হাজার ৮২৫ কর্মী অসদাচরণের শিকার হয়েছেন। আগের শিক্ষাবর্ষে এ ধরনের ঘটনা ঘটেছিল ১০ হাজার ৩৫৭টি। এক বছরে শিক্ষার্থীদের অসদাচরণের সংখ্যা বেড়েছে সাড়ে ৪ শতাংশ। শিক্ষার্থীদের এই সব অসদাচরণের মধ্যে রয়েছে কলহ, হুমকি-ধামকি, শারীরিক নিগ্রহের মতো ঘটনা। এর মধ্যে কোনোটিতে একাধিক জন আহতও হয়েছেন। প্রতি বছরই নিউইয়র্কের স্কুলগুলোয় এ ধরনের ঘটনা বাড়ছে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে গুরুতর অসদাচরণের ঘটনা ঘটেছে ৯ হাজার ৫২৯টি, যা আগের শিক্ষাবর্ষের চেয়ে সাড়ে ৩ শতাংশ বেশি। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এ ধরনের গুরুতর অসদাচরণের ঘটনা ঘটেছিল ৯ হাজার ২১১টি। এর আগের শিক্ষাবর্ষে এর সংখ্যা ছিল ৮ হাজার ৬৭৭টি। ২০১৫-১৭ সময়ে বিভিন্ন ঘটনায় আহত হয়েছেন ৮ হাজার ২৫৩ জন স্কুল কর্মকর্তা। এর মধ্যে ৩ হাজার ৭৯২ জন শিক্ষক।
সমালোচকেরা বলছেন, মেয়র বিল ডি ব্লাজিওর সময়ে নিউইয়র্ক নগরের স্কুলে নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে; এমন দাবি যে সম্পূর্ণ মিথ্যা তারই প্রমাণ এই সব তথ্য। স্কুল-এজেন্ট ইউনিয়নের নেতা গ্রেগরি ফ্লয়েড নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘মেয়রের বক্তব্য হচ্ছে, স্কুলগুলো আগের চেয়ে নিরাপদ। একই সঙ্গে অপরাধের হারও নেমে এসেছে। কিন্তু এই পরিসংখ্যান আমাদের বলছে, অপরাধ কমেনি বরং বেড়েছে। হুমকির ঘটনা বাড়ছে। বাড়ছে শারীরিক নিগ্রহের মতো ঘটনাও। ডি ব্লাজিও প্রশাসনের শুরু থেকেই আমি বলে আসছি যে, স্কুলগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
২০১৪-১৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের অসদাচরণের দিক থেকে সবাইকে ছাড়িয়ে গিয়েছিল কুইন্সের পিএস৭৮ স্কুল। ওই শিক্ষাবর্ষে স্কুলটিতে হুমকি কিংবা শারীরিক নিগ্রহসহ বিভিন্ন অসদাচরণের কারণে ভুক্তভোগীর সংখ্যা ছিল ৮০। পরের বছর ১০০ জন ভুক্তভোগী নিয়ে এই স্থানটি দখল করে স্ট্যাটেন আইল্যান্ডের পিএস ৩ স্কুল। আর গত শিক্ষাবর্ষে এই শীর্ষ স্থান দখল করে একই বরোর পিএস ৬০ স্কুল। গত শিক্ষাবর্ষে স্কুলটিতে শিক্ষার্থীদের অসদাচরণের শিকার হয়েছেন ১৭৯ কর্মকর্তা ও শিক্ষক।
এ বিষয়ে নিউইয়র্ক পোস্ট-এর তথ্য সংগ্রহ করা সহজ ছিল না। তথ্য অধিকার আইনের আওতায় এ সম্পর্কিত তথ্যের জন্য আবেদন করার পরও নিউইয়র্ক নগরের শিক্ষা বিভাগ ১৮ মাস বিষয়টি ঝুলিয়ে রেখেছিল। এই ক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তার অধিকারটিকে সামনে হাজির করা হয়। কিন্তু পুলিশের কাছে জমা পড়া বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে একের পর এক ঘটনা সামনে আসতে থাকে। ফলে বিষয়টি আর এড়ানো সম্ভব হয়নি শিক্ষা বিভাগের পক্ষে।
এমনই একটি ঘটনা ঘটে ২০১৫ সালে ব্রঙ্কসের জেফরি এম র‍্যাপোর্ট স্কুলে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের এই স্কুলের ১৭ বছর বয়সী শিক্ষার্থী ডেভন স্মলস তার ৪৪ বছর বয়সী শিক্ষক জুলিয়েট ওমেনুকওয়াকে তীক্ষ্ণ পেনসিল দিয়ে আঘাত করে। সঙ্গে কিল-ঘুষি। বিষয়টি পুলিশ পর্যন্ত গড়ায়। পরে ওই শিক্ষার্থীকে তিন দিনের জন্য স্কুল থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তাকে কমিউনিটি সার্ভিসের বিনিময়ে রেহাই দেওয়া হয় সেই যাত্রা।
২০১৬ সালের মে মাসে একইভাবে আরেক শিক্ষকের ওপর চড়াও হয় ফ্লাশিং হাই স্কুলের এক শিক্ষার্থী। বয়স্ক শিক্ষককে ওই শিক্ষার্থী গরম পানিতে ফেলে দেয়। কিন্তু এই ঘটনার জন্য শিক্ষার্থীকে নয় শাস্তি পেতে হয় শিক্ষককেই। নিউইয়র্কের শিক্ষা বিভাগ ভুক্তভোগী ওই শিক্ষককে চার সপ্তাহের জন্য বরখাস্ত করে। একই বছরের অক্টোবরে ম্যানহাটন আর্লি কলেজ স্কুলে ঘটে অধ্যক্ষের ওপর শিক্ষার্থীর হামলার ঘটনা। কান থেকে হেডফোন সরাতে বলায় অধ্যক্ষ ম্যাথিউ টসম্যানের ওপর চড়াও হয়েছিল শিক্ষার্থীটি। পরে বয়স বিবেচনায় ওই শিক্ষার্থীকে তিন বছর পর্যবেক্ষণে থাকার শর্তে মুক্তি দেওয়া হয়। এই তিন বছরের মধ্যে সে দ্বিতীয়বার কোনো অপরাধ করলে তাকে কারাগারে যেতে হবে বলে রায় দেন আদালত।
নিউইয়র্ক পোস্ট-এর প্রাপ্ত পরিসংখ্যানের বিষয়ে কিছু শিক্ষক বলেছেন, পরিসংখ্যানে যতটা উঠে এসেছে, প্রকৃত পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ। শিক্ষা বিভাগের অনলাইন অকারেন্স রিপোর্টিং সিস্টেমে বহু ঘটনাই নথিভুক্ত হয়নি। শিক্ষা বিভাগের কিছু কর্তাব্যক্তি স্কুলগুলোকে ‘ভালো’ হিসেবে প্রদর্শন করতে চান। ফলে অভিযোগ করতে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা শিক্ষকেরই হেনস্তা হওয়ার আশঙ্কা থেকে যায়। অনেক সময়ই অভিযোগকারী শিক্ষককে শুনতে হয়, ‘আপনি শ্রেণিকক্ষের শৃঙ্খলা বজায় রাখতে পারেন না।’
ইউনাইটেড ফেডারেশন অব টিচার্সের প্রেসিডেন্ট মাইকেল মালগ্রিউ বলেন, ‘প্রতিটি স্কুলের নিরাপত্তা নিশ্চিত করাটা জরুরি। এ জন্য প্রতিটি স্কুলেই প্রশিক্ষণ ও বিরোধ নিষ্পত্তি সম্পর্কিত কর্মশালা হওয়া প্রয়োজন। কিন্তু শিক্ষা বিভাগ এই ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ। সবগুলো স্কুলে শিক্ষক-শিক্ষার্থী নির্বিশেষে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তারা সক্ষম হয়নি।’
তিনি বলেন, ‘অনেক সময় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে স্কুলে নিয়োজিত নিরাপত্তা কর্মীরাও আহত হচ্ছেন। আমাদের ভেবে দেখতে হবে যে, যেসব শিক্ষার্থী বড়দের ওপরই হামলা করছে, তাদের কাছ থেকে শিক্ষার্থীরাও নিরাপদ নয়। তাদের সহপাঠীরাও তাদের বিরূপ আচরণের শিকার।’ সার্বিক বিষয়ে শিক্ষা বিভাগের মুখপাত্র বলেন, ‘প্রতিটি ঘটনাকেই আমরা গুরুত্বের সঙ্গে নেই। প্রতিটি ক্ষেত্রেই যথাযথভাবে অভিযোগ গ্রহণ, তদন্ত ও সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।’