নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৪-এর ডেমোক্রেটিক দলীয় প্রাইমারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন বাংলাদেশি জিম জিনারোর কাছে পরাজিত হয়েছেন। বাংলাদেশি-আমেরিকান অধ্যুষিত হওয়ায় এ নির্বাচনী এলাকা বাংলাদেশি জনসমাজের নজরে ছিল। ২২ জুনের নির্বাচনে স্বদেশিদের অনৈক্যই বাংলাদেশিদের পরাজয়ের কারণ বলে মনে করা হচ্ছে।
এ আসন থেকে জিম জিনারো ৬ হাজার ৩১৯ ভোট অর্থাৎ ৫৯ দশমিক ৯ ভোট পেয়ে প্রাথমিকভাবে জয়ী হয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। অপরদিকে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন বাংলাদেশি-আমেরিকানদের মধ্যে মৌমিতা আহমেদ ২ হাজার ৪০৬ ভোট, মোহাম্মদ সাবুল উদ্দিন ৯২৭ ভোট আর সাইফুর খান হারুন ৮৯১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
নির্বাচনের ফলে দেখা যায়, জিম জিনারো একা যে ভোট পেয়েছেন তিন বাংলাদেশি মিলেও সেই ভোট পাননি। এটাই চূড়ান্ত ফল নয়। অ্যাবসেন্টি ভোটসহ চূড়ান্ত ফল পেতে আরও এক সপ্তাহ সময় লাগবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যদিও প্রবাসীরা মনে করেন, শুরু থেকেই একজন প্রার্থী নিয়ে স্বদেশিরা নির্বাচন যুদ্ধে নামলে এ আসনে ফল ভালো করার সুযোগ ছিল।
ডিস্ট্রিক্ট ১৮-থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী আট প্রার্থীর মধ্যে বাংলাদেশি-আমেরিকান মোহাম্মদ এন মজুমদার ১ হাজার ২০৭ ভোট পেয়ে চতুর্থ এবং মির্জা মামুন রশীদ ৫৯৭ ভোট পেয়ে ষষ্ঠ অবস্থান করছেন। ডিস্ট্রিক্ট ২৬ থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৫ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশি-আমেরিকান বদরুন খান ৮৬৭ ভোট পেয়ে সপ্তম আর সুলতান মারুফ মাত্র ২৫৫ ভোট পেয়ে সব প্রার্থীর শেষে অবস্থান করছেন। ডিস্ট্রিক্ট ৩২ থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয় প্রার্থীর মধ্যে বাংলাদেশি-আমেরিকান হেলাল শেখ ৮৮০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। ডিস্ট্রিক্ট ৩৭ থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয় প্রার্থীর মধ্যে বাংলাদেশি-আমেরিকান মিসবা আবদীন ৫৯২ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন। আর ডিস্ট্রিক্ট ৩৯ থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী সাত প্রার্থীর মধ্যে বাংলাদেশি-আমেরিকান শাহানা হানিফ ১০ হাজার ৬৯১ ভোট পেয়ে শীর্ষে অবস্থান করছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রান্ডন ওয়েস্টের প্রাপ্ত ভোট ৭ হাজার ৪২৭ ভোট। এই আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর বাংলাদেশি মামনুল হক ১ হাজার ৩৫৪ ভোট পেয়ে সপ্তম স্থানে আছেন।