ড. অরিসন সোয়েট মার্ডেন একজন আমেরিকান অনুপ্রেরণামূলক লেখক, যিনি জীবনে সাফল্য অর্জন সম্পর্কে লিখেছিলেন ‘There is no investment you can make which will pay you so well as the effort to scatter sunshine and good cheer through your establishment. ’
মনে পড়ে সেই ২০ বছর আগের টানাপোড়েনের স্মৃতি, যখন আমেরিকার মাটিতে পা রেখে ঠিক বুঝতে পারছিলাম না, কী উদ্দেশ্যে এসেছি কিংবা কী করা যেতে পারে। বয়স তখনো ১৮ বছরের নিচে। রাস্তায় যেতে যেতে স্কুল ব্যাগ কাঁধে বিদেশিদের দেখে খুব ইচ্ছে হতো, আমিও স্কুলে যাব। কিন্তু কীভাবে যাব, কোথায় যাব কিছুই বুঝতে পারতাম না। পরিবার, আশপাশের অনেকেই বলত, ‘হু! ইংলিশ স্কুলে পড়া এত সহজ না। এসব স্বপ্নেও ভেবো না। ঘর–সংসারে মনযোগ দাও!’
আমি তখন নিজের সঙ্গে নিজে কথা বলতাম। কী করতে চাই, কী করা উচিত, কেন করা উচিত...ইত্যাদি। তারপর সিদ্ধান্ত নিই, অল্প এই বয়সে শুধু ঘর–সংসার, স্বামী বা সন্তান পালনই আমার মূল উদ্দেশ্য নয়। আমি জানি, আমি মেধাবী এবং এগুলোর পাশাপাশি আমাকে আমেরিকার মাটিতে সেই মেধার বীজ বপন করতেই হবে।
তারপর ব্যাস! জিইডি নিলাম। অ্যাসোসিয়েট, ব্যাচেলর ও মাস্টার্স। মেজর ছিল এডুকেশন ও চাইল্ড সাইকোলজি। পড়াশোনা শুরু করা থেকে শেষ করা পর্যন্ত সময়টা সহজ ছিল না। দুটি ছোট ছোট শিশু সন্তানকে কোলে নিয়ে এ দেশের সংস্কৃতিকে গ্রহণ করা, শিক্ষকদের ইংলিশ ব্যবহার, আমেরিকান ভকাবিউলারি শব্দের ব্যবহার, উচ্চারণ, বাক্যের অর্থ, লেখার ধরন, ট্যামপ্লেট...সবকিছু ছিল কঠিন ও হতাশাজনক। সেই সঙ্গে অর্থনৈতিক টানাপোড়েন তো ছিলই। সাহায্য করার মতো কেউ ছিল না। ক্লাসে যেতাম, কান দুটো খুব সচল করে শুনতাম প্রফেসরের লেকচার। নোট করে নিতাম। না বুঝলে ক্লাসের বাইরে গিয়ে আবার প্রফেসরকে বুঝিয়ে দিতে অনুরোধ করতাম।
রাস্তা থেকে রোজ সংবাদপত্র নিয়ে ছোট ছোট ঘটনা পড়তাম। শব্দের অর্থ না বুঝলে ডিকশনারি টেনে আনতাম। কীভাবে বাক্য গঠন করা হয়, তা ফলো করতাম। টিভি ছেড়ে স্টার জলসা নয়, ইংলিশ নিউজগুলো শুনতাম। কীভাবে ওরা শব্দের উচ্চারণ করে, তা কান খুলে মগজে ঢোকাতাম। কখনো বই কিনে পড়িনি। সহপাঠীদের কাছ থেকে বই ধার নিতাম একদিনের জন্য। তারপর অধ্যায়গুলো কপি করে নিয়ে পড়তাম। জিপিএ সর্বোচ্চ থাকার কারণে মেগনা কাম রাউডি নিয়ে ডিগ্রি অর্জন করি।
অ্যাসোসিয়েট শেষ করার পর সাবস্টিটিউট হিসেবে পাবলিক স্কুলে ঢুকি। সপ্তাহে ৪ দিন ক্লাস করতাম, ৪ দিন চাকরিতে যেতাম। দিনে চাকরি, সন্ধ্যায় ক্লাস। সেই সঙ্গে ছোট দুটি ছেলে, স্বামী, সংসার। বেবি সিটার বাচ্চাদের দেখাশোনা করত শুরুতে। তারপর মা-ভাগনি সহায়তা করেন। আরও একজনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন না করলেই নয়, তিনি আমার পাশের ফ্ল্যাটের নিগার ভাবি। তিনি কিছুটা পথ না দেখালে হয়তো এতটা অর্জন করা সহজ হতো না।
অনেক অভিবাসীই এ দেশে আসার পর সামান্য কোন এক চাকরিতে ঢুকে টাকা উপার্জন শুরু করলে পরে আর পড়াশোনার কথা ভাবে না। আবার অনেকেই মনে করেন, শুধু শুধু পড়াশোনা করে সময় নষ্ট করার কী দরকার? ভালোই তো উপার্জন করছি! বিশেষ করে গাড়ি চালকেরা বেশি উপার্জন করেন বলে বেশির ভাগই পড়াশোনার দিকে অনীহা দেখান। এমনও দেখা গেছে, একজন বাবা ২০ বছর ধরে গাড়ি চালাচ্ছেন এবং তিনি তার সদ্য আমেরিকায় আসা ছেলেকেও গাড়ি চালানোর জন্য তাগিদ দিচ্ছেন।
আমার এক প্রতিবেশী ছিলেন যিনি এখানে এসে ছোট একটা ব্যবসা শুরু করেন। এবং সেই ছোট ব্যবসায় তিনি নিউইয়র্কে ফ্ল্যাট কিনেছেন। বাংলাদেশেও বিশাল বাড়ি করেছেন। তিনি আমাকে একদিন বলেছিলেন, ‘তুমি অহেতুক সময় নষ্ট করছ কেন? পড়াশোনা ছাড়ো, আমার সঙ্গে ব্যবসা করো, দেখবে কত লাভ।’
আমি তখন শুধু হাসিমুখে বলেছিলাম, ‘ইট্স ওকে।’
আজ সেই প্রতিবেশী যদিও মেলা সম্পদের মালিক, কিন্তু মূল সম্পদ হতে তিনি বঞ্চিত। তাঁর সন্তানদের স্কুল থেকে কোন নোটিশ এলে বা সন্তানদের পড়াশোনায় কোন সাহায্য লাগলে তিনি আমাকে কল করেন। আমি সাহায্য করি। কারণ তিনি ইংলিশে দুর্বল বলে সন্তানদের সহায়ক হতে পারেন না। প্রতি মাসে তিনি অর্থ ব্যয় করেন সন্তানদের টিউটোরিংয়ে। আর আমি আমার সন্তানদের টিউটর।
শিক্ষার কোন বিকল্প নেই। সম্ভাবনা থাকলে চেষ্টা করুন। আমি, আপনি, তিনি, আমরা—সবাই কোন না কোন দিক দিয়ে মেধাবী। আজীবন প্রবাসের মাটিতে কঠিন চাকরি না করে নিজের ভেতরের সুপ্ত মেধাটাকে টেনে বের করুন। সেটা শুধু আপনার ভালো চাকরির জন্য নয়, বরং আপনার পরিবার-সন্তানদেরও সহায়তা করতে মুখ্য ভূমিকা পালন করবে।
আমেরিকা অভিবাসীদের জন্য এক বিশাল সুযোগের দেশ। এখানে আপনি চাইলেই নিজেকে বহুভাবে প্রকাশ ও বিকাশ করতে পারেন। আমেরিকা শুধু নির্দিষ্ট কারও জন্য নয়, আমেরিকা সবার জন্য। এই দেশটি অভিবাসীদের দেশ। আমেরিকার আদিবাসী জনগোষ্ঠী ছাড়া এখানে অভিবাসীদের প্রত্যেকে অন্য কোথাও থেকে এখানে এসেছে। কেউ পছন্দের জন্য এসেছে, কেউ প্রয়োজনে এসেছে। আমেরিকানরা যেমন একটি জাতি হিসেবে নিজেদের বিকাশ করেছে, তেমনি অভিবাসী হিসেবে আমরা প্রত্যেকেই নিজস্ব উপায়ে আমেরিকার বিকাশ ও সমৃদ্ধিতে অবদান রেখেছি। তবে সেই বিকাশকে শিক্ষা ও উন্নত পদক্ষেপে আরও সমৃদ্ধিশালী করতে এগিয়ে চলেছে প্রথম আলো উত্তর আমেরিকা।
আমেরিকায় বাংলাদেশি অভিবাসীদের সঠিক পথে এগিয়ে নিতে নতুন পদক্ষেপ নিয়েছেন প্রথম আলোর ‘উত্তরের পথে।’ প্রথম আলো উত্তর আমেরিকার ২৭ ডিসেম্বরের সংখ্যায় এরই মধ্যে প্রকাশিত হয়েছে উত্তরের পথে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হল, মূলধারার সঙ্গে বাংলাদেশি অভিবাসীদের সংযোগ স্থাপন করা এবং সেই সঙ্গে আমেরিকায় তাদের ভিত মজবুত করার সম্ভাব্য উপায় খুঁজতে সহায়তা করা। আমরা এক সময় অভিবাসী হিসেবে যতটা কষ্ট করেছি নিজেদের আবিষ্কার করতে, আজকের প্রজন্মকে সেই কষ্ট করতে হবে না। টেকনোলজি ডেভেলপের সঙ্গে সঙ্গে আজ প্রথম আলো উত্তর আমেরিকা তাদের ‘উত্তরের পথে’ উদ্যোগটি নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিবাসীদের প্রতি। তাদের এই কার্যক্রম প্রশংসার দাবি রাখে।