স্কুলগুলোকে অঙ্গরাজ্যের নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরের মেয়র বিল ডি ব্লাজিও করোনাকালে স্কুলগুলোতে সঠিক নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছে নগরের শিক্ষক ইউনিয়ন। মেয়র শিক্ষা বিভাগের সব কর্মীর বিশ্বাস হারিয়েছেন বলে দাবি করেছে স্কুল অধ্যক্ষদের ইউনিয়ন। এ অবস্থায় নিউইয়র্ক নগরের স্কুলগুলোকে অঙ্গরাজ্যের নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানিয়েছে ইউনিয়ন।

গত ২৭ আগস্ট অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত সংবাদ সম্মেলনে নিউইয়র্ক নগরের স্কুলগুলোর অধ্যক্ষদের ইউনিয়ন জানায়, স্কুল চ্যান্সেলরের সহযোগিতায় শিক্ষা ক্ষেত্রে ডি ব্লাজিওর নতুন চুক্তি সাক্ষর ক্ষুব্ধ করেছে ইউনিয়ন ও শিক্ষকমহলকে। এর পরিপ্রেক্ষিতে নগরের স্কুলগুলোকে অঙ্গরাজ্যের নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

লকডাউন পরবর্তী বাস্তবতায় নিউইয়র্কের স্কুলগুলোতে সশরীরে ও দূরবর্তী শিক্ষণ পদ্ধতির মিশেলে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে গত মাসে। স্কুলগুলোকে এ সম্পর্কিত পূর্ণাঙ্গ নির্দেশনা দেওয়ার আগেই এটি করা হয়েছে। উপরন্তু দুই শতাধিক ‌স্কুলের অধ্যক্ষরা সম্মিলিতভাবে শিক্ষা বিভাগে আরও ১ হাজার ২০০ শিক্ষক নিয়োগের চাহিদা দিলেও মেয়র এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। অথচ ডিস্ট্রিক্ট সুপারিন্টেন্ডেন্টরা সুরক্ষা উদ্বেগের পরিপ্রেক্ষিতে পাঠানো চাহিদা পূরণ করা হয়েছে বলে মিথ্যা প্রতিবেদন দিতে মৌখিকভাবে অধ্যক্ষদের ওপর চাপ দিয়েছেন। এ অবস্থায় ক্ষুব্ধ হয়ে এমন আহ্বান করা হয়েছে বলে জানায় অধ্যক্ষ ইউনিয়ন।

গত ২৫ সেপ্টেম্বর ডি ব্লাজিও প্রশাসন জানায়, শিক্ষক ইউনিয়নের সঙ্গে তাদের শেষ মুহূর্তে চুক্তি হয়েছে। ওই চুক্তি অনুযায়ী অনেক শিক্ষক বাড়ি থেকে কাজ করার সুযোগ পেয়েছেন। এই পদক্ষেপকে সামগ্রিক পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে অধ্যক্ষ ইউনিয়ন। তারা সুস্পষ্টভাবে বলছে, ‘স্কুলগুলো নিরাপদ ও সফলভাবে পুনরায় চালুর মাধ্যমে নিউইয়র্ক নগরকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন মেয়র। এ কারণে মেয়র ডি ব্লাজিও ও স্কুল চ্যান্সেলরের বিষয়ে আনা ‘অনাস্থা’ প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহণ করেছে ইউনিয়ন।

এ বিষয়ে অধ্যক্ষ ইউনিয়নের সভাপতি মার্ক ক্যানিজারো বলেন, স্কুল শুরুর তারিখ ও শিক্ষানীতিতে শেষ মুহূর্তে একাধিক পরিবর্তনের ফলে শিক্ষকেরা ক্লান্ত হয়ে পড়েছে। শিক্ষকের অভাবে এখন পর্যন্ত দুবার সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু করা বিলম্বিত হয়েছে। তিনি বলেন, ‘ইউনিয়নকে অবহিত না করেই শিক্ষা বিভাগ নীতি পরিবর্তন করেছে। চুক্তিটি করা আগে আমাদের সঙ্গে মেয়র ও স্কুল চ্যান্সেলর কোনো আলোচনাই করেননি। এ বিষয়ে আমরা ভীষণভাবে হতাশ হয়েছি।’

এ বিষয়ে স্কুল সুপারভাইজার ও প্রশাসক জানান, অঙ্গরাজ্যের হস্তক্ষেপ কামনা করা একটি নজিরবিহীন পদক্ষেপ। এটা করতে তাঁরা বাধ্য হয়েছেন। মেয়র বিল ডি ব্লাজিও করোনাভাইরাস সংকটকালে নগরের স্কুলগুলোকে দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তিনি সবার বিশ্বাস হারিয়েছেন। এ কারণেই ইউনিয়ন চাইছে অঙ্গরাজ্য এবার স্কুলগুলোর দায়িত্ব নিক।