স্বাধীনতা দিবসে নিউইয়র্কে থাকছে দিনব্যাপী কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কর্মসূচিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করা হবে নিউইয়র্কে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এসব কর্মসূচি পালিত হবে।
৩ মার্চ জ্যাকসন হাইটসের একটি স্কুলে মহান স্বাধীনতা দিবস পালন উদ্‌যাপন কমিটির আহ্বায়ক তাজুল ইমাম দিবসটি পালনের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ, বর্ণাঢ্য প্যারেড, মুক্তিযোদ্ধা সম্মাননা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী ও প্রবাসের মুক্তিযোদ্ধা এবং একাত্তরের মার্কিন সহযোদ্ধাদের স্মৃতিচারণা, স্বাধীনতার কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্‌যাপন কমিটির অপর সদস্যদের মধ্যে সউদ চৌধুরী, হাসান ফেরদৌস, ফেরদৌস সাজেদীন, ফাহিম রেজা নূর, আদনান সৈয়দ, সেমন্তী ওয়াহেদ, তানভীর রাব্বানী, ওবায়দুল্লা মামুন, মোশাররফ হোসেন, রানু ফেরদৌস, নাসরীন চৌধুরী, সাবিনা হাই উর্বি, মনজুর কাদের, মিশুক সেলিম, রুশো, বিশ্বজিৎ সাহাসহ আরও অনেকে দিবসটি পালন নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন।
সভায় সর্বসম্মতভাবে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে বেলা ১১টা থেকে শিশু ও কিশোরদের মধ্যে মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন প্রতিযোগিতা। মুক্তিযুদ্ধের ওপর রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বাংলা ও ইংরেজির যেকোনো ভাষায় বেলা সাড়ে ১১টার মধ্যে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় জমা দিতে আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া থাকছে শিশু-কিশোরদের জন্য যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা। এ জন্য মুক্তিযোদ্ধা সাজিয়ে সন্তানদের প্যারেডে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন কমিটির আহ্বায়ক তাজুল ইমাম। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের আত্মপরিচয়ের আয়না। ভবিষ্যৎ বংশধরদের এই গৌরব কাহিনির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া একান্ত কর্তব্য। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে।’
নিউইয়র্কের সাংস্কৃতিক সংগঠনগুলোকে মুক্তিযুদ্ধের ওপর গান, আলেখ্য অথবা নৃত্যানুষ্ঠান করার জন্য আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে দায়িত্বে রয়েছেন তাজুল ইমাম ও সউদ চৌধুরী।
৪৬তম স্বাধীনতা দিবস উপল‌ক্ষে ৪৬ জন কবি ও আবৃত্তিকার স্বাধীনতার কবিতা পাঠ করবেন। এর দায়িত্বে রয়েছেন মনজুর কাদের। এ ছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় চিত্র প্রদর্শনী হবে। এর দায়িত্বে রয়েছেন গোপাল সান্যাল। প্রবাসের শিল্পীরা পরিবেশন করবেন মুক্তিযুদ্ধের গান।
সকাল ৯টা থেকেই আহ্বায়ক, মুক্তিযোদ্ধা, চারুশিল্পী ও গায়ক তাজুল ইমামের তত্ত্বাবধানে শুরু হবে ডাইভার্সিটি এলাকার সাজসজ্জা। চারুশিল্পীরা তাঁদের মনের মতো করে সাজিয়ে তুলবেন স্বাধীনতা দিবস পালনের প্রাঙ্গণ। এ বছর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে স্বাধীনতা দিবস প্যারেড। এ প্যারেড হবে গত বছরের চেয়ে ভিন্ন। প্যারেডে থাকবে বাংলাদেশের স্বাধীনতার পতাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের একটি দল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে থাকবে শিশু-কিশোরদের আরেকটি দল। ঢোল ও বাদ্যযন্ত্র নিয়ে থাকবে শিল্পীদের একটি দল। প্যারেডের শুরুতে থাকছে বিশাল আকৃতির একটি শাপলা ফুল। ৪৬তম স্বাধীনতা দিবসে ৪৬টি বেলুন ওড়ানো ছাড়াও দিনব্যাপী ডাইভার্সিটি প্লাজায় একখণ্ড বাংলাদেশ সাজিয়ে তোলার প্রস্তুতি চলছে বলে আহ্বায়ক তাজুল ইমাম জানান।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর সেনানীরা ছাড়াও বাংলাদেশের রাষ্ট্রদূত, স্থায়ী প্রতিনিধি, কনসাল জেনারেল ও একাত্তরের মার্কিন সহযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে। গত বছরের মতো এবারও নিউইয়র্কের সব রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনগুলোর নাম অন্তর্ভুক্ত হবে ইংরেজি বর্ণমালা অনুসারে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাসী সবাই এর সঙ্গে সম্পৃক্ত হতে পারবে। যাঁরা যুক্ত হবেন তাঁরা এর গর্বিত অংশীদার হিসেবে মঞ্চের পেছনের ব্যাকড্রপে তাঁদের নাম অন্তর্ভুক্ত হবে বলে সিদ্ধান্ত হয়েছে। আগ্রহী ব্যক্তিদের ২০ মার্চের মধ্যে 646-286-1602 এবং 34-656-5106 নম্বরে অথবা [email protected] <mailto:[email protected]> এ নাম নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি