স্বাগত ২০১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্ধবর্ষের বেশি সময় নিউইয়র্কে বসবাস সূত্রে আমি এই গোলোকায়িত সংস্কৃতির মধ্যেই রয়েছি। এই নগর কেবল ইউরোপীয়দের নয়, বিশ্বের বহু নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীকে ধারণ করে রয়েছে এ নগর। কিন্তু এখানে ‘হ্যাপি নিউ ইয়ার’ সকলেরই! ঘর থেকে বের হলেই তা টের পাওয়া যায়! আড়াই বছর আগে যখন প্রথম নিউইয়র্কে আসি তার আগেই নিউইয়র্কের টাইম স্কয়ারের রঙিন আলোয় সজ্জিত বর্ষ গোলকের পতনের খবর জানি। এবার হয়তো এই পতন চর্মচক্ষুতে দেখতে পারব। সারা দুনিয়ায় ‘হ্যাপি নিউ ইয়ার’ উদ্‌যাপনের অনেক বর্ণাঢ্য আয়োজন হয়। এর মধ্যে নিউইয়র্কের বর্ণময় ‘হ্যাপি নিউ ইয়ার’ আলোক গোলকের পতনের মধ্য দিয়ে এই উদ্‌যাপন বিশেষভাবে উল্লেখযোগ্য। 

এখানে দিনটি উদ্‌যাপিত হয় ৩১ ডিসেম্বর বিকেল থেকেই। এই উদ্‌যাপনের জন্য ম্যানহাটনের যেসব দোকানপাট চব্বিশ ঘণ্টা খোলা থাকে সেগুলোও বন্ধ করে দেওয়া হয় নিউ ইয়ার ইভের জন্য! নানা ধরনের রঙিন পোশাক ও মুখোশ পরে নৃত্যের তালে

তালে উৎসবের আমেজে দিনটিকে বরণ করে নিউ ইয়র্কবাসী। উৎসবমুখরতা চূড়ান্ত রূপ লাভ করে ঘড়ির কাঁটা রাত ১২টার কাছাকাছি চলে এলে। একটি এলইডি দ্বারা বর্ণাঢ্যভাবে আলোকিত গোলককে ১২টা বাজার ১ মিনিট আগে একটি দণ্ডের ওপর থেকে ধীরে ধীরে নিচে নামিয়ে আনা হয়। যে মুহূর্তে আলোর গোলকটি মাটি ছুঁয়ে ফেলে তখন জ্বলে ওঠে নববর্ষের আলো। মুহূর্তটিকে স্মরণীয় করে রাখে সবাই একসঙ্গে গান গেয়ে। জেনেছি যে, গানটি একটি লোকগানের বিবর্তিত রূপ, কবি রবি বার্নস গানটির বর্তমান রূপান্তরিত পাঠ প্রস্তুত করেছিলেন। সব ইংরেজই এখন এই গান নববর্ষে গেয়ে থাকেন।

খুব ছোটবেলায় বছরের পয়লা দিন হিসেবে জেনেছিলাম পয়লা বৈশাখকে। কারণ মামার সঙ্গে দলেবলে গিয়েছিলাম বান্নির মেলায়। নববর্ষ কথাটার মানে কিছুটা বুঝেছিলাম স্কুলপড়ুয়া বয়সে। কারণ নববর্ষের উল্লেখ করে স্কুল বন্ধ থাকত। কিন্তু তখন স্কুলের ক্লাস শুরু হতে হতে জানুয়ারি মাসের কিছুদিন পেরিয়ে যেত বলে ইংরেজি নববর্ষ পালনের কথা শুনেছি বলে মনে পড়ে না। আর তখন কোথাও ইংরেজি নববর্ষ পালিত হলেও আমার পক্ষে তা জানা সম্ভব হয়নি।

ইংরেজি নববর্ষ উদ্‌যাপনের উৎসবমুখরতা বুঝতে শুরু করি নব্বইয়ের দশকে। কোনো কোনো ধনী অবস্থাপন্নদের বাড়িতে ইংরেজি নববর্ষের পার্টি হয় এমন কথা কানে এলেও ‘হ্যাপি নিউ ইয়ার’ সংস্কৃতির আঁচ পেতে দেরি হয়েছিল আমার। কারণ আমার বিচরণ মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্তের সীমানার ভেতরে সীমিত ছিল। ঢাকায় থাকলেও ধানমন্ডি বা গুলশান বনানীর কোনো বাড়িতেই প্রবেশাধিকার পাইনি বলে এ রসে বঞ্চিত ছিলাম। তা ছাড়া যাদের আত্মীয়-স্বজন ইউরোপ আমেরিকায় গেছে তাদের দ্বারা বাহিত হওয়া ছাড়া এই সংস্কৃতির সৌন্দর্য বোঝাও সম্ভব ছিল না।

আশির দশক থেকে টেলিভিশনের ব্যাপকতা শুরু হয়, ভিসিআরে বিদেশি ছবি দেখার সুযোগ বাড়তে থাকে, স্যাটেলাইট টেলিভিশন আসে। এই সব মাধ্যমে বেশ দ্রুতগতিতে পাশ্চাত্য সংস্কৃতির অনুপ্রবেশ ঘটতে থাকে বাংলাদেশের নাগরিক সমাজে। তত দিনে দ্রুতগতিতে বাংলাদেশ বিশ্বায়িত পৃথিবীর অন্তর্গত হয়ে পড়তে থাকে। কিন্তু সেসবের খবর আমার মতো ‍কুয়োর ব্যাঙের জানবার কথা নয়; আমি যখন এর আঁচ পেতে শুরু করি ততদিনে বাংলাদেশের মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত সমাজেও ইংরেজি নববর্ষ উদ্‌যাপন দৃশ্যমান হয়ে উঠতে শুরু করেছে।

তবে আমরা সবাই অনুভব করি, আবহমান সংস্কৃতির সঙ্গে যোগ নেই বলে এর উদ্‌যাপনে যে উন্মাদনা আছে, তা বাংলাদেশে পরিণত হয় উচ্ছৃঙ্খলতায়। মুসলিম প্রধান দেশ হলে কী হবে এই উৎসবের সূত্রে মদ্যপানের আকাঙ্ক্ষা দৃশ্যমান হতে থাকে সমাজে। মদ্যপানের সাংস্কৃতিক পরিশীলনের ঐতিহ্য না থাকায় রীতিমতো নিরাপত্তা-হুমকিরও সৃষ্টি করে। সরকারকে ক্রমশ হস্তক্ষেপ করতে হয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে। উদ্‌যাপনে নানা শর্তের আরোপ ঘটাতে হয় পুলিশ প্রশাসনকে।

কিন্তু যত কঠিন শর্তেরই আরোপ ঘটুক না কেন গোলোকায়িত পৃথিবীতে ‘হ্যাপি নিউ ইয়ার’ এখন বাংলাদেশেরও সাংস্কৃতিক বাস্তবতা। প্রযুক্তির বৈপ্লবিক অগ্রগতিতে গণমাধ্যম ও সামাজিক মাধ্যম এখন আমাদের হাতের মুঠোয়! বাংলাদেশের মানুষ এখন ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। ফলে এককালে আমাদের কাছে ইংরেজি নববর্ষ বলে পরিচিত বিদেশিদের ‘হ্যাপি নিউ ইয়ার’ এখন বাংলাদেশের মানুষেরও সাংস্কৃতিক অনুষঙ্গ।

যত দূর জানা যায় খ্রিষ্টপূর্ব ৪৬ সালে এই নববর্ষ পালনের সূচনা করেন ব্যাবিলনের সম্রাট জুলিয়াস সিজার। আর ১৫৮২ সালে প্রবর্তিত হয় পোপ গ্রেগরির নামানুসারে গ্রেগরীয় বর্ষপঞ্জি। এর পর থেকেই মূলত ইউরোপসহ বিভিন্ন দেশে পয়লা জানুয়ারি নববর্ষ পালন করা শুরু হয়। ভারতবর্ষে তথা বাংলাদেশে এই বর্ষপঞ্জি ইংরেজরা চালু করেছিল বলে এটাকে আমরা ইংরেজি নববর্ষ বলি। শুধুমাত্র ইউরোপের কিছু দেশ আর আমেরিকা জানুয়ারি মাসের প্রথম দিনটিকে ‘নিউ ইয়ার্স ডে’ হিসেবে পালন করে।

নিউইয়র্ক নগরীতে নববর্ষ বরণের আয়োজনে প্রায় ১০ লাখ পর্যটক উপস্থিত থাকে। ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁতেই ম্যানহাটনের টাইম স্কয়ারে ১১ হাজার ৮৭৫ পাউন্ডের ওয়াটার ফোর্ড স্ফটিক গোলক ফেলে নতুন বছরকে স্বাগত জানানো হবে। আর সঙ্গে সঙ্গেই আনন্দে মেতে উঠবে নিউ ইয়র্কবাসী। যুগলেরা পরস্পরকে চুম্বনে আর আলিঙ্গনে আবদ্ধ করবে! টাইম স্কয়ারে নতুন বছরকে স্বাগত জানানোর এই উচ্ছ্বাসের সঙ্গে থাকবেন বাংলাদেশিরাও! বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটস, উডসাইড, জ্যামাইকা, ব্রুকলিন, ব্রঙ্কস ও স্ট্যাটেন আইল্যান্ডে বাংলাদেশি পরিবারগুলো মেতে উঠবে পার্টিতে। নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করবে তারা।

শীতের তীব্রতা বেশি এবং সাপ্তাহিক কর্মদিবস হওয়া সত্ত্বেও অনেক বাংলাদেশি পরিবার নিজ বাড়িতে ‘হ্যাপি নিউ ইয়ার’ উদ্‌যাপন করবেন এমন আভাসই পাওয়া যাচ্ছে! অনেকে হয়তো টাইমস স্কয়ারে যেতে পারবেন না; তাঁরা বাড়িতে বসেই বড় পর্দায় উপভোগ করবেন সেখানকার বর্ণাঢ্যতাকে।

নতুন উৎসাহে, নতুন প্রেরণায়, নতুন আশায়, নতুন স্বপ্নে জীবনের উচ্ছ্বসিত সূচনা করা নববর্ষ পালনের উদ্দেশ্য। নতুনভাবে সন্দীপিত হওয়ার এই আকাঙ্ক্ষা কেবল নিজের জন্য নয়, দেশ ও সমাজ তথা বিশ্বের জন্য। সুতরাং আসুন সবাই মিলে কামনা করি নতুন বছর শুভ হোক সকল মানুষের জন্য!