স্পেশাল শিশুর মা
বাংলাদেশে থাকতে জেনেছিলাম, মানসিক প্রতিবন্ধী শিশু সেই পরিবারের জন্য বিরাট কষ্টের ব্যাপার। কেউ বলে অভিশাপ। ঢাকায় পরিচিত এক পরিবারে এমন একটি ছেলে সন্তান ছিল। বাসায় পার্টির আয়োজন হলে ছেলেটির উপস্থিতিতে বাড়ির সৌন্দর্য নষ্ট হবে—এই মনে মা তাঁর ছেলেকে অন্যত্র পাঠানোর উদ্যোগ নিলেন। ঢাকার বাইরে ওই ছেলের চাচার একটি এনজিও ছিল। সেখানে কলোনির একদম শেষ মাথায় একজন তত্ত্বাবধায়কের সঙ্গে টিনের ঘরে থাকত মানসিক প্রতিবন্ধী ওই ছেলে। দিনে তাকে ঘর থেকে বের হতে দেওয়া হতো না। বিকেল পাঁচটায় এনজিওর কর্মীদের ছুটি হলে সে বাইরে বের হতো। অথচ অনেক মানুষ দেখতে পছন্দ করত সেই ছেলে।
অনাত্মীয় ছেলেটির জন্য হৃদয় মুচড়ে উঠেছিল। যার মা নিজেই তার মানসিক প্রতিবন্ধী সন্তানকে রেখে আসেন অন্যখানে, তার কষ্ট বোঝার ক্ষমতা কোনো মানুষের পক্ষে সম্ভব না। মানবিক বোধসম্পন্ন মানুষেরা মাঝে মাঝে এত অমানবিক হয়ে যায় যে চিন্তা করা যায় না। জীবনের একটা সময় এসে জেনেছি, আমার সন্তানও অটিস্টিক। সে আর ১০টা শিশুর মতো নয়, তখন প্রচণ্ড আঘাত পেয়েছি মনে। তবে যেকোনো আঘাত মানুষকে আরও শক্তিশালী করে, আমাকেও করেছে। নিয়তিকে মেনে নিয়ে পাড়ি জমিয়েছি এই দেশে। আর এখানে এসে জেনেছি, যে শিশুকে বাংলাদেশে আমরা বলি পাগল, মানসিক প্রতিবন্ধী, অটিস্টিক কিংবা ডাউন সিনড্রোম বেবি এখানে বলে ‘স্পেশাল’। তার মা আর দশজন মায়ের মতো তো নয়, তিনি একজন স্পেশাল মা।
বাংলাদেশে থাকার সময় আমার ছেলের বয়স চারের নিচে ছিল। বয়স কম, চোখ মুখ মায়ায় ভরা বলে কেউ বুঝতে পারত না ও আসলে অন্যদের চেয়ে আলাদা। যে কারণে তেমন কোনো অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হয়নি। পিজি হাসপাতালে ওর একটা ইভ্যুউলিশন করানো হয়েছিল। খুব সাদামাটা মানের। তার ভিত্তিতে জানানো হয়েছিল আমার ছেলে অটিস্টিক। পিজি হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের তত্ত্বাবধানে অটিস্টিক শিশুদের একটা স্কুল চালাতো। কিন্তু সেখানে সিট পাওয়া দুর্লভ হওয়ায় ছেলেকে ভর্তি করাতে পারিনি। তবু সামান্য হলেও বাংলাদেশের অন্যান্য সরকারি হাসপাতালের তুলনায় সেই সময় পিজি হাসপাতালে কিছুটা অটিজম নিয়ে চর্চা ছিল।
পিজি হাসপাতালের ডেভেলপমেন্ট ক্লিনিকে চাকরিরত একজন ভদ্রমহিলা জানালেন, ওনার নিজেরই একটা স্কুল আছে মগবাজারের মধুবাগে। শ্যামলী ও লালমাটিয়াতে কিছু ভালো স্কুল ছিল ‘অটিস্টিক’ শিশুদের জন্য। আমার ছেলের বয়স তখন তিন বছর। আমরা ইস্কাটনে থাকতাম। এ কারণে বাড়ির কাছে মগবাজারে স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নিলাম।
২০১৩ সালের শেষের দিকে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চাকরি থেকে এক বছরের ছুটি নিয়েছিলাম। বলা হচ্ছিল, মা যদি সময় বেশি দেয় তবে এই ধরনের সন্তানের উন্নতি হয় দ্রুত। সন্তানের জন্য যাবতীয় ত্যাগ তো মাকেই করতে হয়!
অটিস্টিক শিশুদের একটা ভালো দিক হলো, তারা খুব শৃঙ্খলাবদ্ধ জীবন ভালোবাসে। একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে থাকতে চায়। স্কুল তাদের প্রিয় জায়গা। স্কুলে শিক্ষকদের মনোযোগ পাওয়া যায় সব সময়। বাসায় ওভাবে কেউ তো মনোযোগ দেয় না।
আমার তিন বছর বয়সী ছেলে প্রথম দিন থেকে খুব আগ্রহের সঙ্গে স্কুলে যেতে লাগল। কোনো কান্নাকাটি নেই। এর মধ্যে কলকাতায় গেলাম দুই সপ্তাহের জন্য। উদ্দেশ্য অটিজম সন্তানকে লালন পালনের প্রশিক্ষণ নেওয়া। আনোয়ার শাহ রোডের কাছে স্কুল। ইন্দ্রানী বসু নামের একজন স্কুলটি চালাতেন। তাঁর এক তরুণ ছেলেও অটিস্টিক। ওই ছেলেও স্কুলে কাজও করতেন। কলকাতার ওই স্কুলের পদ্ধতিতেই দেশে ফিরে ছেলেকে শেখাতে লাগলাম। বেশ উন্নতি হলো ওর।
২০১৪ সালের ফেব্রুয়ারিতে থিতু হয়ে যাওয়া জীবন ছেড়ে চলে এলাম নিউইয়র্কে। শুরু হলো আমাদের সংগ্রামের জীবন। নতুন অবস্থাতে নিজেরই অস্থির অবস্থা, তখন আর ছেলেকে কি শেখাব? ছেলের আচরণের অবনতি হতে লাগল। বেলভিউ হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে তার রক্তে ‘লেড’ পাওয়া গেল। এটা কমানোর চিকিৎসা চলল। এখানে স্কুলে ভর্তি করানো বাংলাদেশের মতো নয়। টাকা দিলেই স্কুলে ভর্তি করানো যায় না। দীর্ঘ পদ্ধতির মধ্যে এগোতে হয়। অবশেষে ‘কিউসেক’ নামে একটি স্কুলে ভর্তি হলো। কিউসেক একটি প্রাইভেট স্কুল, কিন্তু ওখানে পড়ানোর জন্য কোনো খরচ নেই।
কুইন্সের একদম সীমান্তে ডগলাসটনের লিটল নেকে ছেলের স্কুল। বাসা থেকে ট্রেনে বহুদূর যাওয়ার পরে আবার বাস নিতে হয়। বাংলাদেশ থেকে নতুন এসেছি। সবকিছুতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। স্কুলের সব ধরনের প্রোগ্রামে যেতে শুরু করলাম। শুরুতে অনেক কথাই বুঝতাম না। তবু লেগে থাকতাম। শিক্ষকদের সঙ্গেও সখ্য হলো।
এভাবে ধীরে ধীরে বুঝতে পারলাম শুধু একজন স্পেশাল শিশু নয়, একজন স্পেশাল মা-ও কতখানি মূল্যবান এই দেশে! ট্রেনে-বাসে যখন আমার ছেলে শব্দ করত, কেউ কেউ ফিরে তাকাত, কিন্তু অবাক হতো না বা বিরক্ত হতো না। বরং ছেলে স্পেশাল বলে কতজনের সঙ্গে পরিচয় হয়েছে।
আসলে আমার জীবনে আমার অটিস্টিক সন্তান দেবদূতের মতোই আশীর্বাদ নিয়ে এসেছে। এই দেশের সরকার তার জন্য ভালো স্কুল ও ভালো চিকিৎসার ব্যবস্থা শুধু করেনি, তার সেবার জন্য বাসায় প্রতিদিন মানুষও পাঠাচ্ছে। হোম অ্যাটেনডেন্ট আসে প্রতিদিন। এরপর স্পিচ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, নার্স, টিচার, প্যারেন্টস ট্রেনার বাড়িতে আসছে নিয়মিত। আমি ঘরে বসেই তাঁদের সঙ্গে কথা বলে সারা দুনিয়ার সঙ্গে পরিচিত হতে পারি।