স্বাভাবিক হচ্ছে পেন স্টেশন
আগামী ৫ সেপ্টেম্বর থেকে স্বাভাবিক হচ্ছে পেন স্টেশন। ফলে ভৌত অবকাঠামো পরিবর্তন ও মেরামতের জন্য বন্ধ থাকা এমট্র্যাক, নিউজার্সি ট্রানজিট ও লংআইল্যান্ড রেলরোড (এলআইআরআর) প্রভৃতি রুটের ট্রেন আবার স্বাভাবিকভাবে চলাচল করবে। ২৪ আগস্ট এমট্র্যাক কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।
এমট্র্যাক সংস্থা পেন স্টেশনের ২১ ট্র্যাকের মালিক। গত ১০ জুলাই এ ট্র্যাকের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সংস্কারকাজ শুরু হয়। দুই মাসব্যাপী এ সংস্কার কার্যক্রমের প্রথম সাত সপ্তাহে হাডসন নদীর তলদেশে নির্মিত টানেল এবং ওয়েস্টসাইড ইয়ার্ড ও পেন স্টেশনের প্ল্যাটফর্মের সঙ্গে সংযোগকারী ট্র্যাক পুনঃসংযোজন ও মেরামত করা হয়। এ সময় এমট্র্যাক, নিউজার্সি ট্রানজিট ও লংআইল্যান্ড রেলরোডের চলাচলকারী ট্রেনগুলোর টাইমটেবল সমন্বয় করা হয়। এতে বেশ ভোগান্তিতে পড়তে হয় নিয়মিত যাত্রীদের। এ সময়ের মধ্যে এমটিএ (মেট্রোপলিটন ট্রানজিট অথোরিটি) লং আইল্যান্ড রেলরোডের যাত্রীদের জন্য বিকল্প স্টেশনে যাওয়ার জন্য কম ভাড়ায় অস্থায়ী বাস ও ফেরি সার্ভিসের ব্যবস্থা করে। ১ সেপ্টেম্বর এ কার্যক্রম সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ক এক বিবৃতিতে সংস্থাটির চেয়ারম্যান জো লোথা দুই মাস ধরে ধৈর্য ধারণ করে পুনঃসংযোজন ও মেরামত কাজে সহযোগিতা করার জন্য যাত্রীসাধারণকে ধন্যবাদ জানান।
এমট্র্যাক জানায়, পেন স্টেশন থেকে মরিস ও এসেক্স লাইনগুলোর ট্রেন ৫ সেপ্টেম্বর যাতায়াত শুরু করবে। এসব ট্রেন হোবোকিনের দিকে ঘুরিয়ে দেওয়া হবে না। হোবোকিনে চলাচল করবে নর্থ নিউজার্সি কোস্ট লাইনের ট্রেন। একই দিন থেকে এমটিএ প্রদত্ত কম ভাড়ায় যাতায়াত সুবিধার ইতি ঘটবে। মরিসটাউন, ম্যাডিসন, সামিট, ম্যাপলউড, সাউথ অরেঞ্জ ও নিউ ব্রড স্ট্রিট ইত্যাদি এলাকা থেকে পোর্ট অথোরিটিগামী এক্সপ্রেস বাসের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।