স্বপ্নচারীদের স্বপ্নভঙ্গ

বাবা মায়ের সঙ্গে যেসব সন্তান ইমিগ্রেশন স্ট্যাটাস ছাড়া এ দেশে এসেছিলেন প্রেসিডেন্ট ওবামা তাঁদের ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ড অ্যারাইভাল-এর মাধ্যমে সাময়িক বৈধতা দিয়েছিলেন। যার ফলে স্বপ্নবাজ প্রায় ৮ লাখ তরুণ-তরুণী সরকারি সহায়তা নিয়ে কলেজে ভর্তি হতে পেরেছিলেন। অনেকে চাকরিও পেয়েছিলেন বিভিন্ন হাই-টেক ফার্মে। আজ বর্তমান প্রেসিডেন্ট এই আইন বাতিল করে এই সমস্ত যুবকদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছেন। তাঁদের সামনে এসেছে অনিশ্চয়তার আতঙ্ক। ডিপোর্টেশনের ভয়। কারণ এই প্রোগ্রামে আবেদনের সময় তাঁরা এমন অনেক তথ্য দিয়েছেন যার মাধ্যমে তাঁদের শনাক্ত করা খুব সহজ হবে। একই সঙ্গে পরিবারের সবাই গভীর উৎকণ্ঠায় এবং অনিশ্চয়তায় নিমজ্জিত হয়েছে। সবাই ভাবছে এখন কী হবে! বহু টেক কোম্পানি একসঙ্গে ট্রাম্পের এই উদ্যোগের কড়া সমালোচনা করছে। কারণ এই সব মেধাবী তরুণ-তরুণীর অনেকেই এই সমস্ত প্রতিষ্ঠানে কাজ করেন। ইতিমধ্যেই ট্রাম্পের এই আদেশের বিরুদ্ধে কোর্টে মামলা করা হয়েছ।
আমেরিকার অন্যতম গর্ব হলো সে স্বপ্ন পূরণের দেশ। আমেরিকা দীপ্তিমান ইমিগ্রান্টদের আকর্ষণ করতে পারে কারণ এখানে আছে বিখ্যাত সব বিশ্ববিদ্যালয়, বিশাল অর্থনৈতিক সম্পদ ও উচ্চ প্রযুক্তি। এখানে চৌকস ইমিগ্র্যান্টরাই গড়ে তুলেছেন গুগল, কমকাস্ট, ই-বে, ক্র্যাফট, ফাইজার এবং এটিএনটি-র মতো বিশাল সব কোম্পানি। ফরচুন ৫০০ কোম্পানিগুলোর ৪০ শতাংশই গড়ে তুলেছেন ইমিগ্র্যান্টরা। এই কোম্পানিগুলো প্রায় ২ কোটি মানুষের কর্ম সংস্থানের ব্যবস্থা করেছে।
১৯৯২ সালে জন কোম ইউক্রেন থেকে ১৬ বছর বয়সে তাঁর মায়ের সঙ্গে এ দেশে এসেছিলেন। ফুড স্ট্যাম্প এর ওপর তাঁদের পরিবার নির্ভরশীল ছিল। কোম কলেজ ড্রপ-আউট। ২০০৯ সালে মোবাইল ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তৈরি করেন ৫ বছর পর তা ২২ বিলিয়ন ডলারে ফেসবুকের কাছে বেচে দেন। অথচ এই কাজটি যদি কোম ইউক্রেনে করতেন নিশ্চয়ই তা সেখানকার অর্থনীতিতে অবদান রাখত, কিছু লোকর কর্ম সংস্থানও হতো।
একটি রাষ্ট্র কোন যোগ্যতায় অসামান্য হয়? এটি কি তার আকারে? রাশিয়ার আয়তন ইতালির চেয়ে ৫৬ গুণ বড় এবং এর জনসংখ্যাও ইতালির চেয়ে দ্বিগুণ। ইতালির সাম্প্রতিক অর্থনৈতিক দুরবস্থার কথা সবারই জানা। তার পরেও ইতালির অর্থনীতি রাশিয়ার চেয়ে বড়।
চীনের জিডিপি আমেরিকার চেয়েও বেশি কিন্তু মাথা পিছু আয় মেক্সিকোর মাথাপিছু আয়ের চেয়ে কম। চীন হলো গরিব মানুষের ধনী দেশ। রাশিয়ার যে পরিমাণ আণবিক বোমা আছে তা দিয়ে পৃথিবীকে উড়িয়ে দেওয়া সম্ভব কিন্তু এখন পর্যন্ত তাদের উল্লেখ করার মতো কোনো বিমানবাহী জাহাজ নেই।
পৃথিবীর নিয়মে সেই দেশই বেশি মানুষকে আকৃষ্ট করেছে যারা সফল, যেখানেই মানুষ তার নিজের সাফল্য দেখতে পারে, নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে সেখানেই সে পাড়ি জমিয়েছে। একটি উদাহরণ দেওয়া যাক। খুব ছোট একটা দেশ হাঙ্গেরি। ১৯৬০ সাল থেকে এ পর্যন্ত সাতজন হাঙ্গেরিয়ান নোবেল প্রাইজ পেয়েছেন। ছোট্ট একটা দেশের জন্য একেবারে কম নয়। কিন্তু তাদের সবাই হাঙ্গেরি ত্যাগ করে অন্য কোনো দেশে পাড়ি জমিয়েছেন তাঁদের জীবিকা এবং ক্যারিয়ার গড়তে।
আরেকটি দেশের পর্তুগাল। এক সময়ের অসাধারণ দেশ। এখন প্রতি ৫ জনের একজন এই হিসাবে ২০ লাখ পর্তুগিজ ইমিগ্রান্ট হিসাবে বিদেশে বাস করে। পর্তুগালের রাজধানীতে যত লোক বাস করে ফ্রান্সের প্যারিসে তার চেয়ে বেশি পর্তুগিজ বাস করে। কারণ পর্তুগিজের অর্থনীতি ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত ৪ শতাংশ সংকুচিত হয়েছ। অপর দিকে ২০০৮ সালে অর্থনৈতিক বিপর্যয়ের পরও আমেরিকার বর্তমান অর্থনীতি ১২ শতাংশ এগিয়েছে। অথচ আমেরিকায় প্রতিবছর গড়ে ৫ লাখ বৈধ ইমিগ্রান্ট আসছে।
এ পর্যন্ত যত নোবেল প্রাইজ দেওয়া হয়েছে তার ৪০ ভাগ এসেছে আমেরিকায়। আর এর মধ্যে ৩৫ ভাগই পেয়েছেন আমেরিকায় বসবাসরত ইমিগ্রান্টরা। গত বছরে আমেরিকায় যারা নোবেল প্রাইজ পেয়েছেন তাঁদের মধ্যে শুধু বব ডিলান হলেন আমেরিকায় জন্মগ্রহণকারী, তিনি ছাড়া বাকি অর্থনীতিতে নোবেল পাওয়া অলিভার হার্ট, চিকিৎসা ক্ষেত্রে নোবেল পাওয়া মাইকের কসটারলিজ এবং রসায়নে নোবেল পাওয়া ফ্যাসার স্টোডার্ট হলেন ইমিগ্রান্ট।
দ্বিধাহীন কণ্ঠে বলতে হয় আমেরিকা ইমিগ্রান্টদের দেশ। এ দেশকে অনন্য করার পেছনে ইমিগ্রান্টদের অবদান অনস্বীকার্য। এই দেশের জন্য বহু ইমিগ্রান্ট তাঁদের জীবন পর্যন্ত দিয়েছেন। এখন সম্মুখ সমরে তাঁরা অবস্থান করছেন। প্রতিদিন অর্থনীতিতে রাখছেন অবদান। করে চলেছেন এই দেশকে মহান। আশা করি আমেরিকা তা ভুলবে না।
(তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস)