স্বজনের জন্য কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলান। ইতালির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি মনোরম শহর। মিলানকে আবিষ্কার বলতে গেলে হঠাৎ করে এবং শতভাগ অনিচ্ছায়। ২০১৬ সালে দেশে যাওয়ার সময় এমিরাটসে চড়ার আগে জানা গেল এবার দেশে যেতে দুটো স্টপেজ, যার একটি মিলান। প্রথমে বিরক্ত হলেও বিকল্প না থাকায় সে ব্যবস্থা মানতেই হলো। তবে ভ্রমণ শেষের আগেই এই পথের প্রেমে পড়ে গেলাম, যার কয়েকটি কারণের মধ্যে প্রধান কারণ হলো জেএফকে থেকে দুবাই বিমানবন্দরের দীর্ঘ প্রায় ১৪ ঘণ্টা একটানা বসার চেয়ে ভাগ করে (সাত ঘণ্টা ও সাড়ে ছয় ঘণ্টা) যাত্রা অনেকটা স্বস্তিদায়ক। তার ওপর মিলান বিমানবন্দরে প্রায় দেড় ঘণ্টার যাত্রাবিরতিতে মজাদার ইতালীয় কফির হাতছানি তো রয়েছেই। আরও একটি কারণ না জানালে নয়। সরাসরি জে এফ কে থেকে দুবাইয়ের পথে পুরো উড়োজাহাজের প্রতিটি আসন পূর্ণ থাকে। একে আমি আমি বলি কলার ঝাঁক। অর্থাৎ কোনো সারিতে খালি সিট দেখার কোনো সম্ভাবনা নেই। বিপরীতে মিলান হয়ে এমিরাটসের যে উড়োজাহাজ দুবাই যায়, তাতে কখনো কখনো অর্ধেক সিটই থাকে খালি।
মিলান থেকে প্রচুর বাংলাদেশি যাত্রী উঠলেও পুরো উড়োজাহাজ কখনো কলার ঝাঁকের রূপ নেয় না। আরেকটি বিষয় না বললেই নয়। সরাসরি দুবাই ফ্লাইটে উপমহাদেশের বাকি দুটো দেশ ভারত ও পাকিস্তানের প্রচুর অভিবাসী যাত্রী থাকেন। কোনো দেশের নাম উল্লেখ না করেই বলছি যে, এর একটি দেশমুখী যাত্রীদের কেউ কেউ বাথরুম ব্যবহারে বড় অমনোযোগী থাকেন। অনেকে ছোট বেসিনে পা তুলে ধোয়াসহ অজু করায় সারাক্ষণই বাথরুমের ফ্লোর থাকে ভেজা ও অপরিচ্ছন্ন। আমি একটি কথাও বাড়িয়ে বলছি না। এমিরাটসযোগে যারা নিয়মিত দেশে যাতায়াত করেন, তাঁদের অনেকে হয়তো এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। সে জন্য দেশে যাওয়ার সময় আমি জেএফকে-মিলান-দুবাই রুটে ভ্রমণের চেষ্টা করি। তবে এ রুটে কিন্তু নির্দিষ্ট একটি স্থানে বৃহদাকার উড়োজাহাজটিও এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে। বার দু-এক ভীতিকর দুলনিতে ওপর-নিচ করে। তখন বেশ ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এমনই একবার ভীতিকর দুলনির সময় ছোট বোন মিলির ‘আল্লাহ আল্লাহ’ বলে চিৎকার ও আর্তনাদ উড়োজাহাজের অন্য যাত্রীদের দৃষ্টিও আকর্ষণ করেছিল। তারপরও আমি মিলান হয়ে যাত্রার প্রেমে পড়ে গেলাম। আরেকটি বিষয় যোগ হয়ে গেল প্রথমবার। মিলান বিমানবন্দরে দেখা হয়ে গেল ১৯৭৬ সালে মিলানে আসা বরিশালের এক সাবেক বিমানসেনার সঙ্গে। ১৯৭৬ সালে কোন পরিস্থিতিতে এসেছিলেন, তা না জানালেও জানিয়েছেন যে, সে সময় প্রায় ১৫ জন বিমানসেনা তখন ইতালি এসে পরে মিলানে থিতু হন। আলাপে আলাপে প্রথমে টেলিফোন নম্বর দিয়েছিলেন। পরে ফেরার পথে একদিন আতিথেয়তা নেওয়ার আমন্ত্রণ জানিয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়ে রেখেছিলেন। বলেছিলেন, ‘আপনাদের সিলেট জেলার অনেক লোক মিলানে বেশ ভালোই আছেন।’ তাঁকে বললাম, ‘ফেরার পথে চেষ্টা করব আপনার অতিথি হতে।’
পরেরবার দেশে যাওয়ার পরিকল্পনাতেই মিলানে যাত্রাবিরতি রেখে টিকিট কাটলাম। এতে বাড়তি ২৫ ডলার খসে গেল। অতিরিক্ত বকবক না করেই আসল বিষয়ে আসি। মিলানে নেমেই উড়োজাহাজের দরজায় পেয়ে গেলাম সেই বরিশালের ভাইকে, যিনি এখন বিমানবন্দরে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করেন। স্বল্প সময়ে অভিবাসন শেষ করে ছোট একটি গাড়িতে করে মিলান শহরে পৌঁছালাম প্রায় ৪০ মিনিট পর। খাওয়া-দাওয়ার অনেক আয়োজন ছিল। সঙ্গে মিলানে বসবাসকারী জনা দশেক বাংলাদেশি, যার অর্ধেকই হলেন সিলেটী। এদের একজন ছিলেন আমার ফেসবুক বন্ধু। তাঁর মাধ্যমে উপস্থিত সবাই আমার ‘নিজের খেয়ে বনের মোষ তাড়ানো’ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হয়ে যারপরনাই আদর-যত্ন করলেন। বিকেলে আমাকে নিয়ে বেরোতে গেলেন। রাতে ছিল গানের আসর। দারুণ ছিল সেই দিন ও রাতের অগ্রভাগ, যা কখনো ভুলবার নয়।
গত জানুয়ারি মাসের ১৯ তারিখ যখন মিলান হয়ে দেশে যাই, তখনো সবকিছু স্বাভাবিক ও উদ্বেগহীন ছিল। নিউইয়র্কে ফেরার দিন ছিল ২৫ ফেব্রুয়ারি। এর আগে থেকে শুরু হয় দুনিয়াব্যাপী করোনাভাইরাসের প্রকোপ। ইতালির মিলানও বাদ গেল না সেই ভাইরাসের আক্রমণ থেকে। দুবাই থেকে মিলান নামার আগে থেকে শুরু সাবধানবাণী। এটা করা যাবে না, ওটা করা যাবে না; বিমানবন্দরে কারও সঙ্গে করমর্দন কিংবা অন্য কোনোভাবে ছোঁয়া এড়িয়ে যেতে হবে ইত্যাদি ইত্যাদি। বিমান টারমাকে থামার পর দরজা দিয়ে বেরোতেই দেখি সামনে প্লাস্টিকের তৈরি লম্বা নীল টানেল, যার চারপাশসহ ওপর-নিচ থেকে ক্রমাগত সাদা ধোঁয়া ছাড়া হচ্ছে।
ভাগ্য ভালো বলে আমি ছিলাম হুইলচেয়ারে। প্রায় অন্ধকার টানেলে হুইলচেয়ার বাহক আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছেন। দেখে মনে হলো, চোখ জ্বালা-পোড়া করবে। কিন্তু ধোঁয়ায় হারিয়ে গিয়ে দেখলাম সব স্বাভাবিক। আনুমানিক ২/৩ মিনিট চলার পর নিজেকে আবিষ্কার করলাম মিলান বিমানবন্দরের মূল লবিতে। ঘণ্টা দেড়েক পর নিউইয়র্কগামী ফ্লাইটে ওঠার সময় ঠিক আগের মতো আবার ধোঁয়ার পথে হেঁটে এসে উড়োজাহাজে উঠলাম। উড়োজাহাজ যখন টারমাক ছেড়ে রানওয়ের দিকে ধীরে ধীরে ছুটছে, জানালা দিয়ে তাকিয়ে চেষ্টা করলাম ঠাহর করতে সেই জায়গাটি, যেখানে আমাকে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশি অভিবাসী এক সুহৃদ। যিনি আজ প্রায় ৪৫ বছরের কাছাকাছি মিলান শহরে বাস করছেন। কত-না আদর করেছেন আমাকে; মমতা দেখালেন। নিজ হাতে রান্না করে খাওয়ালেন দেশি স্টাইলে বিদেশি মাছের তরকারী, হালাল মুরগির মজাদার কোরমা। বিকেলে বেড়াতে নিয়ে গেলেন আরেক বাঙালিপাড়ায়। সেখানে সন্ধ্যার পর শুরু হলো গানের আসর। আসর মাতালেন কয়েকজন সিলেট, বরিশাল ও নেত্রকোনার প্রাণবন্ত কয়েক যুবক। আনন্দের লহরি থেমে গেলে আমি বিদায় নিতে গাড়ির পাশে দাঁড়ালে একে একে সবাই যখন আমাকে আলিঙ্গন করতে লাগলেন, সবাই ছিলেন বাকহীন; তাঁদের চোখের কোনে ছিল অশ্রুবিন্দু। অথচ আজ সেই বন্ধনের শহর মিলান ভয়ংকর কোরোনাভাইরাসের ছোবলে আক্রান্ত। সবার মনে অজানা ভয়। বেঁচে থাকার তাগিদ। নিরাপদে বসবাসের নিরলস প্রচেষ্টা। নিজে ও অন্যের মঙ্গল প্রার্থনায় অস্থির সময় কাটানো। শুনেছি শহরের স্বাভাবিকতা আগের মতো নেই। কলকারখানার শহর মিলানের অনেক কারখানা বন্ধ। জরুরি কারণ ছাড়া কেউ আগের মতো বাইরে আসে না। পুরো শহর নাকি ধীরে ধীরে প্রেতপুরীর মতো হতে চলছে। তারই মধ্যে আমার একদিনের স্বজনেরা কাটাচ্ছেন বাজে সময় ও দুঃসহ প্রহর। আমার ভাবনায় আজও আমি তাঁদের সবার আন্তরিকতা অনুভব করি। আর কামনা করি আপনারা সবাই ভালো থাকুন; নিরাপদ থাকুন।