স্ট্যাটেন আইল্যান্ড ফেরি এখন প্রতি ঘণ্টায়
প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় যাত্রীর সংখ্যা অনেক কমে গেছে। তাই নিউইয়র্ক স্ট্যাটেন আইল্যান্ড ফেরি এখন থেকে প্রতি ঘণ্টায় চলাচল করবে।
নিউইয়র্কের মেয়র বিল দ্য ব্লাজিও গত ২৯ মার্চ বলেছেন, লোয়ার রাইডারশিপের কারণে স্ট্যাটেন আইল্যান্ড ফেরি এখন থেকে প্রতি ঘণ্টায় পরিষেবা প্রদান করবে।
প্রেস কনফারেন্সে মেয়র বলেন, আমাদের পদক্ষেপটি নিতে হয়েছে কারণ তুলনামূলক কম লোকই ফেরি ব্যবহার করছে। এই পরিবর্তন ২৯ মার্চ মধ্যরাত থেকে শুরু হয়েছে।
মেয়র আরও বলেন, গত বছরের তুলনায় রাইডারশিপ বর্তমানে ৮৬% হ্রাস পেয়েছে। লোয়ার রাইডারশিপ ও সম্পদ সংরক্ষণের প্রয়োজন হিসেবে আমরা স্ট্যাটেন আইল্যান্ড ফেরিতে প্রতি ঘণ্টার পরিষেবা পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
গত বছরের এই সময়ের তুলনায় ফেরি রাইডারশিপ ৭০% হ্রাস পেলে ব্লাজিও ঘোষণা করেছিলেন, ছুটির দিনে তিন থেকে চারটি বোট চলাচল করবে।
এই সেবা পরিবর্তনের ঘোষণার পরে স্ট্যাটেন আইল্যান্ড বোরোর প্রেসিডেন্ট জেমস ওড্ডো এই পদক্ষেপে টুইট করে তাঁর সমর্থন জানিয়েছেন।
গত সপ্তাহে স্ট্যাটেন আইল্যান্ড ফেরির একজন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্ট্যাটেন আইল্যান্ডে ২৯ মার্চ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে।