স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি
বাংলাদেশে যেকোনো নির্বাচনের সময় মানুষ মরবে। হানাহানি হবে। একদল আরেক দলকে আহত করবে। এসবই যেন চিরায়ত নিয়ম। এ সময়ের মৃত্যুকে ধরেই নেওয়া হয় নির্বাচনকালীন দুর্ঘটনা। যার জন্য কোন বিচার আশা করাও যেন নিয়মের বাইরে গিয়ে কিছু চাওয়া।
এবারে নির্বাচনকালীন হতাহতের সংখ্যা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। বিরোধী দলকে বলতে গেলে রাস্তায় নামতে দেওয়া হয়নি। বিরোধী শিবিরের নেতা থেকে কর্মী এমনকি নারী প্রার্থী—কেউই মার থেকে রেহাই পাননি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব সর্বত্রই হামলার ভিডিও আমরা দেশের বাইরে বসে দেখছি। এখন অবস্থা এমন হয়েছে, নিজের চোখ ও কানকেও অবিশ্বাস করতে হচ্ছে।
নির্বাচনী তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে দুটি লাশ পড়েছে খোদ রাজধানীতে। আহত হয়েছে শতাধিক। দুপক্ষের মারমুখী পাল্টাপাল্টি ধাওয়া। বিরামহীন ইটপাটকেল নিক্ষেপে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে দেখেছি আমরা। সারা দেশেই নির্বাচন নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত। শুধু মানুষই মরছে। আহতের সংখ্যা আমরা হিসেবেই আর আনি না।
আধিপত্য বিস্তার আর নির্বাচনী সহিংসতার জের ধরেই সব খুনের তালিকা করা হয়। সবাই দেখল, সরাসরি পুলিশের ওসি গুলি করেছেন একজন প্রার্থীকে। যেখানে পুলিশ সরাসরি এসব কাজে জড়িত, সেখানে মানুষ কার কাছে যাবে বিচারের জন্য? এমন অসংখ্য ঘটনা এখন প্রতিদিন ঘটছে। যাকে সংবাদমাধ্যম এক কথায় বলছে নির্বাচনকালীন সহিংসতা।
ইলেকশন কমিশন তো (ইসি) বলেই দিয়েছে, এসব মারামারি নির্বাচনীয় সংস্কৃতির অংশ। নির্বাচনের সময় পুলিশ থাকে ইসির নিয়ন্ত্রণে। সেখানে ইসি নিজেই বলছেন পুলিশ তাদের কথা শুনছে না। বর্তমান সব খুনোখুনিকে আমরা নির্বাচনী লেন্সে দেখছি। তাই এসবের কোন বিচার হবে না!
কত বছর হয় কিশোর ত্বকী হত্যার? আমাদের স্মৃতিতে ত্বকীর নিষ্পাপ মুখটি জ্বলজ্বল করলেও তার হত্যাকাণ্ডের বিচার থেমে আছে। কোন অদৃশ্য শক্তিতে আটকে আছে সাগর রুনির বিচার?
কুমিল্লার নাট্যকর্মী কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার পর ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল। তখন আশা জেগেছিল, অপরাধী বা অপরাধীরা যতই শক্তিশালী হোক তারা ধরা পড়বে এবং বিচার হবে। কক্সবাজারের আকরামের মেয়েদের কান্না দেশ-বিদেশের বাঙালির বুক ভারী করেছিল। কই তারও তো কোন বিচার হলো না। কখনো কখনো এ দেশে বিচারের বাণী নীরবে-নিভৃতে কাঁদে না। দেশে বিচার যে নেই, তা নয়। অনেক মামলার বিচার হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়ে রায় কার্যকর হয়েছে। ২১ আগস্ট বোমা হামলার বিচারও হয়েছে। খালেদা জিয়ার এতিমের টাকা মেরে খাওয়ার সাজাও খুব জলদি হতে দেখলাম। এসব বিচারকে আমরা রাজনৈতিক লেন্স দিয়ে দেখছি। তাই এসবের মধ্যে কোন ভুল দেখি না।
ঈদে বাড়ি ফেরা মানুষকে অনিয়ন্ত্রিত, উচ্ছৃঙ্খল যাত্রা পথের জন্য তাদের কারও কারও আনন্দ পর্ব হয়ে যায় শোক পর্ব। শুধু ত্রুটিপূর্ণ ও উচ্ছৃঙ্খল যোগাযোগ ব্যবস্থা এসব অপমৃত্যুর জন্য দায়ী। শুধু উৎসবে কেন, বছরের প্রায় সব সময়ই সড়ক দুর্ঘটনা সবচেয়ে বড় মহামারি বাংলাদেশের জন্য। এই মহামারি প্রকৃতির দান নয়। এটা মানবসৃষ্ট। কতকগুলো অদক্ষ, উচ্ছৃঙ্খল চালক দুর্ঘটনার জন্য বিশেষভাবে দায়ী। আমরা ইচ্ছা করলে এই মহামারি নিয়ন্ত্রণ করতে পারি। শুধু সড়ক পথে নয়, নৌপথেও একই অবস্থা। কেউ এই সব অপমৃত্যুর দায় নেয় না। ১০–২০ বিশ হাজার টাকা হয়তো কোন কোন পরিবারের কপালে জোটে। এসব অপমৃত্যুতে একটি পরিবার ধ্বংস হয়ে যায়। অথচ এটা আমাদের কাছে কোন ব্যাপারই না। এসবকে আমরা অপমৃত্যুর লেন্স দিয়ে দেখছি। কোন দিন এসবের বিচার হয় না।
পার্বত্য শান্তিচুক্তির ২০ বছর পার হলেও পার্বত্য অঞ্চলে চলছে হত্যাকাণ্ড। পাহাড়ে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা নাইবা নিলাম। ২০১৮ সালেই তিন পার্বত্য জেলায় ৪৮ জন নিহত হয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে শতাধিকের বেশি। পুলিশের ভাষ্যমতে, আধিপত্য বিস্তারের দ্বন্দ্বেই পাহাড়ে হামলা-পাল্টা হামলা হয়। এখানেও আমরা বিচার না করার জন্য সব ধরনের মৃত্যুকে আধিপত্য বিস্তার নামক আজগুবি লেন্স দিয়ে দেখছি। যাতে করে মৃত্যু এবং খুনোখুনিকে হালকা চোখে দেখা যায়।
আমাদের সব ধরনের অনুভূতি দিন দিন ভোঁতা হয়ে যাচ্ছে। চোখের সামনে মৃত্যু দেখে দেখে আমাদের আর মৃত্যুর জন্য দুঃখ বোধ হয় না। চোখের সামনে অন্যায় হতে দেখলে আমাদের আর খারাপ লাগে না। পত্রিকায় অনাকাঙ্ক্ষিত কোন ঘটনার সংবাদ পড়লে আমাদের মন আর আলোড়িত হয় না। কোন কিছুতেই আর কোনো কিছু হয় না। কোন কোন ঘটনায় আমাদের মনে সামান্য প্রভাব ফেললেও কিছুদিন পর অন্য ঘটনা এসে আগেরটা মুছে দিচ্ছে। আমাদের স্বাভাবিক কাজকর্মের কোন ব্যাঘাত সৃষ্টি হয় না। আমরা দিন দিন যান্ত্রিক হয়ে যাচ্ছি। আমরা এসবকে অন্যায় বলতে শিখছি না। এসবের বিচার হবে না, তা আমাদের মগজে ঢুকে গেছে। তাই কেউ বিচার চাইতে যায় না। আমরা ধরেই নিয়েছি, আজকে ও মরছে, কাল হয়তো আমি মরব এবং এটাও খুবই স্বাভাবিক। আমরা এ ধরনের মৃত্যুকে দুর্ঘটনার লেন্স দিয়ে দেখছি।
মান্না দে’র বিখ্যাত গান মনে পড়ে যায়। তিনি গেয়েছেন ‘মানুষ খুন হলে পরে মানুষে তার বিচার করে। হয় না খুনির মাফ। তবে কেন পায় না বিচার নিহত গোলাপ?’ গোলাপ প্রেমিক মান্না দে বৃন্ত ছিঁড়ে আনা নিহত গোলাপের বিচার চেয়েছেন। এমন করেই পদ্মাসহ নিহত সব নদী হত্যার বিচার চেয়েছিলেন মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানী। এ বিচার ছিল বাঁচার অধিকার ছিনিয়ে নেওয়ার বিচার। মানবাধিকার লঙ্ঘনের বিচার। বাংলাদেশের অস্তিত্ব ধ্বংস করার বিচার। অধিকারের দাবি নীরবে-নিভৃতে শুধু কেঁদে ফিরছে। প্রতিবাদের কণ্ঠ আজ নির্বাক থেমে গেছে শাসকদের বুটের তলায়। লেখকে কলম থেমে গেছে দলীয় ভাবাদর্শের পদতলে। প্রতিরোধের বাণী আটকে গেছে অসুরের বেড়াজালে। প্রতিরোধের বাহু পেশিহীন দুর্বল। আজ প্রয়োজন বলিষ্ঠ এক নেতৃত্বের যাতে করে মানুষ পাবে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি।