স্নোডেনকে ক্ষমার আবেদন নাকচ

এডওয়ার্ড স্নোডেনকে ক্ষমা করে দেওয়ার একটি আবেদন প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন গত মঙ্গলবার বলেছে, তারা মনে করে, কর্মকাণ্ডের জন্য স্নোডেনের সাজা ভোগ করা উচিত। খবর গার্ডিয়ানের।
দুই বছর আগে স্নোডেন যুক্তরাষ্ট্র সরকারের লাখ লাখ গোপন নথি ফাঁস করে দেন। তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) একজন সাবেক ঠিকাদার।
‘উই দ্য পিপল’ নামে নাগরিকদের একটি জোট স্নোডেনকে ক্ষমা করে দেওয়ার জন্য স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বরাষ্ট্র ও সন্ত্রাসবাদবিরোধী উপদেষ্টা লিসা মোনাকো এক বিবৃতিতে বলেন, ‘গোপন তথ্য চুরি এবং তা প্রকাশ করে স্নোডেন ভয়াবহ কাজ করেছেন। আমাদের দেশের নিরাপত্তার ওপর এর চরম ক্ষতিকর প্রভাব রয়েছে।’
উই দ্য পিপল প্রচারাভিযানের আবেদনে ১ লাখ ৬৮ হাজার মানুষ স্বাক্ষর করে। আবেদনে স্নোডেনকে ‘জাতীয় বীর’ হিসেবে আখ্যায়িত করে বলা হয়, ‘তিনি যে অপরাধই করে থাকুন না কেন, তাঁকে নিঃশর্তভাবে ক্ষমা করে দেওয়া উচিত।’
যুক্তরাষ্ট্র সরকার স্নোডেনের বিরুদ্ধে রাষ্ট্রীয় তথ্য চুরির অভিযোগ এনেছে। তথ্যগুলো প্রকাশের পর থেকে স্নোডেন দেশ ছেড়ে হংকং হয়ে রাশিয়াতে আশ্রয় নিয়েছেন। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকারকর্মীদের অনেকেই মনে করেন, স্নোডেন সাহসী কাজ করেছেন। সরকারের উচিত তাঁকে ক্ষমা করে দেওয়া।
তবে ওবামার উপদেষ্টা লিসা মোনাকো তাঁর বিবৃতিতে বলেন, স্নোডেনের যুক্তরাষ্ট্রে ফিরে আসা উচিত। কর্তৃত্ববাদী কোনো সরকারের সহায়তায় লুকিয়ে না থেকে তাঁর আদালতের মুখোমুখি হওয়া উচিত।