নিউইয়র্ক নগরের প্রায় সব এলাকায় এই মুহূর্তে চলছে স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের অ্যাপার্টমেন্ট তৈরির মহাযজ্ঞ। এর ফলে নগরের সামগ্রিক দৃশ্যপট দ্রুত বদলে যাচ্ছে।
লোকালাইজ সিটি ডট কমের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি ২০১৮ সালের প্রথম ছয় মাসে প্রায় ১২ হাজার ৮০০ নতুন ফ্ল্যাটের কাজ শেষ হচ্ছে যা এখনই মোটামুটি বসবাসের উপযোগী। বাকি আরও ৩১ হাজার নতুন ইউনিট ২০২০ সাল শেষ হওয়ার আগেই প্রস্তুত করা হবে।
লোকালাইজ সিটি ডট কমের পরিসংখ্যান বিশেষজ্ঞ ইসরায়েল শাওয়াজ এক বিবৃতিতে এসব তথ্য জানান। প্রতিবেদনে যদিও বলা হয়েছে নগরীর পাঁচটি বরোতেই নতুন অ্যাপার্টমেন্ট নির্মাণ প্রকল্প অল্প সময়ের মধ্যে শেষ করে স্বল্প মূল্যে নগরবাসীর বাসস্থানের গুরুত্বপূর্ণ চাহিদা পূরণের লক্ষ্যে কাজ চলেছ। তবে বাস্তবে দেখা যায়, কুইন্স ও ব্রুকলিনে মোট গৃহীত প্রকল্পের মাত্র ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। পাশাপাশি নগরের বাণিজ্যিক এলাকা ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইড এলাকায় কিছু নতুন ফ্ল্যাট সম্পূর্ণ তৈরি অবস্থায় আছে।
লোকালাইজ সিটি ডট কমের প্রেসিডেন্ট স্টিভ কাইফ অটিজ বলেন, বর্তমানে ম্যানহাটন এলাকার ফ্ল্যাট ইতিমধ্যে তৈরি হয়েছে। এই এলাকায় নাগরিক জীবনের অপরিহার্য সুবিধাবলি যেমন বার, রেস্টুরেন্ট, ব্যায়ামাগার, ইয়োগা সেন্টারসহ বড় বড় গ্রোসারি স্টোর কাছে থাকায় সব ধরনের বসবাস উপযোগী স্থাপনার দাম এখানে বেড়েই চলছে।
নগরীর এলাকাভিত্তিক সাশ্রয়ী মূল্যের পাশাপাশি স্বল্পমূল্যের অ্যাপার্টমেন্ট তৈরির ক্ষেত্রে লং আইল্যান্ড সিটি বর্তমানে এগিয়ে আছে। এই মুহূর্তে উল্লেখিত এলাকার ১০টি নির্ধারিত স্থানে প্রায় ৬ হাজার ৪০০ ফ্ল্যাট নির্মাণাধীন, যা ২০২০ সালের আগেই শেষ হবে।
লং আইল্যান্ডের পরই আছে গ্রিন পয়েন্টে নির্মাণাধীন কয়েকটি বিশাল প্রকল্প। পাশাপাশি উইলিয়ামস বার্গ এলাকায় চলছে বিশাল অঙ্কের অ্যাপার্টমেন্ট ইউনিট তৈরির কাজ। হঠাৎ করে নগরে অ্যাপার্টমেন্ট তৈরির তোড়জোড় শুরু হওয়ার কারণ জানাতে গিয়ে স্টিভ বলেন, কর্তৃপক্ষ ঘোষিত বাসস্থান নির্মাণে কর রেয়াত কর্মসূচির মেয়াদ ২০১৬ সালে শেষে হওয়ার আগেই সব প্রতিষ্ঠান এই সুযোগ করেছিল বিধায় বর্তমানে এই উন্নয়নের তোড়জোড় পরিলক্ষিত হচ্ছে।
তবে কাইফ অটিজ বলেন, বর্তমানে নগরীর বিশেষ এলাকায় এ ধরনের উন্নয়নকাজের ফলাফল ভালো-মন্দ দুটোই আসবে। ভালোর দিক হলো নগরীর ক্রমবর্ধমান বাড়িভাড়া বৃদ্ধিতে স্বল্প আয়ের নিউইয়র্কবাসীদের নগরে টিকে থাকার কষ্ট অনেকাংশেই লাঘব হবে। তবে যে সব এলাকার দ্রুত উন্নয়ন চলছে, সে সব এলাকায় স্কুল কলেজসহ পর্যাপ্ত নগর সেবার কোনো চিহ্ন এখনো চোখে পড়ছে না। ফলে শিগগিরই বর্ণিত এলাকা নাগরিক সুবিধাবঞ্চিত জনপদে পরিণত হবে।
কাইফ আরও বলেন, জনগণ এ ধরনের উন্নয়ন চিত্র দেখে খুবই উৎফুল্ল। তবে নাগরিক সুবিধা যেমন যোগাযোগসহ আরও সব ধরনের সেবার মান দ্রুত বৃদ্ধি প্রয়োজন।