স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আলাদা অনুষ্ঠান দুপক্ষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগে দীর্ঘদিন ধরে বিভক্তি রয়েছে। এই বিভক্তি দিন দিন প্রকট হয়ে উঠছে। দুই পক্ষের কোন্দল এতটাই চরমে যে ২৪ এপ্রিল নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একই দিনে আওয়ামী লীগের আলাদা দুটি অনুষ্ঠানে যোগ দিতে হয়েছে। কারণ এক পক্ষ আরেক পক্ষের অনুষ্ঠানে যেতে সম্মত হয়নি। আওয়ামী লীগের এক পক্ষে রয়েছেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, অন্য পক্ষে রয়েছেন সিদ্দিকুর বিরোধীরা।
আওয়ামী লীগের নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মেজবান রেস্টুরেন্টে ২৪ এপ্রিল আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুরের নেতৃত্বে সমাবেশের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই দিন একই এলাকার পালকি সেন্টারে

জনসংযোগ সম্পাদক কাজী কয়েস ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. বখতিয়ার আলীর নেতৃত্বে আরেকটি সমাবেশের আয়োজন করা হয়। ওই সভায় যাতে সিদ্দিকুর রহমান যোগ না দিতে পারেন—সে জন্য সব প্রচেষ্টা চালিয়েছিল সিদ্দিকুরবিরোধী শিবির। এই বিরোধ টের পেয়ে নিজের অসন্তোষ চেপে রাখতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। তিনি মেজবানে রেস্টুরেন্টের অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার সময় ক্ষোভ প্রকাশ বলেন, ‘আমরা জানি আপনাদের মধ্যে সমস্যা আছে। ভালো হতো যদি সবাইকে এক সঙ্গে পেতাম। সেটা হলেই খুশি হতাম।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মেজবানের সমাবেশ থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পালকি সেন্টারের সমাবেশের যোগ দিতে যান। এ সময় তাঁর সঙ্গে ড. সিদ্দিকুরের নেতৃত্বে সাধারণ নেতা-কর্মীরা যান। কিন্তু তাঁদের পালকি সেন্টারের সমাবেশে ঢুকেত বাধা হয়। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে কথাগুলো বলেন।
পালকি সেন্টারের সভা পরিচালনা করেন জনসংযোগ সম্পাদক কাজী কয়েস ও আইন বিষয়ক সম্পাদক আইনজীবী শাহ মো. বখতিয়ার আলী। এই সভায় সভাপতিত্ব করেন কার্যকরী সদস্য মুক্তিযোদ্ধা সরাফ সরকার। এই সমাবেশে নিউইয়র্ক অঙ্গরাজ্য, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, শেখ হাসিনা মঞ্চ, মহিলা লীগ, শেখ কামাল স্মৃতি পরিষদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের আলাদা সমাবেশের বিষয়ে চাইলে জনসংযোগ সম্পাদক কাজী কয়েস অভিযোগ করেন, ‘যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ এখন প্রকাশ্যে দুই ভাগে বিভক্ত। একটি অংশ আমরা সবাই আছি, অন্য অংশে ড. সিদ্দিকুর রহমান একাই আছেন। ওনার সঙ্গে কেউ নেই। কারণ, তিনি সংগঠনকে ব্যবহার করছেন নিজের ব্যবসা প্রসারের কাজে। এ নিয়ে দলের নেতা-কর্মীরা হতাশ। তিনি শেখ হাসিনার কোনো কথাই মানেন না। দলীয় নেতা সম্মেলন দিতে বলেছেন, কিন্তু তিনি ৩ বছরের কমিটির জায়গায় ৭ বছর ধরে দায়িত্ব কুক্ষিগত করে রেখেছেন শুধু নিজের ব্যবসার প্রয়োজনে। আমরা আওয়ামী লীগের আদর্শের কর্মীরা তাঁর সঙ্গে নেই।’
তবে এ বিষয়ে ড. সিদ্দিকুরের সঙ্গে যোগাযোগ করা তিনি দাবি করেন, ‘যাঁরা আমার বিরোধিতা করছে তাদের যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগে কোনো অবদান নেই। তা ছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী তো সবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তাই তিনি যে কারও ডাকে যেকোনো সভায় যোগ দিতে পারেন। এখানে সমস্যার কিছু নেই। উনি দলীয় কোনো পদ বহন করেন না। তাই উনি কোন পক্ষের সভায় যোগ দিয়েছেন, কোনটিতে দেননি, সেটাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভক্তি প্রকাশ পায় না’
যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ দুভাগে বিভক্ত কিনা এমন প্রশ্নের উত্তরে সিদ্দিকুর জানান, ‘দলে কোনো বিভক্তি নেই। আমি শেখ হাসিনা ছাড়া কারও কথা শুনি না। উনি আমাকে দল পরিচালনা করতে বলেছেন, সম্মেলন দিতে বলেননি। তাই যারা সম্মেলনের প্রশ্নে দলে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন, তাঁরা আসলে আমার বিরোধিতার নামে শেখ হাসিনারই বিরোধিতা করছেন।’
সিদ্দিকুর রহমান এ সময় কিছুটা উত্তেজিত হয়ে বলেন, ‘ওরা সম্মেলন চায়, আমি ১৫ জুলাইয়ের মধ্যে সম্মেলন ডাকব। দেখি তখন তাঁরা কী বলেন।’
সভাপতির এমন বক্তব্যের বিষয়ে কাজী কয়েস বলেন, ‘ওনার সম্মেলন আমরা চাই না, আমরা চাই শেখ হাসিনা একটি সম্মেলন দিন। উনি ডাকলেও আমরা যাব না।’