স্থানীয় বাঙালিদের খবরকে প্রাধান্য দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর উত্তর আমেরিকা কার্যালয়ে প্রীতি আলোচনায় উপস্থিত বিশিষ্ট জনেরা। ছবি: প্রথম আলো
প্রথম আলোর উত্তর আমেরিকা কার্যালয়ে প্রীতি আলোচনায় উপস্থিত বিশিষ্ট জনেরা। ছবি: প্রথম আলো

প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণে স্থানীয় বাঙালিদের খবরকে প্রাধান্য দিতে হবে। প্রতি দিন এই কমিউনিটিতে নতুন নতুন লোক যুক্ত হচ্ছে। এই নতুন লোকেরা কী করতে পারে সে ব্যাপারে প্রথম আলোকে পরামর্শকের ভূমিকা পালন করতে হবে। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর উত্তর আমেরিকা কার্যালয়ে এক আলোচনায় লেখক ও সাহিত্যিকেরা এই অভিমত দেন।
নিউইয়র্কে প্রথম আলোর উত্তর-আমেরিকা কার্যালয়ে এক অন্তরঙ্গ আলোচনা সন্ধ্যায় একত্রিত হয়েছিলেন প্রবাসের লেখক ও বুদ্ধিজীবীরা। আলোচনায় তাঁরা বলেন, অল্প সময়ের মধ্যেই উত্তর-আমেরিকার বাংলাদেশি কমিউনিটির কাছে পত্রিকাটি আস্থা অর্জন করতে পেরেছে। এর মান আরও বাড়াতে এবং কমিউনিটির কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলতে কী করতে হবে সে বিষয়ে উপস্থিত সবাই বিভিন্ন পরামর্শ দেন। তাঁরা বলেন, সাহিত্য রচনা প্রকাশের বেলায় লেখার মানকে আরও গুরুত্ব দিতে হবে। অগ্রাধিকার দিতে হবে বাংলাভাষী জনগোষ্ঠীকে। সৃজনশীল রচনার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া উচিত অনাবাসীদের জীবনসংগ্রামকে। আমেরিকার সাহিত্যিক সমাজের নানা খবরের প্রতিফলনও থাকতে হবে এখানে। যাঁদের লেখা প্রকাশিত হয়, তাঁদের উপযুক্ত সম্মানী দেওয়া উচিত। লেখা প্রকাশিত হলে পত্রিকার পক্ষ থেকে লেখকদের কাছে অন্তত এক কপি সৌজন্য সংখ্যা পৌঁছে দেওয়া কর্তব্য।
উপস্থিত ব্যক্তিরা বলেন, এই পত্রিকার একটি ছোটদের বিভাগ থাকা দরকার। এতে ছোটদের আগ্রহ জন্মাবে দেশ ও মানুষের সম্পর্কে। ম্যানহাটনে অনেক জাদুঘর আছে। সেসব জাদুঘরে নিয়মিতই অনেক রকম অনুষ্ঠানে থাকে, যার খবর বাংলা পত্রিকাগুলোয় একেবারেই আসে না। সেসব খবর এখানে আসা উচিত। অন্তত প্রথম আলো উত্তর আমেরিকায় এই ধরনের খবরকে প্রাধান্য দিতে হবে। কমিউনিটিতে যুক্ত হওয়া নতুন মানুষের জন্য সরকারি চাকরির কী সম্ভাবনা আছে তা নিয়ে নিয়মিত ফিচার থাকতে পারে। উত্তর-আমেরিকা জুড়ে বাংলাদেশি কমিউনিটির অনেকেই সামাজিক ও পেশাগত দিক থেকে কীর্তিমান। তাঁদের এই কৃতিত্বের কাহিনি প্রচারের ব্যাপারে একটি সামগ্রিক পরিকল্পনা নেওয়া দরকার। বাঙালি কমিউনিটির অধিকাংশই সাধারণ কর্মজীবী মানুষ। তাঁদের সহযোগিতা করার দিকে লক্ষ্য রেখে পত্রিকার পরিকল্পনা সাজাতে হবে।
আলোচনায় অংশ নিয়ে বিশিষ্ট সাংবাদিক হাসান ফেরদৌস বলেন, লেখক সাহিত্যিকেরা প্রথম আলোর জন্য যেসব সাহায্য সহযোগিতা নিয়ে আসতে পারেন, তা নিজে থেকে জানালে পত্রিকাটি তা গ্রহণ করার প্রয়াস চালাবে।

প্রথম আলোর উত্তর আমেরিকা কার্যালয়ে প্রীতি আলোচনায় উপস্থিত বিশিষ্ট জনেরা। ছবি: প্রথম আলো
প্রথম আলোর উত্তর আমেরিকা কার্যালয়ে প্রীতি আলোচনায় উপস্থিত বিশিষ্ট জনেরা। ছবি: প্রথম আলো

প্রীতিসম্মেলনে উপস্থিত ছিলেন হাসান ফেরদৌস, মাহবুব হাসান, ওবায়দুল্লাহ আল মামুন, শামস আল মমীন, তমিজউদ্দীন লোদী, সাইফুল সিদ্দিক, মোশাররফ হোসেন, ফকির ইলিয়াস, হাসান আল আবদুল্লাহ, শাহীন ইবনে দিলওয়ার, মো. রেজাউল করিম মুরাদ, আহমাদ মাযহার, শিরীন বকুল, মনজুর কাদের, মুহাম্মদ শহীদুল্লাহ, সিনহা আবুল মনসুর, রওশন হাসান, আশরাফুল হাসান বুলবুল, হুমায়ূন কবীর ঢালী, ছন্দা খান, অনীক রহমান, ইব্রাহীম চৌধুরী, সাহেদ আলম, মোহাম্মদ জয়নাল আবেদীন, ইশতিয়াক রুপু, দেওয়ান মাহমুদ চৌধুরী, শামীম আল আমীন, আবদুল্লাহ জাহিদ, দেওয়ান মাহমুদ চৌধুরী, ফারহানা ইলিয়াস তুলি, লুৎফা শাহানা, লিসানুর রসুল, তুহীন চৌধুরী , আনিসুর রহমান, আশরাফুল ইসলাম বুলবুল, মামুন আহমেদ, এম রশীদ, রেজাউল করিম প্রমুখ।
প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে সাইফুল সিদ্দিক ও ইব্রাহীম চৌধুরী সভায় লেখকদের প্রথম আলো উত্তর আমেরিকার সঙ্গে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, নানা পরিকল্পনা বাস্তবায়নের জন্য সৃষ্টিশীল মানুষের নিবিড় সম্পৃক্ততা তাঁদের প্রয়াসকে আরও বেগবান করবে।
ইফতার ও এর পরে নৈশভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।