স্ন্যাপচ্যাট ব্যবহার করে কিশোরী উদ্ধার

ক্যালিফোর্নিয়া পুলিশ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট ব্যবহার করে এক ১৪ বছর বয়সী কিশোরীকে ভয়াবহ পরিস্থিতির হাত থেকে উদ্ধার করেছে। ওই কিশোরীকে স্যান জোস মোটেলে তিনজন লোক আটকে রেখেছিল। এ অবস্থা থেকে উদ্ধারে ক্যালিফোর্নিয়া পুলিশকে ওই কিশোরীর বন্ধুরা স্ন্যাপচ্যাটের মাধ্যমে সহযোগিতা করে।
১৬ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে ক্যালিফোর্নিয়া পুলিশ জানায়, তিনজন ব্যক্তি একটি মোটেলে আটকে রেখেছিল ওই কিশোরীকে। তাদের মধ্যে একজন মেয়েটিকে মাদকাসক্ত করে ধর্ষণ করেছিল। সে স্ন্যাপচ্যাট ব্যবহার করে বন্ধুদের নিজের পরিস্থিতি সম্পর্কে জানায়। পরে তার বন্ধুরা ওই অ্যাপ ব্যবহার করেই তার অবস্থানটি নির্ণয় করে। পরে তারা পুলিশকে অবহিত করলে কিছুক্ষণের মধ্যে পুলিশ মেয়েটিকে সেখান থেকে উদ্ধার করে।
তদন্তে দেখা গেছে, সন্দেহভাজনদের একজন আলবার্ট ভাস্কেজ ১৪ জানুয়ারি সকালে নিকটস্থ রাজধানী ক্যাপিটোলাতে ওই কিশোরীর সঙ্গে দেখা করেন। পরে মাদকের মাধ্যমে ওই কিশোরীকে তিনি অচেতন করেন। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি আন্তোনিও সালভাদর (৩৪) ও হেডিবার্তো আভারেঙ্গা (৩১) নামের অন্য দুই ব্যক্তির সহযোগিতায় কিশোরীটিকে গাড়িতে তুলে মোটেলে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ভাস্কেজ ওই কিশোরীকে গাড়িতে থাকতেই নির্যাতন করেন। সেদিনই মোটেল থেকে ভাস্কেজকে গ্রেপ্তার করে পুলিশ।