স্বপ্নের জাল ছিঁড়ে
আমাদের এক মেয়ে, নাম রিনি। ছোটবেলা থেকেই ওর যত আবদার তা ওর বাবাই মেটাত। স্কুলে নিয়ে যাওয়া-আসার পথে ফুটপাতে যা দেখত, তা-ই কেনার জন্য অস্থির করে ফেলত। একটা মাত্র মেয়ে বলে আমিও রিনির জেদের কাছে মাঝে মাঝে হার মানতাম। রিনি হওয়ার মাসখানেক পর জরায়ুতে আমার টিউমার ধরা পড়ে। ডাক্তার বলেছিলেন, অপারেশন করে ফেলে দিলে আর কোনো সমস্যা হবে না। রিনিকে নিয়ে ছোট্ট সংসারে আনন্দেই কেটে যাচ্ছিল।
একদিন দুপুরে খাওয়ার পর রিনি খাটের রেলিং থেকে লাফ দিয়ে আমার ওপর পড়ল। পেটে তীব্র ব্যথা অনুভব করলাম। রিনির বাবা রাতে বাসায় ফিরলে তাঁকে এই যন্ত্রণার কথা জানালাম। পরদিন রিনিকে স্কুলে দিয়ে আমরা হাসপাতালে গেলাম।
আল্ট্রাসনোগ্রাম করার সঙ্গে সঙ্গে আমাকে ভর্তি করা হলো। তখনো জানি না কেন ভর্তি হলাম। আমি বারবার রিনিকে স্কুল থেকে বাসায় নিয়ে যেতে বললাম। ডাক্তার ইনজেকশন দিলেন। জ্ঞান ফিরলে দেখি রিনি খেলছে আর ওর বাবা আমার মাথার কাছে বসা। জিজ্ঞেস করলাম কী হয়েছিল আমার, বলল সাড়ে তিন মাসের প্রেগন্যান্ট ছিলাম। ওটা নষ্ট হয়ে গেছে। তাই ক্লিন করতে জরায়ু কেটে বাদ দিতে হয়েছে। আমি আর মা হতে পারব না। মনটা ব্যথায় ভরে গেল, পরক্ষণেই রিনির জন্য ধীরে ধীরে মনকে শক্ত করলাম। সময় যেন দ্রুত বয়ে গেল।
রিনি এখন বেশ বড় হয়েছে। ইন্টারমিডিয়েটে পড়ে। বিয়ের জন্য ছেলে দেখছি। কিন্তু রিনি একদিন কলেজ থেকে এসে বলল, ‘মা আমি একজনকে ভালোবাসি।’ ছেলেটাকে একদিন আমার সঙ্গে পরিচয় করিয়ে দিল। আমি বুঝলাম, রিনি এখন তার ভালো-মন্দ বুঝতে শিখেছে। তাই তার ইচ্ছার বিরোধিতা করিনি। রিনির বিয়ের পরপর জামাই ডিভি লটারি পেল। খুশি আর আনন্দে রিনি ভেসে বেড়াচ্ছিল। তাদের বিদেশে যাওয়ার যাবতীয় খরচ রিনির বাবাই দিয়েছিল। নতুন বিয়ে হয়েছে তারপর আবার বিদেশ যাচ্ছে।
আমি প্রায়ই রিনির সঙ্গে কথা বলি। রিনি একদিন ফোন দিয়ে বলল, ‘মা আমি মা হতে যাচ্ছি।’ শুনে চোখে পানি এসে গেল। কী করে ও পারবে বাচ্চাটাকে লালন পালন করতে। মহাচিন্তায় পড়লাম। ওর বাবাকে একদিন ফোনে বলল, ‘আব্বু তোমাদের জন্য অ্যাপ্লাই করেছি।’ ভিসা পেতে পেতে রিনির কোলজুড়ে ছেলে সন্তান এল। মেয়েটা না পারে নিজের যত্ন নিতে, না পারে ছেলেটার। দিন-রাত শুধু আল্লাহকে ডাকি আর বলি, তাড়াতাড়ি যেন আমরা ভিসা পেয়ে যাই। এখনো মনে আছে, ভিসা পাওয়ার এক সপ্তাহ পরই আমরা আমেরিকায় চলে আসি। রিনির কী যে আনন্দ আমাদের পেয়ে। ওর ছেলেটাও যত্নে যত্নে বড় হতে শুরু করল।
রিনির ছেলের তিন-চার বছর পর থেকে রিনির কিছু পরিবর্তন আমাকে খুব ভাবাতে শুরু করল। ও মাঝেমধ্যেই ওর বাবার সঙ্গে কিংবা আমার সঙ্গে খুব উত্তেজিত হয়ে কথা বলে। ওর বাবা বলে, এভাবে হাত-পা গুটিয়ে থাকলে তো চলবে না। আমার কিছু রোজগার করা দরকার। আমি বললাম, দেখি রিনি যদি তোমাকে হাতখরচের পয়সা দেয়, তবে আর এই বুড়ো বয়সে কাজ করে কী হবে। রিনিকে বলামাত্রই সে বলল, ‘তোমাদের আবার খরচ কী? যা লাগে আমি তো দেখছি। তোমাদের এই দেশে আনতে যে টাকা খরচ হয়েছে, তা তোমরা জীবদ্দশায় শোধ করতে পারবে না।’ আমি যেন ওর ঘরের বুয়ার কাজ, বেবি সিটারের কাজ করি। রিনি বাইরে কাজ শুরু করল। যেহেতু দিনের বেলায় ওরা বাসায় থাকে না, তাই ওর বাবা একটা ডেইলি গ্রোসারিতে কাজ নিল। বেতনের পয়সায় আমার ইচ্ছা বা শখ পূরণে কোনো অভাব রাখেনি ওর বাবা। কিন্তু ভাগ্যে তো সুখ থাকতে হবে! রিনি বাসায় কিছু বন্ধুকে দাওয়াত করেছে। সারা দিন রান্না শেষ করে গোসলে যাব। রিনি বলল, মা তুমি কিন্তু ভালো কাপড় পরো আর আব্বুকেও বলো। সন্ধ্যায় সবাই এল, আমরা সবাই ব্যস্ত অতিথিদের নিয়ে। লক্ষ করলাম, যখন রিনির বাবা ওদের কারও সঙ্গে কথা বলছিল, কিছু মানুষ কেমন করে যেন দেখছিল। আবার হাসাহাসি করছিল ওরা। রিনি আমাকে বেডরুমে ডাকল, যেতেই দেখি ওর বাবা গম্ভীর মুখে বসে আছে। কি রে, ঘরে লোকজন রেখে ডেকেছিস কেন? ‘তুমি কেন আমাদের বলোনি বাবা গ্রোসারিতে মিট কাটে? আমাদের সম্মানের কোনো মূল্য নেই তোমাদের কাছে?’ আস্তে বল, ওরা শুনবে। ‘ওরাই তো বলল তোমার জামাইর কাছে।’ যা আমি কল্পনাও করিনি। আমি আমার রুমে এসে চোখ মুছলাম, ওর চিৎকারের জন্য বের হলাম। সবাই খেয়ে চলে গেল। ওর বাবা ডায়বেটিসের রোগী, না খেলে সমস্যা হবে। কিন্তু ওরা ঘরে জোরে জোরে কথা বলছে, ডাকতে সাহস পাচ্ছি না। আমি তাকে জোর করে খেতে দিলাম। রিনি বেরিয়ে এসে বলল, ‘সামনের মাস থেকে তোমরা আলাদা বাসা নাও। তোমার স্বামী তো ভালোই কাজ করে। তুমিও এ দেশে বুয়ার কাজ খুঁজে নাও।’
আমি রাগ হয়ে বললাম, তোর বাচ্চাদের দেখছি, সেটা তো বুয়ারই কাজ। কই তুই কী কখনো পয়সা দিয়েছিস? আর তোর বাবা বাচ্চাকে স্কুলে দিয়ে আসে, বাজার করে, বিল দিতে যায়। আমরা তো কোনো পয়সা দাবি করিনি। রিনি বলে উঠল, ‘তোমাদের এই দেশে এনে জীবনে বড় ভুল করেছি। আপন নানা নানি এখন পয়সা দাবি করছে। তোমাদের আনার জন্য আমাদের প্রচুর পয়সা খরচ হয়ে গেছে। অথচ আমরা আমাদের প্লেনের টিকিটের পয়সা দিয়েই এসেছি।’
ওর বাবা সারা রাত না খেয়ে শুধু কান্নায় বুক ভাসালেন। হায়রে আমেরিকা! আমাদের কাজের কোনো মূল্যই নেই! ওর বাবার এক কথা, চল ফিরে যাই মাটির টানে দেশে। আমাদের কী নেই! তবে কেন পরাধীনের মতো থাকব এখানে! অনেকটা দিন গড়িয়ে গেল, পরিবেশ যেন ক্রমান্বয়ে খারাপ হচ্ছিল। এক সময় দেয়ালে পিঠ ঠেকে গেল। আর বাকি চিন্তা না করে চলে এলাম নিজ দেশে। চার পাঁচ মাস রিনি ফোন দেয়নি। আমি কল দিলেও কেমন যেন ছাড়া ছাড়া কথা বলত। ধীরে ধীরে আমি যেন ওর পর হতে শুরু করলাম।
ভালো-মন্দ রান্না করলে নাতির কথা মনে হতো। পৃথিবী কেন এত নিষ্ঠুর হয়? রিনির এখন দুটি সন্তান। ছেলে হাইস্কুলে যাবে আর মেয়ে ফোর্থ গ্রেডে। ওর সুখের সংসারে ভালো থাকুক দোয়া করি সব সময়।
একদিন ওর জামাই ফোন করে বলল, আপনার মেয়ে হাসপাতালে, মৃত্যুর মুখে দাঁড়িয়ে আপনাদের পথ চেয়ে আছে। আমি যেন ঘোরের মতোই শুনছিলাম কথাগুলো। যা শুনলাম তাতে আমার স্বপ্নের জাল ছিঁড়ে ছিঁড়ে পড়ল।