স্ত্রী হত্যার পরিকল্পনা বার্তা চলে গেল বসের কাছে
‘হেই শেইন, কেমন চলছে? তুমি আমাকে বলেছিলে, আমার স্ত্রীকে খুন করতে সাহায্য করবে। আমি তোমাকে ওই কাজে ভাড়া করতে চাই।’ নিজের মোবাইলে এমনই এক বার্তা লিখেছিলেন ওয়াশিংটনের বাসিন্দা জেফরি স্কট লাইটেল। তবে এই বার্তাটি শেইনের কাছে না গিয়ে চলে যায় তাঁর সাবেক বসের কাছে। ফলাফল যা হওয়ার তাই হয়। গত সপ্তাহে স্ত্রীকে হত্যার পরিকল্পনার অভিযোগে জেফরিকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াশিংটন পোস্টে ঘটনাটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
জেফরি তাঁর ওই বার্তায় লেখেন, তাঁর স্ত্রীর নামে ১০ লাখ ডলারের বিমা করা আছে। খুনের পর ওই অর্থ ভাগাভাগি করে নেবেন দুজন। তবে শেইন যদি আরও বেশি অর্থ পেতে চান, তাহলে সে জেফরির চার বছরের মেয়েকেও হত্যা করতে পারেন। এই মেয়ের নামে রয়েছে ৫০ হাজার ডলারের বিমা।
তবে পরিবারের সদস্যদের মৃত্যু হলে এই অর্থের দাবিদার জেফরিই হবেন কি না, তা বার্তায় বোঝা যায়নি। তিনি আরও লেখেন, ‘তাঁর স্ত্রী ওয়ালমার্টে চাকরি করেন, বেলা দুইটার দিকে কাজে যান। ভোর পাঁচটায় তিনি (জেফরি) চলে যান কাজে। শেইন যদি সকালে এসে তাঁর স্ত্রীকে হত্যা করেন, সবাই এ ঘটনা ডাকাতি হিসেবে নেবে।’
জেফরির মোবাইল নম্বর থেকে এই হত্যা পরিকল্পনার বার্তাটি চলে যায় তাঁর সাবেক বসের কাছে। যিনি পুলিশকে বিষয়টি জানান।
পুলিশের জিজ্ঞাসাবাদে জেফরি প্রথমে পুরোপুরি অস্বীকার করেন বিষয়টি। পরে জেরার মুখে স্বীকার করেন যে বার্তাটি তিনি লিখেছিলেন। তবে কোনো কিছু ভেবে বা পরিকল্পনা করে নয়। নিছক মনের ক্ষোভ ঝেড়েছেন বার্তাটিতে। তাঁর দাবি, অন্য মেয়েদের সঙ্গে কথা বললে রাগ হন তারঁ স্ত্রী। সেই ক্ষোভে এমনিতেই মোবাইলের মেসেজ অপশনে এসব লিখেছিলেন তিনি। এমনকি শেইন নামের কাউকে চেনেনই না জেফরি। এটি তাঁর মনগড়া চরিত্র। তিনি পুলিশকে এ-ও জানান যে প্রায়ই তাঁর হতাশা তিনি মোবাইল মেসেজে লিখে রাখেন, অনেকটা ডায়েরি লেখার মতো। এগুলো কাউকেই পাঠানো হয় না। এই বার্তাটি তাঁর মেয়ে ভুলবশত সাবেক বসের কাছে পাঠিয়ে থাকতে পারে।
বলা বাহুল্য, বিষয়টিকে এত সহজভাবে দেখছে না ওয়াশিংটন পুলিশ। তাঁরা জেফরির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ দায়ের করেছেন। জেফরির বক্তব্য সত্যি কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, জেফরির পরিবারের সদস্যদের বিমাবিষয়ক কোনো তথ্য তাঁরা এখনো পাননি। মোবাইল ফোনটি পরীক্ষা করতে হুকুমনামার জন্য অপেক্ষা করছেন তাঁরা।
এদিকে জেফরির বন্ধুদেরও দাবি, এটা ভুল-বোঝাবুঝি হয়ে থাকতে পারে। জেফরি এমন কাজ করার মতো মানুষ নয় বলেই দাবি তাঁদের।