স্ট্যাটেন আইল্যান্ডে বিপুল আগ্নেয়াস্ত্রসহ দম্পতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) স্ট্যাটেন আইল্যান্ডের টম্পকিন্সভিলের একটি বাড়ি থেকে অ্যাসল্ট রাইফেল ও বিপুলসংখ্যক গোলাবারুদসহ ৩৮ বছর বয়সী জোনাথন ও ইয়ালিৎজা গঞ্জালেজ নামের এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। নিউইয়র্ক পুলিশের ডেপুটি কমিশনার জানান, তদন্তের অংশ হিসেবে পুলিশ ওয়েস্টারভেন্ট অ্যাভিনিউয়ের ৪০০ ব্লকের একটি বাড়িতে সার্চ ওয়ারেন্ট কার্যকর করেছিল। সেখান থেকে তারা একটি এআর ফিফটিন অ্যাসল্ট রাইফেল, একটি নাইন এমএম পিস্তল, একটি ব্যালিস্টিক ভেস্ট, ৪০০ রাউন্ডের বেশি গোলাবারুদ ও পিস্তল তৈরির যন্ত্রাংশ উদ্ধার করেছে। পাওয়া গেছে গাঁজাও।

জোনাথন ও ইয়ালিৎজার বিরুদ্ধে বেআইনিভাবে বিপুল পরিমাণ অস্ত্র রাখা, অ্যাসল্ট রাইফেল রাখাসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। তাঁদের সঙ্গে গ্রেপ্তার হওয়া আরেক ব্যক্তির বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ আনা হয়নি। ২২ আগস্ট সকালে ইয়ালিৎজা গঞ্জালেজের প্রতিনিধিত্বকারী একজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এনওয়াইপিডির ফিল্ড ইনটেলিজেন্স ও রেসপন্স টিম দুটি এ বিষয়ে আরও তদন্ত করছে বলে জানানো হয়েছে।