স্বাধীনতা চান অনেক ক্যালিফোর্নিয়াবাসী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোনাল্ড ট্রাম্পের অপ্রত্যাশিত বিজয়ের পর যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন বড় শহরে বিক্ষোভ হয়েছে। প্রতিবাদের ঝড় তৃতীয় বৃহত্তম অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াকেও ছুঁয়েছে। তাঁরা বরং এক ধাপ এগিয়ে। যুক্তরাষ্ট্র থেকে বেরিয়েই যেতে চাইছেন অনেক ক্যালিফোর্নিয়াবাসী। এ অঙ্গরাজ্যে ভোটে জিতেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন।
যুক্তরাষ্ট্র থেকে বের হয়ে যাওয়ার এ আওয়াজ পরিচিতি পেয়েছে ‘ক্যালেক্সিট’ নামে। ক্যালিফোর্নিয়া আর ইংরেজি ‘এক্সিট’ (বের হওয়া) শব্দ জুড়েই ক্যালেক্সিট। তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশাল প্রতিষ্ঠানগুলোর জন্য বিখ্যাত সিলিকন ভ্যালি এ অঙ্গরাজ্যেই। এ শিল্পের অনেক কর্ণধার একই দাবি তুলেছেন। ‘ইয়েস ক্যালিফোর্নিয়া ইনডিপেনডেন্স ক্যাম্পেইন’ নামে একটি গোষ্ঠী গতকাল বুধবার থেকে এ প্রচার শুরু করেছে জোরেশোরে।
এবারের নির্বাচনে পরাজিত হলেও ক্যালিফোর্নিয়ার অধিবাসীদের সরাসরি ভোটে জিতে সেখানকার ৫৫টি ইলেক্টোরাল কলেজ ভোটই পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন। তিনি সেখানে ভোট পেয়েছেন ৬১ শতাংশ।
ইয়েস ক্যালিফোর্নিয়া গোষ্ঠীর ভাইস প্রেসিডেন্ট মার্কোস রুইজ ইভানস বলেন, ‘এই অঙ্গরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার আর সমন্বয় হচ্ছে না। অঙ্গরাজ্য থেকে কেন্দ্রকে যে পরিমাণ অর্থ দেওয়া হচ্ছে সে তুলনায় এর অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে না।’
ইয়েস ক্যালিফোর্নিয়ার সদস্যরা বিক্ষোভ করে যুক্তরাষ্ট্র থেকে আলাদা হওয়া নিয়ে ২০১৯ সালে বিশেষ নির্বাচনের দাবি জানিয়েছে। তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের ষষ্ঠ বৃহৎ অর্থনীতির অঞ্চল ক্যালিফোর্নিয়া অর্থনৈতিক শক্তি হিসেবে ফ্রান্সের চেয়ে শক্তিশালী। এর জনসংখ্যা পোল্যান্ডের চেয়ে বেশি।
সংগঠনটির প্রধান লুইস ম্যারিনেলি বলেছেন, অঙ্গরাজ্যের প্রচুর মানুষ তাঁদের কাছে চিঠি পাঠাচ্ছেন। অনেকেই স্বাধীনতার জন্য গণভোট চেয়ে অনলাইনে আবেদন করার দাবি তুলেছেন।
গত জুন মাসে ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্যের গণভোটের পর অনেক লন্ডনবাসীও আলাদা স্বাধীন রাষ্ট্র করার দাবি জানিয়েছিলেন। দেশের অন্য কিছু অঞ্চলের বিপরীতে লন্ডনের বেশির ভাগ বাসিন্দা ইউরোপীয় ইউনিয়নে থেকে যাওয়ার পক্ষে মত দেন।