স্ট্যাটেন আইল্যান্ডে রাতে ফেরি কমল

নিউইয়র্ক নগরীর স্ট্যাটেন আইল্যান্ডে ফেরির সংখ্যা হ্রাস করা হয়েছে। কোভিড-১৯–এর কারণে বাজেট কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। নগরীর ফেরি সিস্টেমটি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এ বাজেট কাটা সঠিক হয়নি বলে বোরোর প্রেসিডেন্ট জেমস ওড্ডো মন্তব্য করেছেন।
করোনা মহামারির শুরুতে মেয়র বিল ডি ব্লাজিও ২০২১ সালের বার্ষিক বাজেট ঘোষণা করেন। সেখানে রাতে স্ট্যাটেন আইল্যান্ডে ফেরি সেবা কমানো হয়। বলা হয়, এতে ২০২১ সালের জুলাই পর্যন্ত ৫ দশমিক ৫ মিলিয়ন ডলার বাঁচবে।
স্ট্যাটেন আইল্যান্ডে ফেরির বাজেট কমানোর কারণে রাতের বেলা পরিষেবা হ্রাস পাবে। আগে বছরে মোট যাত্রীর মাত্র এক–চতুর্থাংশ যাত্রী বহন করা সত্ত্বেও ফেরিব্যবস্থা নিয়ে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। সিটির ডেটা অনুসারে নিউইয়র্ক সিটি ফেরি সিস্টেম ২০১৭ সালে ৬ দশমিক ৩ মিলিয়ন যাত্রী পরিবহন করে। ২০১৯ সালে করেছে চার ভাগের একভাগ। স্ট্যাটেন আইল্যান্ড ফেরি সিস্টেম ২০১৯ অর্থবছরে ২৫ দশমিক ২ মিলিয়ন যাত্রী পরিবহন করে।
সিটিজেন বাজেট কমিটি কর্তৃক গত বছর প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায় নিউইয়র্ক সিটি ফেরি সিস্টেম উচ্চ পরিচালনা ব্যয়ের কারণে যাত্রীপ্রতি ১০ দশমিক ৭ ডলারের পাবলিক ভর্তুকি পাওয়া গেছে। সে তুলনায় স্ট্যাটেন আইল্যান্ডে ফেরিতে যাত্রীর জন্য ভর্তুকি জনপ্রতি ৫ দশমিক ৪৬ ডলার।
নিউইয়র্ক সিটি ফেরি সিস্টেম ২০ মার্চ থেকে সীমিত শিডিউলে পরিচালিত হচ্ছে। স্ট্যাটেন আইল্যান্ডের মানুষের অনুরোধ করা হয়েছে যেন প্রয়োজনে ফেরি ব্যবহার করা হয় এবং আপাতত সব বিনোদনমূলক ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
বোরোর প্রেসিডেন্ট জেমস ওড্ডো জানুয়ারি মাসে বলেছিলেন, তিনি ব্রুকলিনের সঙ্গে একটি ফেরি রুট দেখতে চান, যা নর্থ শোরকে ব্রুকলিনের বিদ্যমান দক্ষিণ ব্রুকলিন ফেস্ট ফেরি রুটের সঙ্গে সংযুক্ত করবে। এতে বেরিজ, সানসেট পার্ক, রেড হুক, আটলান্টিক অ্যাভিনিউ ও ডুমবো স্টপস অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, এ রুট সম্প্রসারণের জন্য ব্রুকলিন বোরোর প্রেসিডেন্ট এরিক অ্যাডামসের সঙ্গে কাজ করছেন। অ্যাডামসের মতে, শহরগুলোকে সংযুক্ত করার জন্য যদি অতিরিক্ত উপায় বিবেচনা না করা হয়, তাহলে শহরটি একটি নানামুখী সংযোগ থেকে বিচ্ছিন্ন থাকবে।
বোরোর নির্বাচিত কর্মকর্তারা যত তাড়াতাড়ি সম্ভব রাত্রিকালীন সার্ভিসটি পুনরায় কার্যকর করার জন্য পরিবহন অধিদপ্তরকে আহ্বান জানিয়েছেন। বোরোর প্রেসিডেন্ট ওড্ডো বলেছেন, যে মুহূর্তে 'স্টে হোম' তুলে নেওয়া হবে, সেই সময়ে রাইডারশিপ বাড়ানো হবে। সেই সময় ফেরি সার্ভিস কমানোর বিষয়টি অবশ্যই বাতিল করা হবে বলে তিনি আশ্বাস দেন।