স্কুলে অরাজকতা বন্ধে নগরের বাজেটে আরও আট মিলিয়ন ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরের স্কুলগুলোর অরাজকতা তথা উৎপীড়ন বন্ধে কর্তৃপক্ষ অতিরিক্ত আট মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। নিউইয়র্ক নগরের ব্রঙ্কস বরোর একটি স্কুলে অতি সম্প্রতি জনৈক শিক্ষার্থী তার সহপাঠীর ছুরিকাঘাতে নিহত হওয়ার প্রেক্ষাপটে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
নিউইয়র্ক নগর শিক্ষা বিভাগ থেকে বলা হয়, ২০১৯ সাল থেকে শিক্ষার্থীদের পরিবারগুলোকে বিদ্যালয়ে অরাজক পরিস্থিতি তথা দুর্বলের ওপর সবলদের উৎপীড়ন সংক্রান্ত তথ্য অনলাইনে প্রদানের জন্য নতুন পোর্টাল খোলা হবে। এ ধরনের প্রতিবেদন বা অভিযোগ প্রাপ্তির ১০ শিক্ষা দিবসের মধ্যে বিষয়টির তদন্তের ফলাফল সংশ্লিষ্ট অভিযোগকারীকে জানানো হবে।
শিক্ষা বিভাগের জনৈক নারী মুখপাত্র জানান, সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে নতুন পোর্টালকে সংযুক্ত করার প্রক্রিয়া শেষ করতে এক বছরের বেশি সময় লাগবে। তিনি বলেন, বিদ্যালয়ে অরাজকতা উৎপীড়ন বন্ধে কর্মচারী এবং কমিউনিটি জন্য প্রশিক্ষণ এবং ওয়ার্কশপের ব্যবস্থা করা হবে। যেসব শিক্ষার্থী স্কুলে কিংবা শ্রেণিকক্ষে অরাজকতা সৃষ্টি করে তাদের অন্য স্কুলে স্থানান্তরসহ কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বলা হবে।
সমালোচকদের মতে, দীর্ঘদিন থেকে বিদ্যমান পক্ষপাতমূলক নীতি অবসানের লক্ষ্যে শিক্ষা বিভাগকে আরও সক্রিয় পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া উচিত।
চলতি সালের ২৭ সেপ্টেম্বর ব্রঙ্কসের ‘আরবান অ্যাসেম্বলি স্কুল ফর ওয়াইল্ড স্কুল কনজারভেশন’-এর ১৫ বছর বয়সী শিক্ষার্থী তার ১৮ বছর বয়সী সহপাঠী এবেল সিডিনোর ছুরিকাঘাতে নিহত হয়। সিডিনো’কে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়।
সিডিনোর অ্যাটর্নি ২৭ নভেম্বর আদালতে বলেন, তাঁর মক্কেল একজন সমকামী এবং তাকে বিদ্যালয়ে বছরের পর বছর উৎপীড়নের শিকার হতে হয়েছে।
অ্যাটর্নি বলেন, তাঁর মক্কেল অপরাধী নন, তিনি আত্মরক্ষার্থে এ পদক্ষেপ নিয়েছেন। কারণ দুই ব্যক্তি শ্রেণিকক্ষের ভেতরেই তাঁর ওপর হামলা চালিয়েছিলেন।