স্কুলটি খোলা হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় ম্যানহাটনের টাইব্রেকারের পিএস টু-থার্টিফোর এলিমেন্টারি স্কুলটি খোলা হচ্ছে না। আগামী ৭ ডিসেম্বর সরকারি এ স্কুল খোলার কথা ছিল। অভিভাবকদের মধ্যে এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে।

২৪ নভেম্বর স্কুলটির আলাদা দুটি ক্লাসে দুই শিক্ষার্থীর মধ্যে করোণাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এ প্রেক্ষাপটে ট্রেসিং অ্যান্ড টেস্টিংয়ের জন্য শিক্ষা বিভাগ থেকে অস্থায়ীভাবে স্কুলটি বন্ধ করে দেওয়া হয়। সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয় দুই সপ্তাহের কোয়ারেন্টিনে। থ্যাংকসগিভিং ডের ছুটির সময় বিষয়টি শিক্ষা বিভাগকে জানানো হয়। ৩০ নভেম্বর শিক্ষা বিভাগ পুরো বিষয়টি তদন্ত করে বলে জানিয়েছেন স্কুলটির অধ্যক্ষ।

শিক্ষা বিভাগের পরিদর্শনের পর স্কুল ভবনটিতে কিছু সময়ের জন্য লোক যাতায়াত বন্ধ রাখা হয়। পরে স্কুলটি আগামী ১৪ ডিসেম্বর আবার খোলা হতে পারে বলে জানানো হয়েছিল। কিন্তু এখনো তা অনিশ্চিত। তবে আগের নির্ধারিত তারিখ ৭ ডিসেম্বর যে এটি খুলছে না, তা নিশ্চিত। পরিদর্শন ও পর্যবেক্ষণের পর শিক্ষা বিভাগ স্কুল খোলার নতুন কোনো সময় নির্ধারণ করেনি।

এ ব্যাপারে ‌অসন্তুষ্ট অভিভাবক স্যু পামার বলেন, ‘বারবার বিদ্যালয়গুলো খোলা ও বন্ধ করা আমাদের শিশুদের জন্য ভালো কিছু নয়। তাদের মানসিক স্থিরতা প্রয়োজন।’

ক্ষুব্ধ আরেক অভিভাবক জেনিফার জাস্টিস বলেন, ‘সবার নিরাপত্তাই গুরুত্বপূর্ণ। গত ১৯ নভেম্বর থেকে কেউ স্কুলে ছিল না। তাই ভবনটি নিরাপদ আছে। শিক্ষা বিভাগ এমন একটি বিধি প্রয়োগ করছেন, যার ব্যবহারিক কোনো প্রয়োগযোগ্যতা নেই!’

শিক্ষা বিভাগ বলছে, যত তাড়াতাড়ি সম্ভব নিরাপত্তা নিশ্চিত করে পুনরায় স্কুলটি খোলার বিষয়ে পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করা হবে।