স্কুলে বন্দুক হামলা শুশ্রূষা প্রয়োজন আমেরিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই একই ঘটনার পুনরাবৃত্তি। একজন শিক্ষার্থী প্রতিদিনের মতো স্কুলে এল। তবে সঙ্গে বই-খাতা নয়, নিয়ে এল বন্দুক। এলোপাতাড়ি হামলা চালাল। নিজের সহপাঠী ও শিক্ষকদের হত্যা করল। কয়েক মিনিট মাত্র সময়। একটি স্কুলের প্রাণবন্ত পরিবেশ বদলে গেল শোক ও বিহ্বলতায়।
ঘটনা ১৮ মের। স্থান টেক্সাসের সান্তা ফে হাইস্কুল। হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত হয় ১০ জন। এই স্থান-কাল ও পরিসংখ্যানেই শুধু বদল। এ ছাড়া ফ্লোরিডার পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান

ডগলাস স্কুলের ঘটনার সঙ্গে আর কোনো পার্থক্য নেই টেক্সাসের সান্তা ফের স্কুলটির, বরং মিল আছে। ফ্লোরিডার পার্কল্যান্ডের স্কুলটিতে হামলা চালিয়েছিলেন নিকোলাস ক্রুজ নামের ১৯ বছর বয়সী এক তরুণ, যাঁকে স্কুলটি থেকে কিছুদিন আগে বহিষ্কার করা হয়েছিল। এই ক্ষোভ প্রশমনের জন্য বন্দুক হামলাকে বেছে নেন তিনি। বিশ্ব ভালোবাসা দিবসের দিন তিনি ওই হামলা চালান। আর সান্তা ফের স্কুলটিতে হামলা করে দিমিত্রিয়স প্যাগোটিস নামের ১৭ বছর বয়সী এক কিশোর। কোনো বহিষ্কারাদেশ ছিল না। ছিল না পূর্ব অপরাধের কোনো নজির। তবু সে বন্দুক হামলায় ক্ষতবিক্ষত করেছে তারই সহপাঠী ও শিক্ষকদের বুক। কারণ সে প্রেমে প্রত্যাখ্যাত হয়েছিল। সিএনএনকে এমনটিই বলেছেন প্যাগোটিসের হামলায় নিহত শানা ফিশারের মা। দুই ক্ষেত্রেই ‘ভালোবাসা’ শব্দটি ঘুরেফিরে এসেছে। আর এসেছে অবধারিতভাবে ‘ভারী অস্ত্রের’ সহজলভ্যতার বিষয়টি।
এ যেন এক ভাইরাসের সংক্রমণ, যা ছড়িয়ে পড়েছে পুরো আমেরিকায়। আমেরিকার তরুণদের কিছু একটা হয়েছে, যা তাদের তাড়িয়ে নিয়ে যাচ্ছে এক অবধারিত বিধ্বংসী প্রবণতার দিকে। বন্দুক হামলার এসব ঘটনার বিরুদ্ধে কঠোর অস্ত্র আইনের দাবিতে যখন আমেরিকাজুড়ে স্কুলশিক্ষার্থীরা এক অভাবনীয় আন্দোলনের জন্ম দিচ্ছে, ঠিক তখনই আরেক দল তরুণ হামলাকারী হিসেবে সামনে হাজির হচ্ছে।
এই পরিস্থিতিতে একটি কারণ হিসেবে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতার বিষয়টি সামনে আসছে। এই কারণটি নিঃসন্দেহে মুখ্য। কিন্তু পার্কল্যান্ডের পর সান্তা ফে হাইস্কুলের ঘটনাটি তরুণদের মনস্তত্ত্ব নিয়ে এক গভীর শঙ্কারও জন্ম দিচ্ছে। তা হচ্ছে, বন্দুক হামলাকারীরা অনেক তরুণের মধ্যে নায়কসুলভ ইমেজ তৈরি করছে। এটা একধরনের ফ্যাশন হয়ে দেখা দিচ্ছে আমেরিকায়। একেকটি বন্দুক হামলা অল্পবয়সীদের মস্তিষ্কে ভীষণ প্রভাব রেখে যাচ্ছে, যা তাকে পরবর্তী সময়ে নিজের ক্ষোভ উগরে দেওয়ার পন্থা বলে দিচ্ছে। কট্টরপন্থা বা আগ্রাসী মনোভাবকে আদর্শ হিসেবে গ্রহণ করতে শুরু করছে তরুণদের একটি অংশ। এই মনোভাব যখন তারা পোষণ করছে, তখন হাতের কাছেই অস্ত্র পাওয়ার বাস্তবতা বিরাজ করছে আমেরিকায়। এই দুইয়ের সম্মিলন তাদের পরিণত করছে হন্তারকে। ফলে এ ধরনের হামলার ঘটনা ঘটছে আশঙ্কাজনক হারে।
এ রকম পরিস্থিতিতে সান্তা ফে স্কুল কয়েক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু স্কুল খোলা রাখলেই হামলার আশঙ্কা রয়েছে—এমন ভাবনায় স্কুল তো আর বন্ধ রাখা যাবে না অনির্দিষ্টকাল। পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুল এখন খোলা, আমেরিকার অন্য সব স্কুলের মতোই। এটাই স্বাভাবিক। এ অবস্থায় মানুষ দেশের নেতাদের কাছ থেকে একটা নিশ্চয়তা চায়। তারা চায়, তাদের সন্তানেরা স্কুলে, শিক্ষাকেন্দ্রে নিরাপদে থাকবে। এ জন্য তারা তাকিয়ে থাকে রাষ্ট্রের দিকে। কিন্তু পার্কল্যান্ডের হামলার মতোই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে নতুন কোনো কথা শোনেনি মানুষ। বরাবরের মতোই, ‘শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করতে রাষ্ট্র সম্ভাব্য সব কিছুই করবে’ বলে তিনি বিবৃতি দিয়েছেন। আর অতি অবশ্যই এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। কিন্তু কাজের কথা একটিও বলেননি এবারও।
বিপরীতে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। হামলার পরদিন দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমরা একসঙ্গে শোক করব। আমরা পরস্পরকে ভালোবাসব। আমরা একসঙ্গে কাজ করব। ঘূর্ণিঝড় হার্ভের পর আমরা ঠিক যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি এবং করছি, এবারও তা-ই করব।’
না, এখানেই থেমে থাকলে গ্রেগ অ্যাবটের অবস্থানকে গুরুত্বপূর্ণ বলা যেত না। তিনি নিহতরা ‘আমাদের প্রার্থনায়’ থাকবেন বলে দায় সারেননি। ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশনের (এনআরএ) শক্তিশালী লবি হিসেবে পরিচিত অ্যাবট দ্রুততার সঙ্গে আগ্নেয়াস্ত্র বিক্রিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন। অথচ ট্রাম্প ঠিকই পুরোনো বুলি কপচানোকে যথেষ্ট মনে করেছেন। তিনি শিক্ষার্থীদের নিরাপত্তায় সবকিছু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন আবার। কিন্তু সবাই জানে, পার্কল্যান্ডের ঘটনার পর কী ঘটেছিল।
ফেব্রুয়ারির সেই ঘটনার পর প্রেসিডেন্ট একটা কিছু পরিবর্তনের শুধু আশ্বাসই দেননি, এ বিষয়ে তিনি আন্তরিক—এমন ভানও ধরেছিলেন। তিনি একটি দ্বিদলীয় বৈঠকেরও আয়োজন করেছিলেন। বসেছিলেন পার্কল্যান্ড স্কুলের ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে। সে সময় তিনি অস্ত্র কেনার ন্যূনতম বয়সসীমা বাড়িয়ে ২১ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। একই সঙ্গে অস্ত্র বিক্রির সময় ক্রেতার অতীত ইতিহাস ঘেঁটে দেখার বিষয়টি আরও কঠোর করার বিষয়ে এনআরএ প্রতিনিধিদের সঙ্গে কথা বলার কথাও বলেছিলেন তিনি। অবশ্য তাঁর প্রস্তাবের মধ্যে শিক্ষকদের অস্ত্রীকরণের দাওয়াইও ছিল। নানা আলোচনা-সমালোচনার পর তিনি যখন এনআরএর সঙ্গে আলাপ করলেন, তখন শিক্ষকদের অস্ত্রীকরণ ছাড়া আর বাকি সব প্রতিশ্রুতি হাওয়ায় মিলিয়ে গেল। এককথায় অস্ত্র বিক্রির ওপর লাগাম পরানো যায় এমন কোনো পদক্ষেপই নিলেন না তিনি। বরং নিলেন এমন সব নিরাপত্তাব্যবস্থা, যা এনআরএসহ অস্ত্র উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর আয় বাড়িয়ে দিতে পারে।
অস্ত্র নিয়ন্ত্রণে মার্কিন প্রশাসনের অবস্থান এত দিনে সবার কাছে স্পষ্ট হয়ে যাওয়ার কথা। এ বিষয়ে এনআরএর অর্থায়নে আইনপ্রণেতা বনে যাওয়া ব্যক্তিরা কিছু করবেন না—এটা মোটামুটি নিশ্চিত। কথা হচ্ছে, এর বাইরেই বা এসব হামলার বিষয়ে মার্কিন প্রশাসন কী করছে? এককথায় কিছুই না। হ্যাঁ, স্কুলে স্কুলে নিরাপত্তা নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা হচ্ছে। এটা জরুরি, এ কথা উল্লেখ করেই বলা যায়, তার চেয়েও জরুরি হচ্ছে তরুণদের মনোজগতে ঠিক কী ঘটছে তার শুলুক সন্ধান করা। বিভিন্ন বয়সী স্কুলশিক্ষার্থীদের পর্যবেক্ষণের আওতায় নিয়ে তাদের মনস্তাত্ত্বিক কোনো সংকট আছে কি না, তা দেখাটা খুব জরুরি। নেতাদের মানসিক শুশ্রূষা করা না গেলেও ছোট ছেলেমেয়েদের শুশ্রূষা করাটা এখন মনে হয় ভীষণ জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে রাজনীতিতে যে ভাইরাস প্রবেশ করেছে, যা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী মনোভাবকে উসকে দিচ্ছে, যা আমেরিকাজুড়ে এক ভীষণ বিভাজনের রেখা গভীর করে টেনে দিচ্ছে এবং যা পশ্চিমজুড়ে এক নয়া নাৎসিবাদী ধারাকে রসদ জোগাচ্ছে, তার চিকিৎসা প্রয়োজন। এ ক্ষেত্রে ফ্লোরিডার পার্কল্যান্ডে হামলার পর যে তরুণ জাগরণ সৃষ্টি হয়েছিল, যা এখনো সঞ্চারণশীল, তাকেই দাওয়াই হিসেবে ব্যবহার করতে হবে। তরুণদের মধ্যে বিদ্যমান শুভবোধের পরিচর্যা করে তাকে আরও শক্তিশালী করতে হবে, যাতে তা পথ হারানো তরুণদের মনোজগৎকে আক্রমণোদ্যতের বদলে রক্ষাকারীকে ‘নায়ক’ হিসেবে বিবেচনা করার মতো করে বদলে দিতে পারে। মনে রাখা প্রয়োজন, অস্ত্রের রাজনীতি ও রাজনীতিতে অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান বা গোষ্ঠীর লবিকে অক্ষত রেখে এই শুশ্রূষা সম্ভব নয়। কারণ অস্ত্র শুধু যুদ্ধের কথাই বলে; আক্রমণের কথাই বলে। এই আক্রমণের উপকরণ বা কারণ অক্ষত রেখে আর যা-ই হোক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তেমনটি করলে তা শুধু ‘নিরাপত্তা’ ধারণাটিকে ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত করে।