স্ট্যাটেন আইল্যান্ডে বাসায় ঢুকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুন হওয়া ব্যক্তির বাড়ির সামনে পুলিশের নিরাপত্তা বেষ্টনি
খুন হওয়া ব্যক্তির বাড়ির সামনে পুলিশের নিরাপত্তা বেষ্টনি

নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে ১১ মে এক বা একাধিক সন্ত্রাসী বাসায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আহত আরকেজনের অবস্থা আশঙ্কাজনক। গুলিতে নিহতদের একজন অন্তঃসত্ত্বা নারী।

৯১১ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তারা মেরিনারস পোতাশ্রয়ের গ্রান্ডভিউ অ্যাভিনিউয়ের বাসায় ঢুকেই তিনজনকে গুলিবিদ্ধ দেখতে পান। অন্তঃসত্ত্বা ডিসুজা (৩৩) এও রদ্রিগুয়েজকে (৪৬) ঘটনাস্থলেই মৃত ঘোষণা করে পুলিশ। অন্য একজন নারী (৪৩) মারাত্মক আহত হন। তাকে রিচমন্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে জরুরি অপারেশনের পর তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ বাসার ভেতর থেকে ১২ মাস বয়সী এক শিশুকেও উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, শিশুটি ডিসুজার মেয়ে। সে এ ঘটনায় অক্ষত ছিল।

ঘটনাস্থলে পৌঁছার পর ফিলিপ মরেনো (৪৩) নামের এক ব্যক্তিকে বাসাটি থেকে বেরিয়ে যেতে দেখেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরেনোকে সার্চ করে পুলিশ পয়েন্ট ২২ কেলিভারের রাগার হ্যান্ডগানটি পায়। ঘটনাস্থল থেকে একটি সাইলেন্সারও উদ্ধার করেছে পুলিশ।

১২১তম প্রিসিনক্ট স্টেশন হাউসের সামনে প্রেস ব্রিফিংয়ে পুলিশ চিফ কেনেথ কোরি এসব তথ্য জানিয়েছেন।

হত্যার উদ্দেশ্য সম্পর্কে ১১ মে সন্ধ্যা পর্যন্ত কিছুই জানা যায়নি। তবে কোরী বলেছেন, ঘটনাস্থল থেকে ড্রাগ সম্পর্কিত কতিপয় সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মরেনো সম্পর্কে পুলিশ জানায়, সে স্ট্যাটেন আইল্যান্ডেরই বাসিন্দা। তার বিরুদ্ধে আগে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অপরাধ প্রমাণিত হয়েছিল। সোমবারের ঘটনার তদন্ত চলছে।