স্থায়ী বেকারত্বের পথে যাচ্ছে লাখো মার্কিন কর্মজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে নেমে আসা বিপর্যয়ে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রজুড়ে যে ব্যাপক বেকারত্ব নেমে এসেছিল, সেটি স্থায়ী হতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। শুরুতে অনেকে মনে করেছিলেন, করোনাভাইরাসের কারণে বেকারত্বের এই পরিস্থিতি বেশি দিন স্থায়ী হবে না। ব্যবসা–বাণিজ্য আবার চালু হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

কিন্তু যতই দিন যাচ্ছে, বাস্তবতা ভিন্নভাবে দৃশ্যমান হচ্ছে। অল স্টেট, আমেরিকান এয়ারলাইনস, ডিজনি, রয়েল ডাচ শেল ও ইউনাইটেড এয়ারলাইনসের মতো বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সংস্থা সম্প্রতি কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করেছে।

গত কয়েক মাসে করোনাভাইরাসের প্রকোপে অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়। তবে করোনা সংক্রমণ কমার পর লাখ লাখ মার্কিন নাগরিক আবার কাজ ফিরেছেন। আমেরিকান কাজ করতে শুরু করেছে। তারপরও প্রায় ১৩ মিলিয়ন (১ কোটি ৩০ লাখ) কর্মজীবী বর্তমানে বেকার। করোনা মহামারি শুরুর আগের তুলনায় এই সংখ্যা প্রায় ৭০ লাখ বেশি। বেকারত্বের এই সংখ্যা আশানুরূপভাবে কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।

মহামারির শুরুতে ১ কোটি ৮০ লাখের বেশি শ্রমিকের ৫ জনের মধ্যে ৪ জন বেকার ছিল। অস্থায়ী ছাঁটাই হয়েছে এমন লোকজনের প্রত্যাশা ছিল, তারা পুনরায় কাজে ফিরতে পারবে। কিন্তু এই সংখ্যাটি সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৪৬ লাখে গিয়ে ঠেকেছে। অন্যদিকে শ্রম পরিসংখ্যান ব্যুরোর দেওয়া তথ্যানুসারে, সেপ্টেম্বরে স্থায়ী চাকরির ক্ষতির সংখ্যা তিন লাখ ৪৫ হাজার বৃদ্ধি পেয়ে ৩৮ লাখে গিয়ে ঠেকেছে।

চাকরির এই মন্দা নিম্ন বেতনের শ্রমিক ও সংখ্যালঘুদের জীবনে ব্যাপক প্রভাব ফেলছে। অন্যান্য গোষ্ঠীর তুলনায় নিম্ন বেতনের শ্রমিক ও সংখ্যালঘুরা এই আর্থিক ধাক্কা সামলাতে সক্ষম নয় বলে অর্থনীতিবিদরা ধারণা করছেন।

বেকারত্ব আইন প্রকল্পের সিনিয়র অ্যাটর্নি বেহনাজ মনসৌরি সিএনবিসিকে বলেন, সংখ্যালঘু গোষ্ঠীর ওপর [চাকরি বাজারে মন্দার কারণে] যে প্রভাব পড়বে, তা অত্যন্ত বিস্ময়কর।

ডব্লিউইয়ের আপজন ইনস্টিটিউট ফর এমপ্লয়ি রিসার্চের ভিপি ও গবেষণা পরিচালক সুসান হাউসম্যান বলেন, ‘আমরা এখনো খুব বেশি চাকরি ছাঁটাই করছি।’ তিনি আরও বলেন, ‘নতুন চাকরির এই ক্ষতি এক সময় বড় আকারে স্থায়ী সমস্যা হয়ে দেখা দেবে।’

এদিকে যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের মতে, শুধু গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ৮ লাখের বেশি শ্রমিক বেকার বিমার জন্য নতুন করে আবেদন করেছে, যা গত বছরের একই সময়ের আবেদন করা চেয়ে ১ লাখ ৮৮ হাজার বেশি।