স্কুলে প্রাণহানির রেকর্ড
চলতি বছরের ছয় মাসও পেরোয়নি এখনো। কিন্তু এরই মধ্যে আমেরিকার স্কুলে বন্দুক হামলা ও প্রাণহানির রেকর্ড করেছে ২০১৮ সাল। বড় বড় পাঁচটি বন্দুক হামলায় নিহত হয়েছে প্রায় ২৭ জন। এ সংখ্যা এমনকি বিভিন্ন দেশে নিয়োজিত
মার্কিন সেনা সদস্যদের প্রাণহানির সংখ্যার চেয়ে বেশি। বিভিন্ন দেশে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিয়োজিত ১৩ সেনার মৃত্যু হয়েছে এই সময়ের মধ্যে।
সর্বশেষ গত ১৮ মে টেক্সাসের সান্তা ফে স্কুলে বন্দুক হামলায় ১০ শিক্ষার্থী নিহত হয়, যাদের একজন পাকিস্তান থেকে আগত আইভিএলপি প্রোগ্রামের ফেলোশিপধারী। সব মিলিয়ে ছয় মাসেরও কম সময়ের মধ্যে স্কুলে বন্দুক হামলায় ২৭ জন নিহত হয়েছে। শুধু তাই নয় স্কুলে বন্দুক হামলার সংখ্যার দিক থেকেও বছরের অর্ধেক না যেতেই আগের সব রেকর্ড ভেঙেছে ২০১৮ সাল।
ওয়াশিংটন পোস্টের তথ্যমতে, ১৯৯৯ সালে কলম্বাইন স্কুলে বন্দুক হামলার পর থেকে এখন পর্যন্ত গড়ে প্রতি বছর ১০টি করে স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটছে। এর মধ্যে ২০০২ সালে পাঁচটি স্কুলে বন্দুক হামলা হয়, যা এই সময়ের মধ্যে বার্ষিক হিসাবে সর্বনিম্ন। এ ক্ষেত্রে আমেরিকার স্কুলগুলো সবচেয়ে বেশি বন্দুক হামলা প্রত্যক্ষ করেছিল ২০১৪ সালে। ওই বছর মোট ১৫টি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে। কিন্তু এ বছর প্রথম পাঁচ মাসেই এ সংখ্যা ২৩-এ গিয়ে ঠেকেছে।
এ সম্পর্কিত সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে স্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে অন্তত ২৩টি স্কুলে। সে হিসেবে বছরের প্রতি সপ্তাহেই অন্তত একটি করে স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্কুলে গোলাগুলির সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোয়। নিউইয়র্কে এ ধরনের ঘটনা না ঘটলেও মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ফিলাডেলফিয়া, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাসসহ নানান জায়গায় যেসব স্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে, সেখানে বেশ কিছু বাংলাদেশি বসবাস রয়েছে। এখন পর্যন্ত কোনো হামলায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটলেও এ সম্পর্কিত আতঙ্ক ও উদ্বেগ থেকে কেউ বাদ নেই। বিশেষত শিশুদের মধ্যে এই ধরনের পরিস্থিতির প্রভাব দীর্ঘদিন থেকে যায়।
স্কুলে বন্দুক হামলার ভয়াবহতা শুধু এর কারণে হতাহত হওয়া মানুষের সংখ্যা দিয়ে বোঝা যাবে না। বিষয়টি বুঝতে হলে এর দীর্ঘমেয়াদি প্রভাবের দিকে তাকাতে হবে। এ সম্পর্কিত ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ১৯৯৯ সালে কলম্বাইন স্কুলের ঘটনা থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় দুই লাখ শিশু-কিশোর তথা স্কুল শিক্ষার্থী বন্দুক হামলার মতো সহিংস পরিস্থিতির মুখোমুখি হয়েছে। বন্দুক হামলার সংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্কুলে স্কুলে নিরাপত্তা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণগুলোও ভয়াবহ ছাপ ফেলে যায় শিশুমনে। এ ধরনের প্রশিক্ষণের ক্ষেত্রে সতর্ক সংকেত বাজার সঙ্গে সঙ্গে ছেলে-মেয়েদের ছুটতে হয় নিরাপদ আশ্রয়ে। নিরাপদ আশ্রয় বলতে লকার রুম, বা কোনো আবদ্ধ কক্ষে গিয়ে অবস্থান নেওয়া; কোনো শব্দ না করা। এই সবই একটি ভীতির পরিবেশ সৃষ্টি করে। বিশেষত যখন ওই শিক্ষার্থীর বয়স দশ বছরের নিচে হয়।
এ ক্ষেত্রে কলম্বাইন স্কুলের বন্দুক হামলায় বেঁচে যাওয়া সামান্থা হেভিল্যান্ডের কথা বলা যায়। ওই ঘটনার সময় তাঁর বয়স ছিল ১৬ বছর। বর্তমানে ৩৫ বছর বয়সী এই নারী ডেনভারের পাবলিক স্কুল সম্পর্কিত একটি পরামর্শক প্রতিষ্ঠানের পরিচালক। আতঙ্কগ্রস্ত শিশুদের নিয়েই তিনি কাজ করেন। এ বিষয়ে ওয়াশিংটন পোস্টকে তিনি বলেন, ‘এটা অনেক কঠিন কাজ। আমি জানি একজন শিশুর জন্য কত ভয়াবহ পরিস্থিতি এটি। আমি নিজেই এখনো সেই ভীতি থেকে বেরিয়ে আসতে পারিনি।’
স্কুলগুলো ক্রমশই বিপজ্জনক হয়ে ওঠার পেছনের কারণ কি সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। উদার ও ডেমোক্র্যাট সমর্থিত ব্যক্তি ও নীতিনির্ধারকেরা বিশ্বাস করেন যে, স্কুলে গোলাগুলি বৃদ্ধির পেছনে আগ্নেয়াস্ত্র আইনে বিদ্যমান শিথিলতাই দায়ী। তাঁদের মতে, সারা বিশ্বে ব্যক্তিগত বন্দুক ব্যবহারকারীর সংখ্যা আমেরিকাতেই সর্বাধিক। একই সঙ্গে এখানেই বন্দুক নিয়ন্ত্রণ নীতিমালা সবচেয়ে বেশি দুর্বল।
অন্যদিকে কট্টরপন্থী ও রিপাবলিকান সমর্থিত রাজনীতিকেরা মনে করেন, বন্দুক নিয়ন্ত্রণ কিংবা বন্দুকের ব্যবহার কমিয়ে দেওয়ার মধ্যে সমাধান এই সংকটের নেই। এ ক্ষেত্রে সচেতনতা বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে প্রয়োজন প্রতিরোধমূলক ব্যবস্থার। তাঁদের মতে, বন্দুক রাখার স্বাধীনতা আমেরিকার সংবিধান দ্বারা স্বীকৃত, যেটাকে বলা হয় দ্বিতীয় সংশোধনী। এ ক্ষেত্রে এ ধরনের হামলা প্রতিরোধের জন্য প্রশিক্ষণ ও বন্দুক নিয়ন্ত্রণ আইন আরও শিথিল করার প্রস্তাব করেন তাঁরা। বলার অপেক্ষা রাখে না এই মতাবলম্বীদের তালিকায় রয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত নির্বাচনের আগে এই বন্দুক নিয়ন্ত্রণ করার জন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল, তার বিপক্ষে সোচ্চার হয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেছিলেন, বন্দুক নিয়ন্ত্রণ আইন করে ডেমোক্র্যাটরা তাদের সাংবিধানিক অধিকার ছিনিয়ে নিতে চায়।
অবশ্য ডেমোক্র্যাটরা বন্দুক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের জন্য সামাজিক ও রাজনৈতিক সচেতনতা ও নানা প্রতিবাদী অনুষ্ঠান করে যাচ্ছে। এর বাইরে স্কুলের শিক্ষার্থীরা ধর্মঘট পালন, অবস্থান কর্মসূচিসহ নানা প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না। বন্দুক হামলা ও এর ফলে নিহতের সংখ্যায় বছরের অর্ধেক না যেতেই রেকর্ড করছে আমেরিকা; অথচ কোথাও টনক নড়ছে না।