স্বপ্ন আর সংগ্রামের গল্প শোনালেন ড. হোসনে আরা বেগম

দুই যুগেরও বেশি সময় থেকে নিজেকে আর্ত মানবতার কল্যাণে নিয়োজিত রেখে বিরামহীন অভিযাত্রায় একনিষ্ঠ সংগ্রাম অব্যাহত রেখেছেন ঠেঙ্গামারা মহিলা যুব সংঘের প্রধান অধ্যাপক ড. হোসনে আরা বেগম। তিনি নিউইয়র্কে বসে শোনালেন তাঁর স্বপ্ন আর কর্মের বিবরণ।
আলাপচারিতায় হোসনে আরা বেগম বলেন, বগুড়ার একটি সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম। শৈশব থেকেই কারও প্রয়োজনে সাহায্য সহযোগিতা করতে পারলে নিজেকে গৌরবান্বিত মনে করতেন। সমাজসেবার ব্রত নিয়েই বেড়ে উঠছেন।
ঠেঙ্গামারা মহিলা যুব সংঘ ১৯৬৪ সনে সংগঠনটি আত্মপ্রকাশ করলেও মূলত ১৯৮০ সালে হোসনে আরার নির্বাহী পরিচালনায় সংগঠনটি আজ বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংগঠন হিসেবে পরিচিত হয়ে উঠেছে। টিএমএসএস-এর প্রধান ড. হোসনে আরা এবারে যুক্তরাষ্ট্রে এসেছেন বিখ্যাত ইয়েল ইউনিভার্সিটির একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে। জাতিসংঘের আমন্ত্রণে তিনি আরও কয়েকবার যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
সংগঠনের উদ্দেশ্য ও আদর্শ বা বাংলাদেশের জনগোষ্ঠী কী পরিমাণ উপকৃত হচ্ছে বা হয়েছে জানতে চাইলে হোসনে আরা বলেন, দরিদ্র জনগোষ্ঠীর বহুবিধ কল্যাণের স্বার্থেই সংগঠনটির জন্ম। তিনি বলেন, ‘উন্নয়ন সহযোগী হিসেবে আজ অবধি যা করতে পেরেছি তাতে আমি সন্তুষ্ট।’ ইউরোপিয়ান ইউনিয়ন, ডিএফআইডি, নেদারল্যান্ডস গভর্নমেন্ট, স্মাইল অ্যান্ড ইউএস-সহ আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোকে হৃদয় থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। তিনি জানান, ইতিমধ্যেই যেসব প্রকল্প সম্পন্ন হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম টিএমএসএস মেডিকেল কলেজ, রানাতুঙ্গা হসপিটাল, ফাইভ স্টার মেমো জন হোটেল রিসোর্ট, দুটি সিএনজি স্টেশন, তিনটি পেট্রল পাম্প, বহুতল ভবন তৈরি করে ফ্ল্যাট বিক্রয়, রিয়েল এস্টেট ব্যবসা ইত্যাদি।
শিক্ষা, স্বাস্থ্যসেবা, মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে ৫৩ লাখ পরিবার উপকৃত হয়েছে। তিনি বলেন, ‘ক্ষুদ্র ঋণসহ আমরা সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ প্রদান করে থাকি। বাংলাদেশের ৬৪টি জেলাতেই টিএমএসএসের শাখা রয়েছে। ৩১ হাজার অফিস কর্মচারী রয়েছেন। দেশের ছোট-বড় এক লাখ ১২ হাজার সমিতি টিএমএসএসের আওতাভুক্ত।’
ড. হোসনে আরা বলেন, ‘বর্তমানে বাংলাদেশের নতুন সমস্যা হচ্ছে আশ্রিত রোহিঙ্গারা। রোহিঙ্গাদের জন্য মেডিকেল টিম, ত্রাণ সরবরাহ, রাস্তাঘাট ও পানির সরবরাহ করেছি। আগামী প্রকল্পে রোহিঙ্গাদের জন্য একটি স্কুল নির্মাণে পরিকল্পনা রয়েছে।’ অধ্যাপক হোসনে আরা বেগম বগুড়া সরকারি কলেজ, মহিবুর রহমান মহিলা কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ ও জয়পুরহাট মহিলা কলেজের অধ্যাপক ছিলেন।
সাক্ষাৎকার শেষে তিনি প্রবাসে বাংলাদেশের বহুল প্রচারিত প্রথম আলো পত্রিকা প্রকাশনার জন্য ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন তার নিকট আত্মীয় এমটিএ ম্যানেজার মাহমুদা ফেরদৌস দিনা, তার সহকারী ডা. মতিয়ুর রহমান এবং কোষাধ্যক্ষ আয়েশা বেগম। ৬৪ জেলার স্কুল-কলেজ, স্বাস্থ্য কমপ্লেক্স, পানি, রাস্তাঘাট ও রোহিঙ্গাদের সব মিলিয়ে ১৫ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়ে টিএমএসএস প্রধান অধ্যাপক হোসনে আরা এগোচ্ছেন।