স্পেনে গ্রেপ্তার হলেন রাশিয়ার প্রোগ্রামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ‘হ্যাকিংয়ে’ জড়িত অভিযোগে রাশিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করেছে স্পেনের পুলিশ। দেশটির সংবাদমাধ্যমে জানানো হয়, বার্সেলোনায় গত শুক্রবার গ্রেপ্তার হন পিয়েত্রো লেভাশভ নামের ওই কম্পিউটার প্রোগ্রামার। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

স্পেনের সংবাদমাধ্যম এল কনফিডেনশিয়াল এক খবরে জানায়, প্রেসিডেন্ট নির্বাচনে ‘হ্যাকিংয়ে’ জড়িত সন্দেহে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ লেভাশভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। অভিযোগ রয়েছে, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করতে রুশ কর্তৃপক্ষের মদদে ডেমোক্রেটিক পার্টির প্রচারণাকাজের কম্পিউটার হ্যাক করা হয়েছিল।

নির্ভরযোগ্য একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, লেভাশভকে হস্তান্তর করতে স্পেনের কাছে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্পেনের জাতীয় ফৌজদারি আদালত এখন সে অনুরোধ পরীক্ষা-নিরীক্ষা করবেন।