স্বপন হাইয়ের পরিবারের পাশে নিউইয়র্কের সাংবাদিক সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে গত ৩০ মার্চ মারা গেছেন বাংলাদেশ ও প্রবাসের জনপ্রিয় ফটো সাংবাদিক এবং আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী সদস্য এ হাই স্বপন (স্বপন হাই)। তাঁর পরিবারকে নিউইয়র্কের সাংবাদিক সমাজ ১৪ হাজার ২০০ ডলারের আর্থিক সহায়তা দিয়েছে।

স্বপন হাই হৃদ্‌যন্ত্র ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন। নিয়মিত ডায়ালাইসিস করাতে হতো। তাঁর কিডনি প্রতিস্থাপনের লক্ষ্যে নিউইয়র্কের সাংবাদিক সমাজ গত ৬ মার্চ এক সংগীতানুষ্ঠানের আয়োজন করেছিল। উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত সংগীতানুষ্ঠানে ১০০ ডলার অনুদান মূল্যের টিকিট বিক্রয়ের চেষ্টা করেছিলেন সাংবাদিকেরা। অনুষ্ঠানে জনপ্রিয় সংগীত শিল্পী বেবী নাজনীন, চন্দন চৌধুরী, শাহ মাহবুব ও কৃষ্ণা তিথি পারিশ্রমিক ছাড়া সংগীত পরিবেশন করেছিলেন। বৈরী আবহাওয়া ও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনুষ্ঠানে উপস্থিতি ছিল একেবারে কম। এতেও দমে যাননি সাংবাদিকেরা। তাঁরা ছুটে গেছেন বিত্তশালী ও হৃদয়বান ব্যবসায়ীদের কাছে। উত্তোলন করেছেন অনুদান।

স্বপন হাই গত ২৮ মার্চ বাংলাদেশে ফিরে যাওয়ার প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু এর আগেই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। জ্বর নিয়ে তিনি নিউইয়র্কের কুইন্স হাসপাতালে ভর্তি হন। সেখানে রক্ত পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসে। ওই হাসপাতালেই স্বপন ৩০ মার্চ ইন্তেকাল করেন। তাঁর মরদেহ বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় নিউজার্সির এক কবরস্থানে দাফন করা হয়।

স্বপনের মৃত্যু হলেও অনুদান সংগ্রহ অব্যাহত থাকে। ২৪ জুন পর্যন্ত সাংবাদিক সমাজ স্বপনের পরিবারের জন্য ১৪ হাজার ২০০ ডলার উত্তোলন করে এবং ২৫ জুন সে অর্থ তাঁর পরিবারের কাছে পাঠানো হয়। উত্তোলন করা অর্থের মধ্যে ৫০০ ডলার আগেই স্বপনের স্ত্রীর অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। এই অর্থ উত্তোলনের লক্ষ্যে গঠিত কমিটির সমন্বয়ক ছিলেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর।

এদিকে সংগঠনের কার্যকরী সদস্য স্বপন হাইয়ের জন্য নিউইয়র্ক সাংবাদিক সমাজসহ যারা সহযোগিতায় এগিয়ে এসেছেন, তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি দর্পণ কবীর ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। তাঁরা বলেন, ‘এ কৃতিত্ব নিউইয়র্কের সাংবাদিক সমাজের। স্বপনের জন্য নিউইয়র্কের সাংবাদিক সমাজ ও কমিউনিটির লোকজন অকৃত্রিম ভালোবাসা দেখিয়েছেন, যা ভোলার নয়। আমরা তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’

উল্লেখ্য, কবি কাজী জহিরুল ইসলামও তার জন্মদিনের দিন উপহারের পরিবর্তে স্বপনের জন্য অর্থ সহায়তা নিয়ে তাঁর পরিবারের কাছে ২ হাজার ডলার দিয়েছিলেন।

সাংবাদিক স্বপন ঢাকায় দৈনিক বাংলাবাজার পত্রিকা ও দৈনিক মানবজমিনে কাজ করেছেন। তিনি ২০১৪ সালে আমেরিকা আসেন। এখানে তাঁর ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এরপর থেকে তিনি (নিজ ভাইয়ের বাসায়) জ্যামাইকাতে বাস করছিলেন। তিনি সর্বশেষ সাপ্তাহিক আজকাল পত্রিকায় কর্মরত ছিলেন। এ ছাড়া প্রথম আলো উত্তর আমেরিকা ও টিবিএন-২৪ টিভিতেও কাজ করেছেন স্বপন হাই। মৃত্যুকালে স্বপন হাই স্ত্রী ও দু সন্তানসহ অসংখ্য আত্মীয়-বন্ধু রেখে গেছেন।