স্থূলকায় কর্মীতে ভারী নিউইয়র্ক পুলিশ

বাংলাদেশের পুলিশের বিশাল বপু নিয়ে অনেক ঠাট্টা-তামাশা প্রচলিত। বহু গল্পও ফাঁদা হয়েছে এ নিয়ে। এখন সেই অবস্থা নিউইয়র্ক পুলিশেরও। অবস্থা বিবেচনায় এই ধারায় কিছু সংযোজনের প্রয়োজন বলে মনে হচ্ছে। আর এই পরিবর্তনের দাবিটি তুলেছে খোদ নিউইয়র্ক পুলিশ বিভাগ। কারণ নিউইয়র্ক পুলিশ বিভাগ এখন আর শুধু বিশ্বের সবচেয়ে বড় পুলিশ বিভাগ শুধু নয়, সবচেয়ে বেশি সংখ্যক স্থূলকায় পুলিশ সদস্যও রয়েছে এই বিভাগে।
আর এই স্থূলকায় পুলিশদের ভার নূহ্য হয়ে পড়েছে নিউইয়র্ক পুলিশ। কিছু পুলিশ সদস্য এতই মোটা যে, টহল গাড়িতে চড়তে তাদের আক্ষরিক অর্থেই সিটটি সরিয়ে পেছনে নিতে হয়। যদিও এই নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো মাথাব্যথাই নেই। তবে এই পরিস্থিতি অস্বীকারেরও জো নেই তাদের।
নিউইয়র্ক পুলিশের এক অভিজ্ঞ সদস্য নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘আমরা বিশ্বের সবচেয়ে বড় পুলিশ বিভাগ।’ এই গৌরবের কথাটি জানানোর পরপরই তিনি বলছেন, ‘আমেরিকায় আমরাই সবচেয়ে স্থূলকায় পুলিশ।’ অবশ্য কারণও বলছেন তিনি, ‘কারণ আমাদের জন্য কোনো আকার নির্ধারণ করে দেওয়া হয়নি।’
তবে অভিজ্ঞ এই পুলিশ সদস্য যত হলকা চালেই এই কথা বলুন না কেন বিষয়টি অতটা হালকা নয়। তাঁর অনেক সহকর্মীই এই বিষয়টিকে সংকট হিসেবে দেখেন। তাঁদের মতে, স্থূলতা নিউইয়র্ক পুলিশ বিভাগের বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। প্রয়োজনের মুহূর্তে এই বিশাল বপু সহকর্মীরা যথাযথভাবে কাজে লাগতে পারবেন কিনা তা নিয়েও তাদের সংশয় রয়েছে।
এক পুলিশ তো সরাসরিই বললেন, ‘আপনার সহকর্মীর ওজন যদি ৩০০ পাউন্ড (১৩৬ কেজি) হয়, তাহলে সে কখনোই সিঁড়ি বাইতে পারবে না। আর এটি ভীষণ ভয়াবহ ব্যাপার হয়ে উঠতে পারে।’
২০১৫ সালের এক ভিডিও ফুটেজে নিজেদের জিম্মায় থাকা দুই হাতকড়া পরা অপরাধীকে ধরতে খোলা হাতের দুই গোয়েন্দাকে নাকাল হতে দেখা গেছে। কারণ আর কিছুই নয়, তাদের বিশাল শরীর। বিরাট শরীর নিয়ে ছিপছিপে গড়নের দুই অপরাধীকে ধরার সাধ্য তাদের ছিল না। বিষয়টি হাস্যরসের সৃষ্টি করলেও, এটা এক ভয়াবহ পরিস্থিতির জানান দেয়।
বিষয়টি শুধু শঙ্কা ও সংশয়ে আর সীমাবদ্ধ নেই। এই স্থূলতার বিষয়টি মামলা পর্যন্ত গড়িয়েছে। আর মামলাটি করেছেন নিউইয়র্ক পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হোসে ভেগা। ১৭ বছরের কর্মজীবনে তাঁর ওজন ১৮০ পাউন্ড থেকে বেড়ে ৩৯৫ পাউন্ডে পৌঁছেছে। আর এটিকে তিনি কর্মসূত্রে সৃষ্ট অক্ষমতা হিসেবে আখ্যা দিয়ে পেনশনের দাবি করে মামলা ঠুকেছেন।
এই সমস্যার জন্য পুলিশ সদস্যরা নিউইয়র্ক পুলিশ বিভাগের কোনো নির্ধারিত ফিটনেস নীতিমালা না থাকাকে দায়ী করছেন। এ বিষয়ে নিউইয়র্ক পোস্টকে এক পুলিশ সদস্য বলেন, ‘পুলিশ অ্যাকাডেমি থেকে পাস করে বাহিনীতে যোগ দেওয়ার পর এক ধরনের শৈথিল্য চলে আসে। শরীর ঠিক রাখতে কোনো বাঁধাধরা রুটিনও নেই। অনেক পুলিশ সদস্যই তাই দিনকে দিন মোটা ও শ্লথ হয়ে পড়ে। তারা কোনোভাবেই স্বাস্থ্যবান নয়।’
ঠিক বিপরীত অবস্থা নিউইয়র্ক দমকল বিভাগের। এই বিভাগের কর্মীদের নিয়মিত বিরতিতে স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। রয়েছে শারীরিক সক্ষমতা বিচারে বার্ষিক বিশেষ পরীক্ষাও। এসব পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থদের সাময়িকভাবে কাজের বাইর রাখা হয়। পরবর্তী পরীক্ষায় নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে পারলেই তাঁরা আবার কাজে ফিরে আসেন।
বিষয়টি যে কখনোই বিবেচনায় আসেনি এমন নয়। ২০১৫ সালে সে সময়ের পুলিশ কমিশনার বিল ব্র্যাটন নিউইয়র্ক পুলিশেও লন্ডন পুলিশের মতো ফিটনেস টেস্টের সূচনা করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পুলিশ ইউনিয়নের সঙ্গে এ বিষয়ে সমঝোতা না হওয়ায় তা আলোর মুখ দেখেনি।
ফিটনেস ধরে রাখার বিষয়ে কর্মীদের উৎসাহ দেওয়ার ক্ষেত্রে এমনকি আমেরিকারই অনেক শহর থেকে পিছিয়ে আছে নিউইয়র্ক পুলিশ। বহু অঙ্গরাজ্যেই এ জন্য বিশেষ উদ্দীপনা দেওয়া হয়। শিকাগোয় ফিটনেস পরীক্ষায় পাস করলে পুলিশ সদস্যদের সাড়ে ৩০০ ডলার বোনাস দেওয়া হয়। আর কলাগাছ ও ওহাইওতে এ ক্ষেত্রে দেওয়া হয় বাড়তি সবেতন ছুটি ও বিশেষ স্মারক। কিন্তু নিউইয়র্কে এর কোনো বালাই নেই। ফলে পুলিশ সদস্যদের মধ্যেও শারীরিক সক্ষমতা ধরে রাখার কোনো তাগিদ নেই।