স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্ব ৩৯

পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের পর ২১ ডিসেম্বর জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবকে কারাগার থেকে মুক্তি দেওয়ার ঘোষণা দেন। ৮ জানুয়ারি খুব সকালে বিবিসি খবর দেয়, শেখ মুজিব মুক্ত হয়ে লন্ডন আসছেন। তিনি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) বিশেষ ফ্লাইট ৬৩৫-এ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান সকাল ৬টা ৩৬ মিনিটে। বঙ্গবন্ধু মুক্ত হয়ে লন্ডনে আগমন থেকে বাংলাদেশে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন পত্রিকায় তাঁর মুক্তি, সংবাদ সম্মেলন ও বাংলাদেশে আগমন নিয়ে একাধিক সংবাদ ছাপে। যার কয়েকটি এখানে তুলে ধরা হল—
লন্ডনের দ্য সানডে টেলিগ্রাফ ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হিথের সঙ্গে শেখ মুজিবের বৈঠক শেষে বিদায়ের সময় করমর্দনের ছবিসহ প্রথম পাতায় মূল শিরোনাম করে, ‘শেখ মুজিব উড়ে এসে হিথের সঙ্গে দেখা করে সহায়তার আবেদন জানিয়েছেন’ [Sheikh Mujib flies in and sees Heath Plea for aid]। সংবাদটি পরিবেশন করে সানডে টাইমস–এর কূটনৈতিক সংবাদদাতা রোনাল্ড পেইন।

সংক্ষেপে সংবাদটি এমন—
৫১ বছর বয়সী শেখ মুজিবুর রহমান, ‘বাংলাদেশের পিতা’ অপ্রত্যাশিতভাবে গতকাল খুব সকালে লন্ডন পৌঁছান এবং গতরাতে খুবই আন্তরিক পরিবেশে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে এক আলাপচারিতায় অংশ নেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীই প্রথম সরকার প্রধান, যিনি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি কথা বললেন। শেখ মুজিব বাংলাদেশের জন্য স্বীকৃতি ও সাহায্য চাইলেন। মি. হিথ পাকিস্তানের জেল থেকে সদ্য মুক্তি পাওয়া বাংলাদেশের নেতাকে বলেন, ব্রিটেন যা করতে পারে তা করতে খুবই উদ্গ্রীব। তবে তিনি বলেন, জাতিসংঘই উপযুক্ত প্রতিষ্ঠান যারা সাহায্য করে মানুষের কষ্ট লাঘব করতে পারে। কমনওয়েলথের মাধ্যমে যতটুকু সাহায্য সম্ভব ততটুকু তিনি করবেন বলে উল্লেখ করেন। শেখ মুজিবের সঙ্গে ছিলেন তার সাবেক সংবিধান বিষয়ক উপদেষ্টা ড. কামাল হোসেন আর প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বৈদেশিক মন্ত্রণালয়ের ইয়েন সদারল্যান্ড।
প্রেসিডেন্ট মুজিব ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বছরের গোড়াতে তাঁকে কীভাবে এবং কী কারণে গ্রেপ্তার করা হয়েছিল তা বর্ণনা করেন। অন্যদের মতো মি. হিথও মুক্ত হওয়ার পর শেখ মুজিব কেন লন্ডনকে বেছে নিলেন, তা জানতে চান। শেখ মুজিব বলেন, তিনি এবং পাকিস্তানের প্রেসিডেন্ট মি. ভুট্টো একমত হন যে, লন্ডনই হবে শেখ মুজিবের যাওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা।
বিরোধী দলীয় নেতা মি. উলসন গতরাতে শেখ মুজিবের সঙ্গে দেখা করতে ক্লারেজি হোটেলে যান, যেখানে শেখ মুজিব অবস্থান করছেন। তাদের মধ্যে একটি সভা হয় যা মি. উলসনের অনুরোধে অনুষ্ঠিত হয়। মি. উলসনের আগমনে বাংলাদেশিরা স্বাগত ধ্বনি দেন। তিনি বাংলাদেশকে স্বীকৃতিসহ কনজারভেটিভদের যেকোনো প্রস্তাবে সমর্থন দেবেন বলে জানান।
পরে ক্লারেজি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শেখ মুজিব আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘আমার লাখ লাখ মানুষ শহীদ হয়েছে, হত্যা করা হয়েছে এবং অত্যাচারিত হয়েছে, এমনকি হিটলার বেঁচে থাকলেও এই ঘটনায় লজ্জা পেতেন।’ তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘কোনো মানুষের জীবনে এত উচ্চ মূল্য দিতে হয়নি।’
বাংলাদেশি কর্মকর্তারা জানান, এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭০৭ বোম্বে থেকে শেখ মুজিবকে ঢাকা নিয়ে যেতে রওনা হয়েছে। এদিকে ঢাকা যাওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁকে দিল্লি ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন।
শেখ মুজিব লন্ডন থেকে বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের সঙ্গে পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেন। তিনি ঢাকায় টেলিফোনে তাঁর স্ত্রী, দুই ছেলে এবং দুই মেয়ের সঙ্গেও কথা বলেন।
শেখ মুজিবের মুক্তি নিয়ে নিউইয়র্ক টাইমস–এর সাংবাদিক অ্যান্থনি লুইস ৮ জানুয়ারি লন্ডন থেকে একটি প্রতিবেদন পাঠান যার শিরোনাম ছিল, ‘শেখ মুজিব মুক্ত, ব্রিটেনে এসেছেন, ইয়াহিয়া গ্রেপ্তার’ [Sheik Mujib, free, arrives in Britain, Yahya is arrested]।
প্রতিবেদনটি সংক্ষেপে এমন—
শেখ মুজিব ৯ মাস পাকিস্তানের কারাগারে অন্তরীণ থাকার পর মুক্ত হয়ে আজ লন্ডনে আসেন। তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশ এখন একটি অপরিবর্তনীয় বাস্তবতা’। তিনি বিশ্বের সব রাষ্ট্রের প্রতি বাংলাদেশকে স্বীকৃতি এবং সাহায্যের আবেদন জানা ‘যাতে লাখ লাখ মানুষ মারা না যায়’। তিনি তাঁর সংবাদ সম্মেলনে ‘জেন্টেলম্যান অফ দি প্রেস’ বলে শুরু করেন। তারপর বলেন, ‘আমি আজ মুক্ত, আমি মুক্তির সীমাহীন আনন্দ আমার দেশবাসীর সঙ্গে ভাগ করতে চাই। মহান মুক্তিসংগ্রামের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতার মূল অর্জন হলো সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আমার দেশের মানুষ আমাকে দেশের প্রেসিডেন্ট মনোনীত করেছে যখন আমি নির্জন কক্ষে বন্দী হিসেবে ফাঁসিতে যাওয়ার অপেক্ষায় ছিলাম।’
১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকার মাটিতে ফেরত আসার বিস্তারিত জানিয়ে নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদক ফক্স বাটারফিল্ড ঢাকা থেকে একটি প্রতিবেদন পাঠান যার শিরোনাম ছিল ‘শেখ মুজিব স্বদেশে, ৫ লাখ মানুষের উষ্ণ অভ্যর্থনা’ [Sheik Mujib home; 500000 give him rousing welcome]

সংক্ষেপে সংবাদটি ছিল—
আজ নয় মাস পাকিস্তানের কারাগারে বন্দী অবস্থা থেকে ফিরে আসা শেখ মুজিবুর রহমানকে প্রায় ৫ লাখ মানুষ আবেগপূর্ণ বিজয়ী অভ্যর্থনা জানায়। যখন তাদের নেতা রাজকীয় ব্রিটিশ বিমানবাহিনীর কমেট জেট থেকে নেমে আসে, তখন উল্লসিত জনতা তাঁর ওপর পুষ্প বৃষ্টি ছড়ায় আর মুহুর্মুহু ‘জয় বাংলা’ স্লোগান দেয়। তিনি শনিবার মুক্ত হয়ে লন্ডন থেকে দিল্লি হয়ে দেশে আসেন।

কূটনীতিকদের শুভেচ্ছা
ঢাকায় পৌঁছালে শেখ মুজিবকে সেনা, নৌ ও বিমানবাহিনী গার্ড অব আনার প্রদান করে, তিনি গার্ড পরিদর্শন করেন। বিমান বন্দরে বিদেশি কূটনৈতিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন, যদিও এখন পর্যন্ত ভুটান ও ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। এই দুই দেশের কূটনীতিকরা সরকারিভাবে উপস্থিত ছিলেন। আমেরিকার কনসাল জেনারেল হারবার্ট ডি স্পিভেক একটু ঝুঁকে এই বাঙালি নেতার সঙ্গে হাত মেলান এবং বলেন, ‘ঢাকায় আপনাকে স্বাগতম’। জবাবে শেখ মুজিব হেসে বলেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ’। স্পিভেক বলেন, তাঁকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান হয়েছে এবং এই উপস্থিতি কোনো রাজনৈতিক গুরুত্ব বহন করে না।
উল্লেখ্য, আমেরিকার সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই নিম্ন অবস্থায় ছিল। আজকের এই অনুষ্ঠানে শেখ মুজিবের স্ত্রী ফাজিলাতুন উপস্থিত ছিলেন না, কারণ তিনি নার্ভাস ও ক্লান্ত।
বিমানবন্দর থেকে রেসকোর্স পর্যন্ত লাখ লাখ মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে ছন্দের তালে স্লোগান দেয়, ‘শেখ মুজিব জিন্দাবাদ’, ‘বিশ্বে এল নতুন দেশ-বাংলাদেশ, বাংলাদেশ’, ‘বিশ্বে এল নতুন বাদ, মুজিববাদ মুজিববাদ’।
ক্লান্ত কিন্তু গর্বিত শেখ মুজিব রেসকোর্সের মাঠে বিশাল জনসভায় আবেগআপ্লুত কণ্ঠে বলেন, ‘আমার জীবনের আশা পূর্ণ হয়েছে, আমার বাংলা আজ স্বাধীন।’ তিনি ৩০ লাখ বাঙালিকে হত্যার কথা উল্লেখ করে বলেন, ‘তাদের ক্ষমা করুন, আমি আজ আর কোনো হত্যা দেখতে চাই না।’ তিনি সমবেত জনতার উদ্দেশ্য আরও বলেন, ‘এই বাংলায় সবাই একসঙ্গে খাবে, হাসবে, গান গাইবে। আমার বাংলায় সবাই সুখী থাকবে, এই বাংলায় আজ থেকে সবাই বাঙালি, সবাই এক সঙ্গে থাকবে।’
শেখ মুজিবের জনপ্রিয়তা এতই বেশি যে, তার কথাই আইন। এখন কয়েকটি প্রশ্ন মীমাংসার অপেক্ষায়, কীভাবে তিনি এক লাখ বা তার অধিক গেরিলাকে নিরস্ত্র করেন। অবিলম্বে তার দেশের জন্য খাদ্য ও অন্যান্য সাহায্য প্রয়োজন। সরকারিভাবে বলা হচ্ছে, দেশকে পুনর্গঠনের জন্য ৩০০ কোটি ডলার প্রয়োজন, কীভাবে তিনি তা সংগ্রহ করেন এবং তাঁকে সিদ্ধান্ত নিতে হবে বিরোধী দল অর্থাৎ ন্যাশনাল আওয়ামী পার্টি ও কমিউনিস্ট মস্কো যারা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালান করেছে, তাদের কোনো সদস্যকে তিনি কেবিনেটে অন্তর্ভুক্ত করেন কিনা। যা করতে তাঁর ওপর সোভিয়েত ও ভারতের চাপ আছে বলে মনে করা হচ্ছে। (সমাপ্ত)

লেখকের কথা: পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের ফিরে আসার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রথম পর্বের সমাপ্তি ঘটেছে বলে আমি মনে করি। আর তাই আমার ধারাবাহিকটিও এই পর্বেই শেষ হচ্ছে। যদিও যুদ্ধের মাঝেই আমি বড় হয়েছি। পাকিস্তানি ও তাদের দোসর রাজাকার, আল–বদরদের অত্যাচার আমি নিজের চোখেই দেখেছি। তবু এই ধারাবাহিকটি লিখতে গিয়ে আমি যেন সবকিছুই নতুন করে জানলাম। জানলাম আরও গভীরভাবে।

লেখক: গল্পকার এবং কুইন্স লাইব্রেরির হলিস শাখার ম্যানেজার।
ইমেইল: myshathi@gmail. com