স্পেশালাইজড স্কুলের হ্যাডবুকে খানস টিউটোরিয়ালের একাধিক প্রস্তাব

নিউইয়র্ক সিটি স্কুল বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্পেশালাইজড স্কুলের চলতি মাসের হ্যাডবুকে স্যাট কারিকুলাম-সম্পর্কিত খানস টিউটোরিয়ালের একাধিক প্রস্তাব স্থান পেয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে স্যাট পরীক্ষা পদ্ধতি আরও বাস্তবমুখী করার জন্য এক বছর ধরে কাজ করে আসছিল খানস টিউটোরিয়াল।
খানস টিউটোরিয়ালের উল্লেখযোগ্য প্রস্তাবগুলো হলো, ইএলএ বিভাগের রিডিং কম্পোজিশনের ক্ষেত্রে পরীক্ষা নেওয়ার কৌশল ও প্রশিক্ষকেরা পরিবর্তিত পদ্ধতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য শিক্ষার্থীদের সহায়তা করা। গণিত বিভাগের মাল্টিপল প্রশ্নের সঙ্গে ৫ গ্রিড রাখা। নতুন পরীক্ষা পদ্ধতিতে ৫টি মাল্টিপল প্রশ্নের উত্তরের ক্ষেত্রে ৪টির উত্তর দিতে হবে। নতুন পরীক্ষা পদ্ধতিতে ফিল্ড টেস্টের প্রতি বিভাগে কিছু প্রশ্ন থাকবে যা শিক্ষার্থীর স্কোরে কোনো প্রভাব ফেলবে না, (তবে শিক্ষার্থীরা জানতে পারবে না কোনো প্রশ্ন ফিল্ড টেস্টের প্রশ্ন)। স্যাট পরীক্ষার সময় বর্তমান ১৫০ মিনিটের স্থলে ১৮০ মিনিট নির্ধারণ। স্যাট পরীক্ষার্থীদের ৭ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া। প্রস্তাবে আরও আছে ১৮ অক্টোবর থেকে স্যাট টিকিট গ্রহণ, স্যাট পরীক্ষার জন্য অষ্টম গ্রেডের সব পরীক্ষার্থীকে ২১ ও ২২ অক্টোবর ভর্তি করানো, নবম গ্রেডের পরীক্ষার্থীদের ২৯ অক্টোবর ও ৪ নভেম্বর ভর্তি করানো ইত্যাদি।
খানস টিউটোরিয়ালের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসাইন বলেন, ‘আমাদের শিক্ষার্থী ও খানস পরিবারের সার্বিক উন্নয়ন ও সাফল্যের লক্ষ্যে আমরা সব সময় তৎপর। এ কারণে এসব প্রস্তাব দিতে পারি।’
উল্লেখ্য, ১৯৯৪ সালে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মনসুর খান প্রতিষ্ঠিত খান টিউটোরিয়াল থেকে কোচিং করে এ পর্যন্ত ২ হাজার ৬১০ জনেরও বেশি শিক্ষার্থী সিটির বিভিন্ন স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি হয়েছে। এটি নিউইয়র্ক সিটির যেকোনো টিউটোরিয়ালের চেয়ে অনেক বেশি। প্রতিষ্ঠানটির চেয়ারপারসন নাঈমা খান। জ্যাকসন হাইটসসহ সিটির ১০টি শাখার মাধ্যমে খান টিউটোরিয়াল শিক্ষার্থীদের কোচিং দিয়ে আসছে। শাখাগুলো হচ্ছে জ্যাকসন হাইটস, অ্যাস্টোরিয়া, ব্রুকলিন, ফ্লোরাল পার্ক, জ্যামাইকা (৩টি), ওজনপার্ক, ব্রঙ্কস ও রিচমন্ডহিল।