স্ত্রী থেকে রেহাই পেতে ব্যাংক ডাকাতি!
বয়স তাঁর ৭০ বছর। এই বুড়ো বয়সে ব্যাংক ডাকাতি করেছেন। কারণ, তিনি স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে চান। মনে হয়েছে কারাগারে যাওয়াই সে ইচ্ছা পূরণের একমাত্র উপায়।
আদালতের নথিপত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের ওই ব্যক্তির নাম লরেন্স রিপল। স্ত্রী রেমেডিওসের সঙ্গে তাঁর বেশ বড় ধরনের ঝগড়া হয়েছিল। ‘বরং জেলখানায় যাব, তবু বাড়ি ফিরব না’—রেগেমেগে এই ঘোষণা দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যান রিপল। এরপর সোজা গিয়ে ঢোকেন ক্যানসাস সিটির এক ব্যাংকে। কাউন্টারে গিয়ে টাকাপয়সা দাবি করে বলেন, তাঁর কাছে একটা বন্দুক আছে।
নিজের সম্ভাব্য পরিণতি জানাই ছিল আনাড়ি ডাকাত রিপলের। তিনি চেয়েছিলেন সেটাই। তাই তিন হাজার মার্কিন ডলার নগদ হাতে পেয়েও পালিয়ে যাননি। বরং গ্রেপ্তার হওয়ার জন্য অপেক্ষা করলেন। পুলিশ এলে বললেন, স্ত্রীর সঙ্গে থাকা তাঁর পক্ষে আর সম্ভবই হচ্ছে না।
শেষ পর্যন্ত লরেন্স রিপলের ইচ্ছা পূরণ হয়েছে। এখন তিনি কারাগারে। স্ত্রীর কাছ থেকে বিচ্ছেদ বা আলাদা থাকাটাও তাঁর সমস্যার সমাধান হতে পারত। কিন্তু রিপল ওই পথে যেতে চাননি। কারণ, একা থাকতে নাকি তাঁর ভয় লাগে! এখন কারাগারই এ বৃদ্ধের বাড়ি। সেখানে নতুন অনেক বন্ধু মিলেছে। একসঙ্গে খাওয়াদাওয়া এবং স্বাস্থ্যসেবা নেওয়ার সুযোগও আছে।
রিপলের ডাকাতি করে পাওয়া তিন হাজার ডলার ফিরিয়ে দেওয়া হয়েছে ব্রাদারহুড ব্যাংক অ্যান্ড ট্রাস্টকে। কী নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া বেঁধেছিল, সেটা অবশ্য আদালতের নথিতে লিপিপদ্ধ হয়নি। আর তাঁর পক্ষে কোনো উকিলও দাঁড়াননি।