স্থানীয় ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানে ওকাসিওর পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ

কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ নিউইয়র্কের স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহান্তে স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনের সময় তিনি এ আহ্বান জানান।

রাস্তায় ভ্রাম্যমাণ দোকান থেকে শুরু করে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের টিকে থাকার লড়াই নিয়ে নিজের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন ওকাসিও। মহামারির কারণে সৃষ্ট চলমান অর্থনৈতিক বিপর্যয়ে নিউইয়র্কের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চরম টানাপোড়েনের মধ্যে দিন অতবাহিত করছে। ওকাসিও এদিন জ্যাকসন হাইটস ও সিটি আইল্যান্ডে তাঁর নির্বাচনী এলাকার বেশ কিছু ক্ষুদ্র প্রতিষ্ঠান ঘুরে দেখেন। সম্প্রতি তিনি স্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে এ বিষয়ে বৈঠকও করেছেন। সেখানে আসছে নাগরিক প্রণোদনা প্যাকেজে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সম্ভাব্য সহযোগিতার ধরন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এ বিষয়ে ওকাসিওর প্রচার ব্যবস্থাপক রেবেকা রদ্রিগেজ বলেছেন, ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে এখন আমাদের বেশি করে দাঁড়ানো প্রয়োজন। নিজে কেনাকাটা করাসহ অন্যদের স্থানীয় প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করা, সেবা গ্রহণ করার জন্য উৎসাহিত করতে হবে।’

কংগ্রেসওম্যান ওকাসিওর প্রচার শিবির থেকে বলা হয়েছে, স্থানীয় বহু প্রতিষ্ঠান তাদের ইউটিলিটি বিলসহ নানা বিল পরিশোধে হিমশিম খাচ্ছে। স্ট্রিট ভেন্ডারদের এখন চরম দুঃসময় চলছে। সড়কে লোকজনের উপস্থিতি নেই। এমন বাস্তবতায় লোকজনকে কালোবাজারিতে ২০ হাজার ডলারের পারমিট ফি দিতে হচ্ছে। অথচ নগরের এমন পারমিট ফি ২০০ ডলার হওয়ার কথা।