স্বদেশকে চেনে না নতুন প্রজন্ম, দায় কার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন প্রজন্ম। বাংলাদেশের পতাকার রঙের সঙ্গে পরিচয় নেই যাদের অনেকেরই l ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন প্রজন্ম। বাংলাদেশের পতাকার রঙের সঙ্গে পরিচয় নেই যাদের অনেকেরই l ছবি: সংগৃহীত

বাংলাদেশে তাঁদের বাড়ি, এটুকু তাঁরা জানেন। তাঁদের কেউ কেউ বাংলাদেশে বেড়াতে যান, আত্মীয়স্বজনদের দেখে চলে আসেন। বাংলাদেশের পতাকার রং লাল-সবুজ জানেন তাঁরা, বাংলাদেশের সবুজ দেখে বিমোহিত হন। তবে বাংলাদেশকে চেনার পরিধি তাঁদের এটুকু।
যদি তাঁদের জিজ্ঞেস করা হয়, বাংলাদেশের জাতির জনকের নাম কী, কে বাংলাদেশের জাতীয় কবি, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার জেতেন, অথবা বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কী? বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভাষা দিবস কোন দিন? এসব প্রশ্নের উত্তরে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন তাঁরা।
আমেরিকা-ইউরোপের বাংলাদেশি বংশোদ্ভূত নতুন এই প্রজন্ম বঙ্গবন্ধুর নামই শোনেননি, চেনেন না বঙ্গবীর ওসমানীকে, জানেন না সাত বীরশ্রেষ্ঠর কথা। বাংলাদেশের জাতীয় সংগীতও তাঁরা জানেন না ঠিকমতো। তাঁরা বাংলাদেশের মানচিত্রকে নিজের মানচিত্র মনে করেন না। সবচেয়ে বড় কথা, একাত্তর থেকে বাংলাদেশ—সেই একাত্তরও তাঁদের কাছে একটি সংখ্যা ছাড়া আর কিছু নয়। তবুও তাঁদের জোর করেই মা-বাবা নিয়ে আসেন বাংলাদেশিদের উৎসবে, লাল-সবুজ শাড়ি গেঞ্জি পরে তাঁরা এসে জানান দেন, তাঁরা ইউরোপ-আমেরিকায় বাংলাদেশি নতুন প্রজন্ম।
আমেরিকার নতুন বাংলাদেশি প্রজন্মের আচরণ অথবা না চেনাটা কি স্বাভাবিক অথবা তাঁদের না চেনাটা অন্যায় কি না, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে বাংলাদেশিদের মধ্যে। এ নিয়ে একেকজনের একেক মত বেরিয়ে আসে।
বেশির ভাগই নতুন প্রজন্মের এই দেশকে না চেনার দায়টা তাঁদের ঘাড়েই চাপিয়ে দিতে চান। বাংলাদেশি মা-বাবারা বলেন, ‘এরা জানতে চায় না, এদের না জানার পেছনে আমাদের তেমন ভূমিকা নেই। আমরা বরং জানাতে চাই।’
মা-বাবা জানানোর চেষ্টা যদি করেই থাকেন, তাহলে সমস্যা কোথায়? তবে কি আসলেই তাঁরা জানতে চান না, নাকি জানানোর প্রক্রিয়ায় কোনো ত্রুটি আছে। একজন যেমন বললেন, নতুন প্রজন্ম মসজিদ, মন্দির, গির্জায় যান নিয়মিত। সেখানে না গেলে তাঁদের পাপ হয়। তাঁরা তাদের পবিত্র গ্রন্থ পাঠ করতে জানেন। তাঁরা তাঁদের ধর্মীয় কাহিনি নিয়ে গর্ব করেন। তবে কেন তাঁরা দেশকে জানতে পারেন না। নাকি ধর্মের প্রয়োজন আছে বলেই জানানো হয়। তাঁদের হয়তো মনে হয়, আমেরিকায় বসে তাঁদের সন্তানদের বাংলাদেশকে চেনার দরকার কী?
এ নিয়ে আলাপ হয় সম্প্রতি আমেরিকান অ্যাসোসিয়েশন ফর রিটায়ার্ড পিপলের দ্বিতীয় কমিউনিটি হিরো অ্যাওয়ার্ড পাওয়া দিল আফরোজ নার্গিস আহমেদের সঙ্গে। আলাপচারিতায় তিনি বলেন, ‘এটা আসলে স্বাভাবিকই। কারণ, আমাদের জন্য আমেরিকা প্রবাস আর আমাদের সন্তানদের কাছে এটিই স্বদেশ। বাংলাদেশ বরং তাদের কাছে প্রবাসের মতো। তারপরও বাংলাদেশের সঙ্গে তাদের অবিচ্ছেদ্য বন্ধন অস্বীকার করার সুযোগ নেই। অন্তত বাংলাদেশ সম্পর্কে সাধারণ কিছু ধারণা থাকার দরকার আছে। সবার যে নেই তা ও কিন্তু নয়। অনেকেরই আছে। বাংলাদেশ সম্পর্কে স্টাডি করে, তারা আমাদের চেয়েও অনেক বেশি জানে।’
একই ধারণা পোষণ করেন নিউইয়র্কের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, ‘ভাই আপনারা সাংবাদিকেরা যতটা সহজে লিখেন, মা-বাবার কাছে বিষয়টা ঠিক এতটা সহজ না। সব মা-বাবাই চায় তার সন্তান দেশকে চিনুক, দেশের ইতিহাস জানুক। তারা গল্পচ্ছলে দেশের ইতিহাস জানাতেও চায়। কিন্তু তারা পারে না।’ এ ক্ষেত্রে তিনি মা-বাবা অথবা নতুন প্রজন্মকেও দায়ী করতে চান না। প্রেক্ষাপটটাই এমন বলেন তিনি।
এ প্রসঙ্গে নিউইয়র্কের বাংলাদেশি একজন স্কুলশিক্ষক আবু হাসান বলেন, ‘এই বাংলাদেশের জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয় অথচ আমাদের বাচ্চারা বাংলাদেশকে জানবে না এটা মেনে নেওয়ার মতো নয়। স্বদেশপ্রেম ইমানেরও অঙ্গ, পরিপূর্ণ ধার্মিক হতে গেলেও দেশকে চিনতে হবে, দেশ ও দশকে না জানলে এটা আমাদের ব্যর্থতা ধরে নিতে হয়। তাই নতুন প্রজন্মের এই না জানার দায়ভার কেন আমরা নিতে পারি না। ধর্মকে জানার পাশাপাশি দেশ-দশকে না জানলে না চিনলে দায়ভার আমাদেরই নিতে হবে।’