স্কুল শিক্ষার্থীদের জুতা উপহার এক মায়ের

আমেরিকায় এখন চলছে স্কুলে ফেরার প্রস্তুতি। তাই চলছে স্কুলের সরঞ্জাম কেনাকাটা। এরই অংশ হিসেবে আরাকানসাস অঙ্গরাজ্যের আলমায় ক্যারি জার্নিগ্যান তাঁর নয় বছরের মেয়ে হারপারকে নিয়ে জুতো কিনতে যান। কিন্তু ফিরলেন পুরো দোকানের দেড় হাজার জোড়া জুতো কিনে। সম্প্রতি এ ঘটনা ঘটে।
জুতোর দোকানে মেয়ের জুতো কেনা হলে মূল্যছাড় চলছে দেখে মেয়ে বায়না ধরে তার বন্ধুর জন্যও জুতো কিনতে হবে। সে এক জোড়া জুতোও পছন্দ করে ফেলে। গোল বাঁধে বন্ধুর পায়ের মাপ নিয়ে। মা-মেয়ে পড়ে বিরাট সমস্যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতেই মা ভাবলেন, ‘পুরো দোকানের জুতো কিনে নিলে কেমন হয়? তার মূল্য কত?’ যে ভাবা, সেই কাজ।
ওই দোকান থেকেই দেড় হাজার জোড়া জুতো কিনে নেন মা ক্যারি জার্নিগ্যান। কী হবে এই জুতো দিয়ে? স্থানীয় কমিউনিটির স্কুলপড়ুয়া নিম্ন আয়ের শিক্ষার্থীদের উপহার হিসেবে এই জুতোগুলো দেবেন ক্যারি। তাঁর এ উদ্যোগে উৎসাহিত হয়ে স্থানীয় চার্চ ও সংগঠনগুলোও এখন কাজে লেগে গেছে। স্কুলের বিভিন্ন সরঞ্জাম শিক্ষার্থীদের কাছে বিনা মূল্যে পৌঁছে দিতে তাঁরা এখন কাজ করছেন।